Tag Archives: নির্বাচন

বিএনপিকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চাই: তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগ বিএনপিকে সঙ্গে নিয়ে নির্বাচন করতে চায় জানিয়ে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, ‘নির্বাচন কমিশনের শিডিউলের মধ্যে তারা এলে তাদের নিয়েই নির্বাচন হবে।’

রোববার (১২ নভেম্বর) সচিবালয়ে একটি বইয়ের মোড়ক উন্মোচন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রী এ কথা বলেন।

দেশ কি বিএনপিকে ছাড়া নির্বাচনের দিকে যাচ্ছে, নাকি আপনারা শেষ পর্যন্ত বিএনপির অংশগ্রহণের জন্য অপেক্ষা করবেন? এমন প্রশ্নের জবাবে হাছান মাহমুদ বলেন, ‘আমরা চাই বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করুক। তাদের এত জনপ্রিয়তা তারা বলেন, সেটি যাচাই করুক। তাদের এত উদ্যোগী কর্মী যারা ২০ মিনিটে ময়দান ছেড়ে চলে গেছেন, তারা কতটুকু নামে আমরা একটু দেখি। তাদের এত জাদরেল নেতা, পুলিশের আওয়াজে- কোনো গুলি হয়নি, কোনো টিয়ারগ্যাসও (নিক্ষেপ) হয়নি, ছোটবেলায় যে বড় বাজি ফোটাতাম সেই বাজির আওয়াজ হয়েছে, সেই আওয়াজে মঞ্চ ছেড়ে চলে গেলেন। তারা নির্বাচনে আসুক, এসে দেখুক তাদের কতটুকু জনপ্রিয়তা। কর্মীরা কতটুকু নামে, এই নেতাদের ওপর কতটুকু আস্থা রাখে। আমরা চাই তাদের সঙ্গে নির্বাচন করতে। নির্বাচনের শিডিউলের মধ্যে তারা এলে তাদের নিয়েই নির্বাচন হবে।’

যদি তারা না আসে? এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে মন্ত্রী বলেন, ‘আমি মনে করি দেশে গণতন্ত্রের অভিযাত্রা অব্যাহত রাখার জন্য নির্বাচন হতে হবে। কোনো একটি দল না এলেও আরও অনেক দল তো অংশগ্রহণ করবে। জনগণের ব্যাপক অংশগ্রহণ থাকবে। একটি অবাধ, সুষ্ঠু ও আন্তর্জাতিকভাবে গ্রহণযোগ্য নির্বাচন হবে।’

তথ্যমন্ত্রী বলেন, ‘যেখানে শেখ হাসিনার নেতৃত্বে দেশের প্রতিটি শহর প্রতিটি গ্রাম বদলে যাচ্ছে, অন্যদিকে দেশ ধ্বংসের জন্য পেট্রোলবোমা নিক্ষেপ করা হচ্ছে জনগণের ওপর, জনগণের গাড়ি-ঘোড়ার ওপর এবং তারা কোনো উন্নয়ন দেখতে পায় না।’

সবাই মিলে সোচ্চার হয়ে এগুলো বন্ধ করতে হবে বলে মনে করেন মন্ত্রী।

অবরোধ ডেকে আগের দিনই বিএনপি হামলা চালাচ্ছে জানিয়ে মন্ত্রী বলেন, ‘এটি কি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে? এগুলোকে সন্ত্রাসী কর্মকাণ্ড বললেও কম বলা হয়।’

‘তারা রাস্তায় নেমে এসে ব্যারিকেড দিক। আমরা অবরোধ দেখেছি, আপনারা পালন করুন। সেটি তো তারা করে না, চোরাগোপ্তা হামলা চালায়। এটি কোনো রাজনৈতিক দলের কর্মসূচি হতে পারে না।’ বলেন হাছান মাহমুদ।

বিএনপির আন্দোলন কর্মসূচি নিয়ে জাতিসংঘের বিবৃতির বিষয় দৃষ্টি আকর্ষণ করলে তথ্যমন্ত্রী বলেন, ‘হ্যাঁ, তাদের (বিএনপি) আন্দোলন করার অধিকার আছে। সরকারের পদত্যাগ চাওয়ার অধিকার আছে, আমার পদত্যাগ চাওয়ার অধিকার আছে। সেই অধিকার মানে তো গাড়ি-ঘোড়া পোড়ানো নয়। এটিকে কেউ সমর্থন করেনি, করে না। ইউরোপিয়ান পার্লামেন্টের অনেকে তাদের এ কর্মকাণ্ডকে কনডেম করেছে। তারা অনেককে নানাভাবে বিভ্রান্ত করার চেষ্টা করেছে। তাদের এই কর্মকাণ্ডকে কেউ সমর্থন করে না করতে পারে না।’

যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বৈঠকের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে হাছান মাহমুদ বলেন, ‘ভারতে যে বৈঠকটি হয়েছে সেটি ভারত এবং যুক্তরাষ্ট্রের মধ্যে। সেই বৈঠকের বিষয় একান্তই তাদের। সেখানে কী আলোচনা হয়েছে সেটি পত্রপত্রিকায় এসেছে। ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের নির্বাচন, উন্নয়ন- এটি বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়। অবশ্যই ভারত যেটি বলেছে, যথার্থ বলেছে। বাংলাদেশের জনগণের ঠিক করবে নির্বাচনের মাধ্যমে কারা ক্ষমতায় আসবে।’

জাতিসংঘের মানবাধিকার কমিশন খালেদা জিয়ার মুক্তি চেয়েছে- এ বিষয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘খালেদা জিয়ার মুক্তি সরকারের হাতে নেই। খালেদা জিয়ার মুক্তি আইনের হাতে, আদালতের হাতে। সরকার চাইলেই তো মুক্তি দিতে পারবে না। সরকারের কাছে যেটুকু ক্ষমতা ছিল সেটা দিয়ে তার সাজা স্থগিত রেখে তাকে ঘরে থাকার ব্যবস্থা সরকার করে দিয়েছে, বাকিটা আদালতের বিষয়।’

বিএনপি নির্বাচন করতে দেবে না বলে ঘোষণা দিয়েছে- এ বিষয় দৃষ্টি আকর্ষণ করলে তথ্য ও সম্প্রচারমন্ত্রী বলেন, ‘নির্বাচনে যাওয়া না যাওয়া সেটি যেকোনো রাজনৈতিক দলের অধিকার আছে। কিন্তু নির্বাচন প্রতিহত করার এখতিয়ার কারো নেই। নির্বাচন প্রতিহতের কথা বলা মানেই দেশবিরোধী ও গণতন্ত্রবিরোধী কথাবার্তা। সুতরাং দেশবিরোধী, গণতন্ত্রবিরোধী বক্তব্য যারা রাখবে কিংবা অপচেষ্টা চালাবে, তাদের বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে আমরা আওয়ামী লীগের পক্ষ থেকে প্রতিরোধ গড়ে তুলবো। সরকার, জনগণ, রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে গণতন্ত্রের অভিযাত্রাকে অব্যাহত রাখা। সেজন্য যা কিছু করা প্রয়োজন, সেগুলো করা হবে।’

‘তাদের (বিএনপি) উদ্দেশ্যে স্পষ্ট। দেশে একটি বিশেষ পরিস্থিতি তৈরি করতে চায়। স্বপ্ন দেখতে দেখতে ১৫ বছর কেটেছে, আগামী কত বছর কাটবে জানি না।’ যোগ করেন মন্ত্রী।

নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা তৃণমূল বিএনপির

ডেস্ক রিপোর্ট:

আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছে তৃণমূল বিএনপি। বুধবার রাজধানীর জাতীয় প্রেসক্লাবে এক যোগদান অনুষ্ঠানে এই ঘোষণা দেন দলটির চেয়ারম্যান শমসের মুবিন চৌধুরী।

তিনি বলেন, আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেব। তিনশ আসনেই প্রার্থী দেওয়ার চেষ্টা করছি।

শমসের মুবিন বলেন, তৃণমূল বিএনপি দলীয় নিয়ম নীতি মেনে পরিচালিত হবে। প্রাইভেট কোম্পানি হবে না। তৃণমূল বিএনপি হবে বাংলাদেশের তৃণমূল কংগ্রেস।

তিনি বলেন, আমরা জ্বালাও-পোড়াও রাজনীতিতে বিশ্বাস করি না। আমরা সুষ্ঠু রাজনীতিতে বিশ্বাস করি। আমরা হত্যার রাজনীতি সহিংসতাকে সমর্থন করি না। সুষ্ঠু রাজনীতি হবে সুশাসনের ভিত্তি। নির্বাচনে কমিশনকে যে ক্ষমতা দেওয়া হয়েছে তারা তা অক্ষরে অক্ষরে পালন করবে, এটা আমাদের দাবি।

তৃণমূল বিএনপির চেয়ারম্যান আরও বলেন, তৃণমূল বিএনপিকে এমনভাবে সংগঠিত করতে চাই যাতে করে শুধু রাজনীতি নয়, বরং স্থানীয় পর্যায়ে জনগণের বিভিন্ন সমস্যা সমাধান করে জনগণের আকাঙক্ষার প্রতিফলন ঘটবে।

এর আগে সারাদেশ থেকে বিভিন্ন রাজনৈতিক দলের বেশ কিছু নেতাকর্মী, অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা, আইনজীবী আনুষ্ঠানিকভাবে তৃণমূল বিএনপিতে যোগ দেন।

এ সময় তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন।

আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন চাইলে বিএনপি এমন সন্ত্রাস করত না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেছেন, বিএনপির লক্ষ্য নির্বাচনকে বানচাল করা, অংশ নেওয়া নয়। বিএনপির অবরোধ থেকে দেশের স্থাপনা রক্ষায় দলীয় নেতাকর্মীদের সতর্ক পাহরায় থাকার নির্দেশও দেন তিনি।

রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউয়ে সোমবার সকালে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের সঙ্গে ঢাকা মহানগর, সহযোগী সংগঠন ও নির্বাচিত দলীয় জনপ্রতিনিধিদের মতবিনিময় সভায় এ নির্দেশনা দেন ওবায়দুল কাদের।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আশা প্রকাশ করে বলেন, দেশের বর্তমান অবস্থার নিরিখে আগামী জাতীয় নির্বাচনেও তার দল আওয়ামী লীগ বিপুল ভোটে বিজয়ী হয়ে টানা চতুর্থবারের মতো ক্ষমতায় যাবে।

২৮ অক্টোবর শত উসকানি সত্ত্বেও শান্তি ও উন্নয়ন সমাবেশ সফলভাবে সম্পন্ন করায় দলীয় নেতাকর্মীদের ধন্যবাদ জানান ওবায়দুল কাদের। বলেন, ২৮ অক্টোবর দলীয় নেতাকর্মীদের মধ্যে ভিক্টরি মনোভাব দেখেছি, এটাই আমাদের বিজয়। এটাই বিরোধীদের ব্যর্থ আন্দোলনের বিরুদ্ধে নির্বাচনমুখী আমাদের বিজয়ের অভিযাত্রা।

এ সময় দলের ভেতরে শৃঙ্খলা রক্ষায় গুরুত্বারোপ করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক ও আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, মাহবুব উল আলম হানিফ ও আ ফ ম বাহাউদ্দীন নাছিমসহ আওয়ামী লীগের সম্পাদকমণ্ডলী, ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও সহযোগী সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকরা।

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি সম্পন্ন: ইসি আনিছুর

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, ‘নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে। ভোটার এলে নির্বাচন অংশগ্রহণমূলক হবে।’

দেশে নির্বাচনের পরিবেশ আছে মন্তব্য করে কমিশনার বলেন, দেশে নির্বাচনের পরিবেশ নেই- এমন কিছুই নির্বাচন কমিশনের কাছে দৃশ্যমান নয়। সংবিধান অনুযায়ী যথা সময়েই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

বুধবার দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের উপনির্বাচনে ভোট গ্রহণকারী কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভার আগে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রশাসক ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা মো. শাহগীর আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম, ব্রাহ্মণবাড়িয়া পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা-আইসিটি) জিয়াউল হক মীর ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ সাদেকুল ইসলাম।

ইসি আনিছুর বলেন, রাজনৈতিক বিষয়ে কিছুই করার নেই। দায়িত্বের বাইরে আমরা কিছুই করতে পারব না। আমরা নির্বাচনের পরিবেশ সৃষ্টি করব, লেবেল প্লেয়িং ফিল্ড বলতে যা বোঝায়, তা করতে আমরা চেষ্টা করে যাচ্ছি।

তিনি বলেন, দ্বাদশ জাতীয় নির্বাচনে সব দলের অংশগ্রহণের বিষয়ে আলোচনা করতে ২০২২ সালে আমাদের নিবন্ধিত ৪৪টি রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানিয়েছি। এর মধ্যে অধিকাংশ দল সাড়া দিয়েছে। যে দল অংশগ্রহণ করেনি তার মহাসচিবকে প্রধান নির্বাচন কমিশনার নিজ স্বাক্ষরে চিঠি দিয়ে আবার আমন্ত্রণ জানিয়েছেন। কিন্তু আমরা তো রাজনৈতিক সমস্যা সমাধান করতে পারব না এবং এটি আমাদের ম্যান্ডেটরি না।

কোম্পানীগঞ্জে আ.লীগ নেতার ঘরে অগ্নিসংযোগ

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর কোম্পানীগঞ্জের চরহাজারী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান হাজী নুরুল হুদার বান্নাঘরে আগুন দিয়েছে একদল দুর্বৃত্ত। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করে।

বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে উপজেলার চরহাজারী ইউনিয়নের হাজারীহাট বাজার সংলগ্ন নুরুল হুদা চেয়ারম্যানের বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় প্রতিবাদে শুক্রবার বিকেলে উপজেলার হাজারীহাট বাজারে স্থানীয় আওয়ামী লীগ এক প্রতিবাদ সভা ডেকেছে।

ভুক্তভোগী আওয়ামী লীগ নেতা নুরুল হুদা জানায়, উপজেলার চরহাজারীহাট বাজার সংলগ্ন তার বাড়ি। বৃহস্পতিবার দিবাগত রাত দেড়টার দিকে তিনি ঘুমের মধ্যে হঠাৎ বিকট শব্দ শুনে ঘুম থেকে জেগে যান।

এরপর তিনি তার ভাতিজাকে নিয়ে বসতঘরের ছাদে উঠে বিষয়টি আচ করার চেষ্টা করেন, কি হয়েছে। পরবর্তীতে তিনি দেখতে পান দুর্বৃত্তরা তার রান্না ঘরে আগুন লাগিয়ে দিয়েছে। পরে বাড়ির লোকজন ও আশপাশের লোকজন এসে নিয়ন্ত্রণে আনে।

তিনি অভিযোগ করে বলেন, দুর্বৃত্তরা রান্না ঘরে আগুন দিয়ে আমি পাশের যে ঘরে থাকি ওই কক্ষের চারপাশে কেরোসিন ছিটিয়ে দেয়। যেন রান্না ঘরের আগুন বসতঘরে ছড়িয়ে পড়লে আমি পুড়ে মারা যাই।

অপর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে নৌকার পক্ষে এখানে স্বেচ্চার। এই জন্য এ ঘটনায় রাজনৈতিক যোসসূত্রতা থাকতে পারে। এ ছাড়াও ইদানিং কিছু পারিবারিক কেন্দ্রিক ঝামেলা আছে আমার ওপর। একটা লোক কয়েক বছর আমাকে খুব ডিস্টাব করছে।

কোম্পানীগঞ্জ ফায়ার সার্ভিস স্টেশনের লিডার মো.ইউছুফ বলেন, একটি পরিত্যক্ত রান্না করে অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যাওয়ার আগে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আওয়ামী লীগ নেতার বসতঘরে চেয়ারম্যান যে কক্ষে থাকে ওই কক্ষের জানালার কাছে আমি কোরোসিনের একটু গন্ধ পেয়েছি।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণব চৌধুরী বলেন, এটি অগ্নিকান্ড না অগ্নিসংযোগ এ বিষয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা বলতে পারবে। তবে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এখানো ভুক্তভোগী থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন, ভোটেও প্রধানমন্ত্রী হবেন: ওবায়দুল কাদের

শেখ হাসিনার নেতৃত্বেই নির্বাচন, ভোটেও প্রধানমন্ত্রী হবেন: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

এক দফা দাবি আদায়ে দুর্গাপূজার পর সরকারকে শেষ বার্তা দেওয়ার ঘোষণা দিয়েছে বিএনপি। এর জবাবে আওয়ামী লীগও শেষ বার্তা দিয়েছে। ক্ষমতাসীন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থেকেই নির্বাচন দেবেন, ভোটে আবার তিনি প্রধানমন্ত্রী হবেন। এর কোনো ব্যত্যয় হবে না।

বুধবার বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে জাতির পিতার কনিষ্ঠ সন্তান শহীদ শেখ রাসেলের ৬০তম জন্মদিন ও শেখ রাসেল দিবস-২০২৩ উপলক্ষে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশে তিনি এ বার্তা দেন।

ওবায়দুল কাদের জানান, মির্জা ফখরুলের পকেট গরম। মালপানি ভালো আসছে। উনার কথাও গরম। হুঁশিয়ারি উচ্চারণ করে আমাদের ধমক দেন, ভয় দেখান। মির্জা ফখরুল, পাঁচতারকা হোটেলে নাশতা খেয়ে অনশন করেন তিন ঘণ্টা। আড়াই ঘণ্টা পর বিদেশি জুস খেয়ে অনশন বন্ধ করেন।

বিএনপি মহাসচিবের প্রতি ইঙ্গিত করে তিনি জানায়, এই আন্দোলন করছেন? আবার আমাদের বার্তা দিচ্ছেন? দিনক্ষণ বলে দিচ্ছেন? কবে ক্ষমতা ছেড়ে দিতে হবে সেই হুঁশিয়ারি দিচ্ছেন? আপনারা বার্তা দেওয়ার কে? কার কাছে ক্ষমতা দেবেন শেখ হাসিনা? আপনার কাছে নাকি দণ্ডিত যুবরাজ তারেক রহমানের কাছে?

এ সময় আওয়ামী লীগের বার্তা জানিয়ে ওবায়দুল কাদের বলেন, আপনি শেষ বার্তা দিয়েছেন, আমিও বার্তা দিচ্ছি- আগামী নির্বাচনে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনা নির্বাচনকালীন সরকারের প্রধান থাকবেন। জনগণের ভোটে নির্বাচিত হয়ে আবারও তিনি ক্ষমতায় বসবেন। এর অন্যথা বা ব্যত্যয় হবে না। শেখ হাসিনা পদত্যাগ করবেন না। এটাই আমাদের শেষ বার্তা।

এদিনও সমাবেশ থেকে যথারীতি ‘খেলা হবে’ স্লোগান তোলেন ওবায়দুল কাদের। তিনি বলেন, খেলা হবে কোয়াটার ফাইনাল। তত্ত্বাবধায়ক মরে গেছে। আজিমপুর গোরস্থানে চিরনিদ্রায় শুয়ে আছে। ওটা আর ফিরে আসবে না। ২০০১ সালের তত্ত্বাবধায়ক আর আসবে না। ওয়ান/ইলেভেনের দুঃস্বপ্ন আর সফল হবে না।

এ সময় বিএনপির মহাসচিবের বক্তব্যের উদ্বৃতি দিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ফখরুল সাহেব উৎসাহিত হচ্ছেন। পশ্চিমারা উৎসাহ দিচ্ছে। ফখরুল সাহেব, দুনিয়ার অবস্থা ভালো নয়। যাদের কথা বলছেন, তাদের চারপাশে অশান্তির আগুন। তারা ঘর সামলাবে নাকি আপনাকে উৎসাহ দেবে? উৎসাহের দিন চলে গেছে। খেলা হবে, এ লড়াইয়ে জিততে হবে। এ খেলায় জিতবে শেখ হাসিনার সৈনিকেরা।

তিনি বলেন, কতলোক আজকে। এই স্পিরিট যেন থাকে। কেউ কেউ বলে আওয়ামী লীগ বিরোধী দলে থাকলে স্পিরিট বাড়ে, সরকারি দলে নরম। এখন দেখি সরকারেও স্পিরিট আছে।

এসময় তিনি বিরোধীদের উদ্দেশে হুঁশিয়ারি দিয়ে বলেন, দাঁড়াতে দেবো না। অবরোধ যারা করবে, তারাই বাধা দিচ্ছে নির্বাচনে। তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয় আমরা দেখবো।

দেশবাসীকে ওবায়দুল কাদের বলেন, নৌকা ছাড়া উপায় নেই। বাংলাদেশে শান্তি-সুখ চাইলে নৌকা, উন্নয়ন চাইলে নৌকা। নৌকা ছাড়া গণতন্ত্র থাকবে না। নৌকায় ভোট দিলে গণতন্ত্র থাকবে।

দ্রব্যমূল্য নিয়ে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, সারা দুনিয়ায় জিনিসপত্রের দাম বেড়েছে। আমরা সেটারই শাস্তি পাচ্ছি। দাম বাড়াচ্ছে বড় বড় শক্তি। আজ আইএমএফের পরিচালক বলছেন, ‘বাংলাদেশ শেখ হাসিনার নেতৃত্বে সঠিকভাবে চলছে। আস্তে আস্তে কমলেও ইনফ্লুয়েশন (মূল্যস্ফীতি) কমছে। বাংলাদেশের ভবিষ্যৎ উজ্জ্বল।’ আমিও বলি- আপনাদের ধৈর্য ধরতে হবে। এখন আপনাদের কষ্ট হচ্ছে, আমরা স্বীকার করি। কিন্তু মনে রাখবেন- একজন মানুষ আছে (প্রধানমন্ত্রী), আপনাদের এই কষ্ট লাগবে যিনি দিনরাত পরিশ্রম করছেন।

ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মন্নাফীর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান, মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া, অ্যাডভোকেট কামরুল ইসলাম, মোস্তফা জালাল মহিউদ্দিন, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, মির্জা আজম, ঢাকা দক্ষিণের মেয়র শেখ ফজলে নূর তাপস, ঢাকা উত্তরের মেয়র আতিকুল ইসলাম, যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি গাজী মেসবাউল হোসেন সাচ্চু ও ছাত্রলীগ সভাপতি সাদ্দাম হোসেন।

শান্তি ও উন্নয়ন সমাবেশে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা বজলুর রহমান, সাদেক খান, এস এম মান্নান কচি, হুমায়ুন কবির, নুরুল আমিন রুহুল, আব্দুল কাদের খান, কাজী মোরশেদ কামাল, মাহবুবুর রহমান হিরণ, দিলীপ রায় ও আজিজুল হক রানা।

এক-দুইটা দল অংশ না নিলেও নির্বাচন বন্ধ হবে না: ওবায়দুল কাদের

এক-দুইটা দল অংশ না নিলেও নির্বাচন বন্ধ হবে না: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী জাতীয় নির্বাচন হবে সংবিধান অনুযায়ী, স্বাধীন নির্বাচন কমিশনের অধীনে। সংবিধানের সব নিয়ম মেনে যে নির্বাচন চলছে সে নির্বাচনে কেউ যদি অংশ না নেয় সেটার জন্য সে নির্বাচন বন্ধ হবে না। বহুদল আছে যারা নির্বাচনে অংশ নেবে। দু-একটা দল অংশ না নিলে সে নির্বাচন কেন গ্রহণযোগ্য হবে না? নির্বাচনে অংশ নেওয়া রাজনৈতিক অধিকার। কেউ যদি নিজের অধিকার প্রয়োগ না করে সেটা তাদের ব্যাপার।

বুধবার সকালে রাজধানীর বনানী কবরস্থানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৬০তম জন্মদিন উপলক্ষে তার সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

ওবায়দুল কাদের বলেন, ভাঙচুর, অগ্নিসন্ত্রাস, অস্ত্র ও খুনের মামলায় আগে থেকে যারা জড়িত সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের গ্রেফতার করছে আইনশৃঙ্খলা বাহিনী। নতুন করে গ্রেফতারের কোনো পরিকল্পনা সরকারের নেই।

তিনি বলেন, ৭৫ এ খন্দকার মোশতাক ও মেজর জিয়াউর রহমান বাংলাদেশে যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি শুরু করেছিলেন, ৩ নভেম্বর জেল হত্যা, ২১ আগস্ট গ্রেনেড হামলা-এ সমুদয় হত্যাকাণ্ডের মূল উদ্দেশ্য বঙ্গবন্ধু পরিবারকে ও আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করা। যে হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশে শুরু হয়েছিল সে ঘৃণ্য রাজনীতি থেকে তাদের উত্তরসূরিরা এখনো সরে দাঁড়ায়নি। সে ধারাবাহিকতা এখনো বহন করে চলছে জিয়াউর রহমানের দল বিএনপি।

এ হত্যা ও ষড়যন্ত্রের রাজনীতি বাংলাদেশের মাটি থেকে শেখ হাসিনার নেতৃত্বে নির্মূল করার প্রত্যয় ব্যক্ত করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যতদিন শেখ রাসেলের মতো অবুঝ শিশুর জন্য নিরাপদ ও বাসযোগ্য করে না তুলতে পারবো ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে।

এর আগে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দলীয় নেতাদের সঙ্গে নিয়ে শহীদ শেখ রাসেলের সমাধিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করেন। পরে বনানী কবরস্থ মসজিদে শেখ রাসেলসহ পঁচাত্তরে ১৫ আগস্টে শহীদদের রুহের মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। এতে অংশ নেন দলীয় নেতাকর্মীসহ নানা শ্রেণিপেশার মানুষ।

এসময় উপস্থিত ছিলেন দলটির প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, বিজ্ঞান ও প্রযুক্তি সম্পাদক প্রকৌশলী আব্দুস সবুর, শিক্ষা সম্পাদক সামছুন্নাহার চাঁপা, কৃষি ও সমবায় সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুস সোবহান গোলাপ, পানি সম্পদ উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম প্রমুখ।

সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

সরকার পরিবর্তন করতে হলে বিএনপিকে নির্বাচনে আসতে হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।

তিনি জানান, ‘বিএনপি একের পর এক সমাবেশ, একের পর এক কর্মসূচি দিয়ে যাচ্ছে। তারা বলছে, এভাবে তারা লাগাতার কর্মসূচি দিয়ে যাবেন। তারা যেটা চাচ্ছেন যে সরকার পতন। এই ধরনের আচরণ কিংবা ষড়যন্ত্র করে কোনোদিন সরকার পরিবর্তন হবে না। আমরা সবসময় বলে আসছি সরকার পরিবর্তন করতে হলে নির্বাচনে আসতে হবে।’

মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ- আইডিইবিতে আয়োজিত আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। শেখ রাসেলের জন্মদিন ও শেখ রাসেল দিবস উপলক্ষে এ আলোচনা সভার আয়োজন করা হয়।

বিএনপি নেতাদের উদ্দেশ্যে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, ‘দেশের মানুষ যদি আপনাদের ভোট দেয়, আপনারা অবশ্যই জয়যুক্ত হলে সেখানে (সরকারে) যাবেন। এ ধরনের আন্দোলন, ঘেরাও, অবস্থান, জ্বালাও-পোড়াও ২০১৪-১৫ সালে আপনারা দেখেছেন। তাদের আন্দোলনের মাত্রা ছিল কতখানি। ৯০ দিন ধরে তারা অগ্নিসংযোগ করেছে, মানুষ পুড়িয়েছে, মানুষ হত্যা করেছে। সে কারণে আমাদের আওয়ামী লীগের নেতারা হয়তো মনে করছেন- বিএনপি আবার সেই অবস্থায় যেতে পারে। আমরা মনে করি তারা একবার ভুল করেছেন, আর একবার ভুল করলে এ দেশের জনগণ তাদের ক্ষমা করবে না।’

বিএনপির ১০ লাখ নেতাকর্মী ঢাকায় অবস্থান করবেন- এই ধরনের কোনো গোয়েন্দা তথ্য আছে কি না এমন এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা শুনেছি, আমাদের কাছে বিএনপি নেতাকর্মীরা বা তাদের নেতাকর্মীরা যেভাবে বলছেন সেগুলোর ওপর ভিত্তি করে এগুলো উচ্চারিত হচ্ছে এবং আমাদের কাছে আসছে।’

তিনি জানায়, ‘এদেশের জনগণ কোনো অন্যায়, কোনো অত্যাচার মেনে নেয়নি। কাজেই জনগণই এর জবাব দেবে।’

নির্বাচনকালে কতজন মন্ত্রীর প্রয়োজন, সেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

নির্বাচনকালে কতজন মন্ত্রীর প্রয়োজন, সেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: আইনমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

আইনমন্ত্রী আনিসুল হক বলেছেন, সংবিধানে কোথাও নির্বাচনকালীন সরকারের কথা বলা নেই। নির্বাচনকালে কতজন মন্ত্রীর প্রয়োজন হবে, সেই সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী।

মঙ্গলবার দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

এর আগে আইনমন্ত্রীর সঙ্গে বৈঠক করে আন্তজার্তিক শ্রম সংস্থার (আইএলও) একটি প্রতিনিধি দল। প্রতিনিধি দলের নেতৃত্বে দেন আইএলওর এদেশীয় পরিচালক টুমো পোটিআইনেন।

বৈঠক শেষে নির্বাচনকালীন সরকার নিয়ে করা সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, নির্বাচনকালীন তার কতজন মন্ত্রী প্রয়োজন সেই সিদ্ধান্ত প্রধানমন্ত্রী নেবেন। যদি তার সবার প্রয়োজন হয়, তাহলে সবাই থাকবেন, আর যদি তিনি মনে করেন ছোট আকারে, করতে পারেন। এটি তার সিদ্ধান্ত। সংবিধান তাকে সেই ক্ষমতা দিয়েছে।

এ মাসে বসতে যাওয়া সংসদের অধিবেশনে কোন বিষয়ে আলোচনা হতে পারে, জানতে চাইলে আনিসুল হক বলেন, আইন পাসের পাশাপাশি সব কিছু আলোচনা হতে পারে।

এদিকে আন্তর্জাতিক শ্রম সংস্থার প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে সম্প্রতি মন্ত্রিসভায় পাস হওয়া বাংলাদেশ শ্রম (সংশোধন) আইন-২০২৩-এর খসড়া নিয়ে আলোচনা হয়েছে।

আইনমন্ত্রী বলেন, আইনের সংশোধনীর বিষয়ে আন্তর্জাতিক শ্রম সংস্থার কিছু বক্তব্য আছে, সেগুলো নিয়ে তারা এসেছিলেন। কিছু ব্যাপারে সমাধান করা হয়েছে। যেগুলো ব্যাখ্যা দেওয়া দরকার, তা দেওয়া হয়েছে। আর কিছু বিষয়ে বিস্তারিত আলাপ হওয়া প্রয়োজন। সেসব নিয়ে ২২ অক্টোবর আইন মন্ত্রণালয়ে আবার সভা হবে।

নোয়াখালীতে জামাতের বৈঠক থেকে ৪০জন নেতাকর্মি আটক

নোয়াখালী প্রতিনিধি:

নোয়াখালীর বেগমগঞ্জ থেকে পুলিশ জামায়াতে ইসলামীর নেতাকর্মিসহ ৪০জন আটক করেছে বলে অভিযোগ করেছেন দলটি জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার।

দলীয় সূত্রে জানা গেছে, আটককৃতদের মধ্যে বেগমগঞ্জ উপজেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য ও একলাশপুর ইউনিয়ন জামায়াতের আমির গিয়াস উদ্দিন মেম্বারসহ ৪০জন নেতাকর্মি রয়েছেন।

গতকাল শনিবার (১৪ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের অনন্তপুর গ্রাম থেকে তাদের আটক করা হয়।

নোয়াখালী জেলা আমির ও কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ইসহাক খন্দকার বলেন, নির্বাচন উপলক্ষে উপজেলার একলাশপুর ইউনিয়নের ৭নম্বর ওয়ার্ডের অনন্তপুর এলাকায় আমাদের একটি সভা হচ্ছিল। পুলিশ সোর্সের মাধ্যমে খবর পেয়ে শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ওয়ার্ড পর্যায়ের ওই বৈঠকে ঘেরাও করে অভিযান চালিয়ে ৪০জনকে আটক করে থানায় নিয়ে যায়। এর মধ্যে আমাদের জামায়াতের ১৫-২০জন নেতাকর্মি রয়েছে। অন্যরা সাধারণ মানুষ।

জেলা আমির ইসহাক খন্দকার অভিযোগ করে আরো বলেন, জামায়াতে ইসলাম একটি গণতান্ত্রিক সংগঠন। এটা কোনো নিষিদ্ধ সংগঠন নয়। তাদের সভা-সমাবেশ করার অধিকার আছে। ভরা পরিবেশে প্রোগ্রামটা করছে। এ অবস্থায় পুলিশ হানা দিয়ে আমাদের প্রায় ১৫-২০জন নেতাকর্মি এবং সাধারণ মানুষকে ধরে নিয়ে যাওয়াতে আমরা উদ্বিগ্ন। আমরা এ ঘটনার নিন্দা জানাচ্ছি।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম বলেন, ৪০জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় একটি নিয়মিত মামলা রুজু হয়েছে। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।