Tag Archives: ফুটবলারদের

বাটলার কোচ থাকলে খেলবেন না সাবিনারা

বাটলার কোচ থাকলে খেলবেন না সাবিনারা, সাফজয়ী ফুটবলারদের গণ অবসরের হুমকি

বাটলার কোচ থাকলে খেলবেন না সাবিনারা, সাফজয়ী ফুটবলারদের গণ অবসরের হুমকি

ডেস্ক রিপোর্ট:

কোচ পিটার বাটলারের সঙ্গে সিনিয়র নারী ফুটবলারদের দ্বন্দ্ব আবারও প্রকাশ্যে এসেছে। সাবিনা খাতুনসহ কয়েকজন নারী ফুটবলার জানিয়েছেন, পিটার বাটলারের অধীনে কোনো কার্যক্রমে তারা অংশ নেবেন না। এর আগে দলীয় মিটিং ও অনুশীলন বর্জনের পর এবার নারী ফুটবলাররা গণ অবসরের হুমকিও দিয়েছেন।

বৃহস্পতিবার বাফুফে ভবনে একত্রিত হয়ে নারী ফুটবলাররা গণমাধ্যমকে জানান, কোচ পিটার বাটলার থাকলে তারা সম্মান নিয়ে ফুটবল থেকে বিদায় নিতে চান। নেপালের কাঠমান্ডুতে সাফ টুর্নামেন্ট চলাকালীন সময়েই সিনিয়র ফুটবলার ও ব্রিটিশ কোচ পিটার বাটলারের মধ্যে দ্বন্দ্ব প্রকাশ্যে আসে। যদিও সাফ চ্যাম্পিয়ন হওয়ার আনন্দে সেই সংকট তখন সামনে আসেনি।

বাফুফে পিটার বাটলারের সঙ্গে দুই বছরের চুক্তি করেছে। দ্বিতীয় মেয়াদে দায়িত্ব নিয়েই তিনি গত সোমবার রাতে ঢাকায় এসেছেন। এরপর থেকেই নতুন করে সংকট তৈরি হয়েছে। আগামী জুনে নারী এশিয়ান কাপ বাছাই অনুষ্ঠিত হবে। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) সেই লক্ষ্যে নারী ফুটবলারদের প্রস্তুত রাখতে কাজ শুরু করেছে। কিন্তু শুরুতেই নারী ফুটবলারদের বিদ্রোহের মুখে পড়েছে বাফুফে।

সিনিয়র ফুটবলারদের সঙ্গে ব্রিটিশ কোচ পিটার বাটলারের দূরত্বের বিষয়টি বাফুফের জানা থাকলেও এতদিন এ নিয়ে কোনো উদ্যোগ নেয়নি ফেডারেশন। বাফুফের নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ কয়েকজন নারী ফুটবলারের সঙ্গে বসেছিলেন। সংকট দূর করতে নারী ফুটবলারদের পাশাপাশি কোচকে নিয়ে আলাদা বৈঠক করেছে বাফুফে। সেই বৈঠকে বাফুফের সাধারণ সম্পাদক ও সহ-সভাপতি ফাহাদ করিম উপস্থিত ছিলেন। তবে কয়েক দফা বৈঠকেও সমস্যার সমাধান হয়নি।