Tag Archives: নিখোঁজ

নাঙ্গলকোটে বৃদ্ধকে পৌঁছে দিয়ে ফেরার পথে বন্যার পানিতে এক জনের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার নাঙ্গলকোটে নৌকায় করে অসুস্থ বৃদ্ধকে পৌঁছে দিয়ে ফেরার পথে বন্যার পানিতে ডুবে সিরাজুল হক (৬৫) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

আজ সোমবার দুপুরে তার লাশ উদ্ধার করে ডুবুরিদল। সিরাজুল উপজেলার ঢালুয়া ইউপির গোরকমুড়া গ্রামের বাসিন্দা।

জানা যায়, স্মরণকালের ভয়াবহ বন্যার কবলে কুমিল্লার নাঙ্গলকোটের নদীঅঞ্চলগুলো পানির নিচে তলিয়ে যায়। গতকাল রবিবার বিকেলে গোরক মুড়া থেকে নৌকা দিয়ে অসুস্থ এক বৃদ্ধকে নদী পার করতে যান সিরাজুল হক। এরপর ফেরার পথে পানির স্রোতে নৌকা উল্টে নিখোঁজ হন সিরাজুল। পরে সন্ধ্যার পর থেকে অনেক খোঁজাখুজি করেও পাওয়া যায়নি।

স্থানীয় এক ব্যক্তি জুবায়ের হোসেন বলেন, নিখোঁজ হওয়ার পর আমাদের স্পিডবোটের খুব প্রয়োজন ছিল তাকে উদ্ধার করার জন্য। আমরা স্পিডবোট না পাওয়াতে সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করা সম্ভব হয়নি। পরে রাতে চাঁদপুর থেকে একদল ডুবুরি এনে আজ দুপুর ১২টার দিকে খোঁজাখুঁজি করে সিরাজুল হকের লাশ উদ্ধার করা হয়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুরাইয়া আক্তার লাকী বলেন, বিষয়টি আমি জেনেছি। ওই এলাকার অনেক পানি হওয়ায় তাদের বারবার করে আমরা রিকোয়েস্ট করেছি। আশ্রয় কেন্দ্রে আশ্রয় নিতে কিন্তু তারা নিজেদের ঘরবাড়ি ছেড়ে আসছে না।

বঙ্গোপসাগরে ট্রলার ডুবে শিশুসহ নিহত ৪

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়াতে মালবাহী ট্রলার ডুবে তিন শিশুসহ চার রোহিঙ্গার মৃত্যু হয়েছে। তবে এ ঘটনায় তাৎক্ষণিক ১৭ জনকে জীবিত উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, শিশু আজিজুল হক (২) ও তার ভাই আব্দুল কাদের (৩) ও আছিয়া বেগম (৩) লায়লা বেগম (৪৫) ।

শনিবার (১০ আগস্ট) বেলা ১১টার দিকে ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ভাসানচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, শনিবার সকালে চট্টগ্রাম থেকে ২১জন যাত্রী ও কিছু মালামাল নিয়ে একটি ট্রলার ভাসানচরের উদ্দেশ্যে রওয়ানা দেয়।

যাত্রা পথে মালবাহী ট্রলারটি ভাসানচর থেকে আট নটিকেল মাইল দক্ষিণে বঙ্গোপসাগরের মোহনায় পৌঁছলে ট্রলারের নিচে ছিদ্র হয়ে যায়। এতে ট্রলারটি ডুবে গেলে তিন শিশুসহ এক নারী মারা যায়।

অপর এক প্রশ্নের জবাবে ওসি বলেন, ট্রলারে মাঝি হুমায়ুনসহ ২১ রোহিঙ্গা ছিল। এদের মধ্যে ১৭ জনকে জীবিত উদ্ধার করে কোস্টগার্ড। বাকি তিন শিশু ও এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। তবেএকজন নিখোঁজের কোনো সত্যতা পাওয়া যায়নি। ছোট ছোট এ ট্রলার গুলো দিয়ে চট্রগ্রাম থেকে মালামাল ও যাত্রী আনা নেওয়া করা হয়।

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাসুদ হোসেন:

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (২) ও মো. ইয়ামিন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা আড়াইটা থেকে ৩টার মধ্যে মকিমাবাদ ও কংগাইশ এলাকায় পৃথক এই ঘটনা ঘটে। উভয় শিশুকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুদের মধ্যে রাইসা হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ বেপারী বাড়ীর মোঃ আব্দুর রহিমের মেয়ে এবং ইয়ামিন কংগাইশ এলাকার মোঃ লিটন মিয়ার ছেলে।

রাইসার স্বজনরা জানায়, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সাথে নানার বাড়ীতে থাকতো। দুপুরে বাড়ীর সবার অগোচরে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে তাকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তার বাবার বাড়ী উপজেলার কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।

অপরদিকে ইয়ামিনের স্বজনরা জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। বাড়ীর পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়। দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ।

গোমতী নদীতে গোসলে করতে নেমে নিখোঁজ কিশোর

উপজেলা প্রতিনিধি:

তিতাস উপজেলায় দাদার বাড়িতে বেড়াতে এসে গোমতী নদীতে গোসল করতে নেমে আলিফ ভূইয়া (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

শুক্রবার দুপুর ১২টার দিকে তিতাস উপজেলার ভিটিকান্দি ইউনিয়নের দড়িকান্দি গ্রামের উত্তর পাড়ার পশ্চিম পাশে গোমতী নদীতে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোর আলিফ বৃহস্পতিবারে তার নিজ গ্রাম দড়িকান্দি দাদা মো. সেলিম ভূইয়ার বাড়িতে বেড়াতে আসেন। সে ঢাকা গোড়ানের বাসিন্দা মো. মনিরুল ইসলাম ভূইয়ার ছেলে।

স্থানীয় ইউপি সদস্য মো. সালাউদ্দিন জানান, নিখোঁজ কিশোর দড়িকান্দি গ্রামের সেলিম ভূইয়ার নাতি হয়। তারা সপরিবারে ঢাকায় থাকেন। বৃহস্পতিবারে দাদার বাড়িতে বেড়াতে এসেছিল। শুক্রবার দুপুর আনুমানিক ১২টায় গোমতী নদীতে গোসল করতে নেমে সে নিখোঁজ হয়। ফায়ার সার্ভিস টিম এসে অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছে না। এখন চাঁদপুর থেকে ডুবুরি আসছে, তারাও খুঁজতেছে।

হোমনা ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মাজেদুল ইসলাম জানায়, ছেলেটির এখনো সন্ধান পাইনি। তবে আমাদের উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

নোয়াখালীতে মেঘনা নদীতে ট্রলার ডুবে নিখোঁজ ১, উদ্ধার ৬

ডেস্ক রিপোর্ট:

নোয়াখালী হাতিয়ায় বালুবাহী বলগেটের ধাক্কায় মাছধরা নৌকাডুবির ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় ৬ জেলে জীবিত উদ্ধার হলেও মৃদুল চন্দ্র দাস (২৫) নামে এক জেলে নিখোঁজ হন।

গতকাল রবিবার রাতে উপজেলার নলচিরা ঘাটের পাশে মেঘনা নদীতে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মৃদুল নলচিরা ইউনিয়নের ফরাজি গ্রামের হরি বন্দু দাসের ছেলে।

জীবিত উদ্ধার হওয়া জেলেরা জানান, গতকাল রাতে তারা ‘বেহুন্দি জাল’ বসানোর জন্য নদীতে অবস্থান করছিল। তখন পশ্চিম দিক থেকে আসা একটি বলগেট তাদের নৌকায় ধাক্কা দেয়। এতে নৌকাটি উল্টে যায়।

নৌকায় থাকা ৭ মাঝি মাল্লার মধ্যে ৬ জন সাঁতারে তীরে উঠতে পারলেও একজন নিখোঁজ হন। রাতের অন্ধকারে তাকে তাৎক্ষণিকভাবে খুঁজে পাওয়া যায়নি।

এদিকে, নিখোঁজে জেলের খোঁজে সকাল থেকে স্বজনরা নদীতে তল্লাশি করছে। নৌপুলিশের একটি টিম নদীতে অবস্থান করছে।

এ বিষয়ে নলচিরা নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ অমিত কুমার সাহা বলেন, ‘নিখোঁজ জেলের সন্ধানে কাজ করছে নৌপুলিশের একটি টিম। নদীতে স্রোতের তীব্রতা বেশি থাকায় তাকে খুঁজে পাওয়া যাচ্ছেনা। ইতোমধ্যে ধাক্কা দেওয়া বলগেটটি শনাক্ত করা হয়েছে। নিখোঁজ জেলের পরিবারের অভিযোগের ভিত্তিতে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের চার দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

কুমিল্লা বুড়িচংয়ে নিখোঁজের চার দিন পর অটোচালকের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বুড়িচংয়ে সনজিত চন্দ্র দেবনাথ (৬৫) নামে এক ব্যটারী চালিত অটোচালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার রামপুর পোস্ট অফিস এলাকার সড়কের পাশে একটি ডোবা থেকে মরদেহটি উদ্ধার করে দেবপুর ফাঁড়ি পুলিশ।

নিহত সঞ্জীবচন্দ্র দেবনাথ বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের শাহদৌলতপুর গ্রামের মৃত অধর দেবনাথের ছেলে।

এর আগে ২৫ শে সেপ্টেম্বর সোমবার রাত ৯ টায় ব্যটারী চালিত অটোরিকশা নিয়ে বাড়ী থেকে বের হয়ে নিখোঁজ হয় সনজিত চন্দ্র দেবনাথ।

শুক্রবার দুপুরে স্থানীয়রা রামপুর পোস্ট অফিস এলাকায় ইদ্রিস মিয়ার পুকুরে একটি মরদহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে কল দেয়। পরে দেবপুর পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এস আই) রুহুল আমিন ঘটনাস্থলে উপস্থিত হয়।

পুলিশ কর্মকর্তা রুহুল আমিন জানায়, বিকেল তিনটায় পুকুর থেকে মরদহটি উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা নিহতের পরিচং নিশ্চিত করেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে চার দিন আগে তার মৃত্যু হয়েছে। মরদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার আবুল হাসনাত জানায়, প্রাথমিকভাবে নিহতের শরীরে কোন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এ ঘটনায় বুড়িচং থানায় একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

কুমিল্লায় নিখোঁজের ১০ দিন পর ইটভাটায় মিলল যুবকের লাশ

কুমিল্লায় নিখোঁজের ১০ দিন পর ইটভাটায় মিলল যুবকের লাশ

স্টাফ রিপোর্টার:

কুমিল্লায় নিখোঁজের ১০ দিন পর ইব্রাহিম নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে জেলার আদর্শ সদর উপজেলার নেয়াপাড়া হার্ট ফাউন্ডেশনের পেছনে এমরান ব্রিকস ফিল্ডের পাশ থেকে ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।

নিহত ইব্রাহিম (২৪) আদর্শ সদর উপজেলার দুর্গাপুর উত্তর ইউনিয়নের সাতরা পশ্চিমপাড়া এলাকার রুবেল মিয়ার ছেলে।

নিহতের স্ত্রী মরিয়ম বেগম জানায়, গত ১৩ সেপ্টেম্বর রাতে একই এলাকার শাকিল, মাসুম ও রানার সঙ্গে মাছ ধরতে বাড়ি থেকে বের হন তার স্বামী। রাতে বাড়ি ফিরে না আসায় বিভিন্ন স্থানে তাকে খোঁজাখুঁজি করেও সন্ধান মেলেনি। ১৯ সেপ্টেম্বর কুমিল্লা কোতোয়ালি মডেল থানায় বিষয়টি জানানো হলে পুলিশ সাধারণ ডায়েরি (জিডি) করার পরামর্শ দেন। শুক্রবার বিকালে নেয়াপাড়া এমরান ব্রিকস ফিল্ড সংলগ্ন এলাকায় অজ্ঞাত মরদেহ পাওয়ার খবরে সেখানে ছুটে যান। পরে স্বামীর জামাকাপড় দেখে মরদেহ শনাক্ত করেন।

তিনি আরও জানায়, বেশ কিছু দিন ধরে এলাকার কয়েকজনের সঙ্গে ইব্রাহিমের বিরোধ চলছিল। তাকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়ে থাকতে পারে বলে ধারণা করছেন পরিবারের সদস্যরা।

এ বিষয়ে কোতোয়ালি মডেল থানার ওসি আহমেদ সনজুর মোর্শেদ জানান, এ ঘটনার রহস্য উদ্ঘাটনে কাজ করছে পুলিশ। জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

চান্দিনায় নিখোঁজের পরদিন পুকুরে মিলল মাদ্রাসা ছাত্রের মরদেহ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় ওসমান (১১) নামে এক মাদ্রাসা ছাত্র নিখোঁজের পরদিন বাড়ির পাশের পুকুরে ভাসমান অবস্থায় মরদেহ দেখতে পায় স্থানীয়রা। ওই মাদ্রাসা ছাত্রকে হত্যা নাকি পুকুরের পানিতে ডুবে মৃত্যু তার কোনটিই নিশ্চিত করতে পারেনি কেউ।

বুধবার (২০ সেপ্টেম্বর ) সকাল ৭টায় উপজেলার শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের একটি পুকুর থেকে নিহতের মরদেহ পায় স্বজনরা।

নিহত মাদ্রাসা ছাত্র ওসমান শুহিলপুর ইউনিয়নের শালিখা গ্রামের গাড়ি চালক সালাউদ্দিন সিকদারের ছেলে। সে স্থানীয় একটি মাদ্রাসায় নূরানী বিভাগের ছাত্র।

নিহতের দাদা মোঃ জয়নাল আবেদীন জানান, মঙ্গলবার আছর নামাজের পর থেকে আমার নাতিকে কোথাও খুঁজে পাওয়া যায়নি। তাকে কোথাও খুঁজে না পেয়ে আমার ছেলে (নিহতের পিতা) সালাউদ্দিন’কে ফোন করে বিষয়টি জানালে সে ঢাকা থেকে এসেও অনেক খোঁজাখুঁজি করে। পরদিন সকাল ৭টায় মসজিদের ইমাম গোসল করতে গেলে বাড়ির পাশের একটি পুকুরে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পেয়ে খবর দিলে স্থানীয়দের সহযোগিতায় মরদেহ উদ্ধার করি। পরে পারিবারিক কবরস্থানে দাফন করি।

স্থানীয় একাধিক বাসিন্দা জানান, গ্রামের ১১ বছরের একটি ছেলে পুকুরের পানিতে ডুবে মৃত্যু ঘটবে বিষয়টি বিশ্বাস যোগ্য নয়। কারণ হিসেবে উল্লেখ করে বলেন, যেহেতু বিকাল থেকে তাকে পাওয়া যায়নি সেহেতু ওই সময়ে গোসল করারও সময় না। তবে কিভাবে তার মৃত্যু ঘটেছে বিষয়টি খতিয়ে দেখা প্রয়োজন।

শুহিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক জানান, বিষয়টি আমি শুনেছি মঙ্গলবার ছেলেটির সন্ধান পাওয়া যায়নি। সকালে পাড়ির পাশের একটি পুকুর থেকে তার লাশ উদ্ধার করেছে স্বজনরা। তবে প্রকৃত ঘটনা কি তা সঠিক বলতে পারবো না।

এ বিষয়ে চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দিন খাঁন জানান, ঘটনাটি শুনেছি। পরিবারের পক্ষ থেকে কেউ কোন অভিযোগ করেনি। তারপরও বিষয়টি তদন্ত করা হচ্ছে।

নিখোঁজের দুইদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

নিখোঁজের দুইদিন পর মাদরাসা ছাত্রের মরদেহ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার বরুড়া উপজেলায় নিখোঁজের দুইদিন পর মাদরাসা ছাত্র ইব্রাহীমের মরদেহ উদ্ধার করা হয়েছে। তাকে পরিকল্পিতভাবে হত্যা করে মাটি চাপা দিয়ে রাখা হয়েছিল।

বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার ভবানীপুর ইউনিয়নের পোমতলা এলাকার একটি পরিত্যক্ত বাড়ি থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে।

নিহত ইব্রাহীম বরুড়া পৌর এলাকার পাঠান পাড়া এলাকার প্রবাসী মাসুদের ছেলে।

ইব্রাহীম গত সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় মাদরাসা থেকে বাড়ি ফেরার পথে হারিয়ে যায়। নিখোজের দুইদিন পর তার মরদেহ পুলিশ উদ্ধার করে।

এ বিষয়ে বরুড়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন জানান, শিশুটির চাচাতো ভাই তাকে হত্যা করে মাটি চাপা দিয়ে রেখেছিল। আমরা আজ তার মরদেহ উদ্ধার করেছি। ঘাতককে আমরা সনাক্ত করেছি। গ্রেফতার অভিযান চলছে।

নিখোঁজ কমেডি অভিনেতা শামীম আহমেদ

 

বিনোদন ডেস্কঃ

ছোট পর্দার অভিনেতা শামীম আহমেদকে শুক্রবার (১৯ মার্চ) থেকে পাওয়া যাচ্ছে না৷ শুটিংয়ের জন্য গাজীপুর গিয়ে আর বাড়ি ফিরেননি তিনি৷ তার সন্ধান না পেয়ে আতঙ্কে আছেন পরিবার।

শামীম আহমেদের স্ত্রী আশামনি জানান, তিনি থানাতেও খোঁজ নিয়েছেন। সেখানেও সন্ধান পাননি।

আশামনি বলেন, ‘গত ১৪ মার্চ ভোরে শুটিংয়ের জন্য গাজীপুরের উলুখোলায় যান শামীম আহমেদ। ১৪ ও ১৫ মার্চ সেখানে শুটিং করেছেন বলে আমাদের জানিয়েছেন। ১৬ মার্চ সকালে সেখান থেকে সিলেটে গিয়েছেন বলে জানান। এরপর ১৯ মার্চ রাতে আমাকে অন্য আরেকটি নাম্বার থেকে কল দিয়ে জানান, তার ফোন কারা যেন ছিনিয়ে নিয়েছে।

সিলেটে কোথায় যেন শুটিং করতে যাওয়ার পর বাধার মুখে ওখানকার মানুষ তার ফোন নিয়ে গেছে। তিনি বাসে করে ঢাকায় আসছেন, বাসে তার পাশের সিটে থাকা যাত্রীর ফোন থেকে কল দিয়েছেন আমাকে।

এরপর থেকে আর আমরা তার সঙ্গে যোগাযোগ করতে পারছি না।’

‘ওই যাত্রীকে কল দেওয়া হলে তিনি জানান, বাস থেকে টঙ্গীতে তিনি নেমে গিয়েছেন আর কিছু জানেন না’- যোগ করেন আশামনি।

তিনি আরও জানান, আত্মীয়-স্বজন এবং বন্ধুসহ সবার বাসায় খোঁজ করা হয়েছে। কোথাও যাননি শামীম। কাদের সঙ্গে শুটিং করেছিলেন সেই তথ্যও জানা নেই তাদের।

স্বামীকে নিয়ে ভিষণ দুশ্চিন্তায় দিন কাটাচ্ছেন আশামনি। তিনি নাটক সংশ্লিষ্ট সংগঠনগুলোর দৃষ্টি আকর্ষণ করেছেন।

১৯৯৯ সালে ‘বন্ধন’ ধারাবাহিক দিয়ে অভিনয়ে নাম লেখান শামীম আহমেদ। এরপর থেকে তিনি কমেডি অভিনেতা হিসেবে জনপ্রিয়তা নিয়ে কাজ করে যাচ্ছেন।

স্ত্রী সন্তান নিয়ে শামীম আহমেদ ঢাকার মালিবাগে থাকেন। তার একটি ছেলে ও দুইটি মেয়ে রয়েছে।