Tag Archives: বাংলাদেশ

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে ‘তিন দিনই’ যথেষ্ট : মির্জা ফখরুল

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে ‘তিন দিনই’ যথেষ্ট : মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি পরিবর্তনে ‘তিন দিনই’ যথেষ্ট বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বুধবার দুপুরে বিএনপি চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

আগামী নির্বাচন নিয়ে বিএনপির ভাবনার বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল জানান, আমরা পরিষ্কারভাবে বলে দিয়েছি—এভাবে শেখ হাসিনার অধীনে কোনও নির্বাচন হতে পারে না। আমরা বলে দিয়েছি সরকারকে পদত্যাগ করতে হবে। সংসদকে বিলুপ্ত করতে হবে। নির্বাচন নিয়ে আমাদের কোনো ভাবনা নেই, ভাবনা একটাই এ সরকারকে পদত্যাগ করতে হবে। আর এছাড়া বাংলাদেশের কোনও মুক্তি নেই। আওয়ামী লীগের পদলেহিত দলগুলো ছাড়া দেশের আর কোনও দল বলছে না—এই সরকারের অধীনে নির্বাচন সুষ্ঠু হবে।

সরকার দেশকে সাংঘর্ষিক অবস্থার দিকে নিয়ে যাচ্ছে বলে মন্তব্য করেন বিএনপির মহাসচিব জানায়, সরকারের লক্ষ্যটাই হচ্ছে একটা সাংঘর্ষিক অবস্থা সৃষ্টি করে আবার সেই আগের ১৪ এবং ১৮ সালের মতন নির্বাচন করা। একতরফা ভোটার ছাড়া কোনও ভোটার থাকবে না। আর এভাবে নির্বাচন করে দেখিয়ে দেবে যে নির্বাচন হয়েছে। এটা এবার আর সম্ভব হবে না।

নির্বাচনের বিষয়ে বিএনপি কোনও সংলাপে যাবে কি না এ বিষয়ে জানতে চাইলে মির্জা ফখরুল জানায়, বর্তমানে সকল প্রাক নির্বাচনি পর্যবেক্ষকরা দেশে আছেন তারা আগামী নির্বাচনের পর্যবেক্ষক পাঠাবে কি পাঠাবে না সে বিষয়ে কথা বলছেন। দেশে নির্বাচনি কোনও পরিবেশ পরিস্থিতি আছে কিনা সেটা দেখার জন্য তারা এসেছেন। আমাদের খসরু সাহেব তাদেরকে পরিষ্কারভাবে বলে দিয়েছেন নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকারের হাতে ক্ষমতা দেওয়া ছাড়া, এ অবস্থায় দেশে কোনও নির্বাচন হতে পারে না।

ক্ষমতাসীন আওয়ামী লীগ বলছে বিএনপি নির্বাচনের বিষয়ে সংলাপের পথ বন্ধ করে দিয়েছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, এটা যে কত বড় মিথ্যা কথা তা সবাই জানে। আমরা বরাবরই বলে আসছি একটা বিষয়ে আলোচনা হতে পারে এছাড়া আর কোনও আলোচনা হবে না। আর সেটা হচ্ছে নির্বাচনকালীন সরকারের বিষয়ে অর্থাৎ তত্ত্বাবধায়ক সরকারের বিষয় বা নিরপেক্ষ সরকারের মাধ্যমে নির্বাচনের বিষয় ছাড়া আর কোনও বিষয়ে আলোচনা হবে না। তবে আমরা কিন্তু নির্বাচনকালীন সরকার বুঝাচ্ছি না। নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের কথা আমরা বলছি। নির্বাচনকালীন সরকার বলে কি আমরা আওয়ামী লীগকে ডেকে আনবো নাকি আবার।

তিনি জানান, আওয়ামী লীগ সরকার যদি ঘোষণা দেয় নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের বিষয়ে তারা আলাপ করবে তাহলে আমরা তাদের সঙ্গে সংলাপে বসবো।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, আব্দুল মঈন খান, আমির খসরু মাহমুদ চৌধুরী প্রমুখ।

বাংলাদেশে ‘কেমিক্যাল কাদেরের’ উদয় হয়েছে: রুহুল কবির রিজভী

বাংলাদেশে ‘কেমিক্যাল কাদেরের’ উদয় হয়েছে: রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট:

বিএনপি নেতাদের মাথায় রাশিয়ার ইউরেনিয়াম ঢেলে দেওয়া হবে- এমন মন্তব্য করায় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরের সমালোচনা করছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ওবায়দুল কাদের প্রত্যক্ষভাবে বিএনপি নেতাদের হত্যার হুমকি দিয়েছেন। ইরাকে এক মন্ত্রী ছিলেন। তার নাম আলী। মনে করা হতো বিষাক্ত রাসায়নিক অস্ত্র বানানোর ক্ষেত্রে উনি তত্ত্বাবধান করেছেন। তাই তাকে সবাই ‘কেমিক্যাল আলী’ নামে ডাকতো। বাংলাদেশেও একজন ‘কেমিক্যাল কাদেরের’ উদয় হয়েছে।

মঙ্গলবার (১০ অক্টোবর) দুপুরে বগুড়া জেলা বিএনপির নবনির্বাচিত কমিটির নেতাদের সঙ্গে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধাঞ্জলি ও ফাতেহা পাঠের পর সাংবাদিকদের কাছে এসব কথা বলেন রিজভী।

তিনি জানান, যে বিষাক্ত ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা দিয়ে গোটা বিশ্ব ধ্বংস করা যায়, সেই ইউরেনিয়াম বিএনপি মহাসচিবসহ স্থায়ী কমিটির সদস্যের মাথায় ঢেলে দেওয়ার হুমকি দিচ্ছেন।

রুহুল কবির রিজভী আরও বলেন, এই কেমিক্যাল কাদেরকে দিয়ে কত মানুষকে শ্বাসরুদ্ধ করে মারবেন, কত গণতন্ত্রকামী মানুষকে যে নিশ্চিহ্ন করবেন, পুড়ে ছারখার করবেন তা বলার অপেক্ষা রাখে না।

খালেদা জিয়ার চিকিৎসার প্রসঙ্গ টেনে রিজভী বলেন, যে নেত্রী দেশে বারবার গণতন্ত্র ফিরিয়ে এনেছেন। যিনি গণমানুষের নেত্রী, আজ সেই খালেদা জিয়ার সুচিকিৎসার অধিকার নেই। তার বেঁচে থাকার অধিকার নেই। আজকে পদ্মা, মেঘনা ও যুমনাসহ সারাদেশে ধ্বনি ওঠেছে দেশনেত্রীকে বাঁচানোর জন্য।

এসময় জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি রেজাউল করিম বাদশা, সাধারণ সম্পাদক আলী আজগর হেনা, সাবেক এমপি গোলাম মো. সিরাজ, হেলালুজ্জামান তালুকদার লালু, কাজী রফিক, মোশাররফ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

সূত্র: জাগোনিউজ২৪

আফগানদের হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

আফগানদের হারিয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

ডেস্ক রিপোর্ট:

প্রতিপক্ষ অপেক্ষাকৃত দুর্বল। তবে এই ম্যাচটা নিয়ে বড় ভয় ছিল বাংলাদেশের। একে তো বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচ। তার ওপর আফগানিস্তানের বোলিং আক্রমণ বরাবরই দুশ্চিন্তার কারণ।

রশিদ খান, মুজিব উর রহমান, মোহাম্মদ নবি, ফজলহক ফারুকি-আফগানদের এই বোলিং লাইনআপ যে যেকোনো দলকেই ধসিয়ে দিতে পারে যে কোনো দিন।

তবে বাংলাদেশকে চমকে দিতে পারলো না আফগানিস্তান। বরং শক্তিমত্তার পার্থক্য বুঝিয়ে দুর্দান্ত জয়েই বিশ্বকাপ অভিযান শুরু করলো সাকিব আল হাসানের দল, আফগানিস্তানকে তারা হারালো ৯২ বল আর ৬ উইকেট হাতে রেখে।

ধর্মশালার হিমাচল প্রদেশ ক্রিকেট স্টেডিয়ামে বোলাররাই অর্ধেক কাজ সেরে রেখেছিলেন। সাকিব-মিরাজদের দুর্দান্ত বোলিংয়ে ১৫৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান।

আফগান ব্যাটারদের কেউ ফিফটিও করতে পারেননি। সর্বোচ্চ ৪৭ রান আসে ওপেনার রহমানুল্লাহ গুরবাজের ব্যাট থেকে। এছাড়া ২২ রান করে করেন ইব্রাহিম জাদরান আর আজমতউল্লাহ ওমরজাই।

মেহেদি হাসান মিরাজ ২৫ আর সাকিব ৩০ রানে নেন ৩টি করে উইকেট। ৩৪ রানে ২ উইকেট শিকার শরিফুল ইসলামের।

১৫৭ তাড়া করতে নেমে শুরুতে ধাক্কা খেয়েছিল বাংলাদেশও। ২৭ রানের মধ্যে হারিয়ে বসেছিল ২ উইকেট। তবে মেহেদি হাসান মিরাজ আর নাজমুল হোসেন শান্ত মিলে সহজ জয়ের পথ গড়ে দিয়েছেন টাইগারদের।

মিরাজকে এখন টপঅর্ডার ব্যাটার বলাই যায়। একবার-দুইবার নয়, যতবারই ওপরের দিকে ব্যাটিং করার সুযোগ পাচ্ছেন ততবারই নিজেকে জেনুইন ব্যাটার হিসেবে প্রমাণ করছেন এই অলরাউন্ডার।

আজ তিন নম্বরে নেমেও সফল মিরাজ। ১৯ রানে দলের প্রথম উইকেট পড়ার পর ক্রিজে এসেছিলেন। ২৭ রানে দ্বিতীয় উইকেটের পতনও দেখেছেন।

তবে দলকে ব্যাটিং বিপর্যয়ে পড়তে দেননি মিরাজ। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে বাংলাদেশকে সহজ জয়ের পথ গড়ে দেন এই অলরাউন্ডার। তৃতীয় উইকেটে ১২৯ বলে তারা গড়েন ৯৭ রানের জুটি।

মিরাজ তুলে নেন ক্যারিয়ারের তৃতীয় ওয়ানডে হাফসেঞ্চুরি। শেষ পর্যন্ত তার ইনিংসটি থামে নাভিন উল হকের বলে রহমত শাহর দুর্দান্ত এক হাতের ক্যাচ হয়ে। ৭৩ বলে ৫ বাউন্ডারিতে ৫৭ করেন মিরাজ।

জয় থেকে ১১ রান দূরে থাকতে সাকিব আল হাসান উইকেট বিলিয়ে দিয়ে আসেন। আজমতউল্লাহ ওমরজাইকে ছক্কা হাঁকাতে গিয়ে বাউন্ডারিতে ক্যাচ হন টাইগার অধিনায়ক (১৯ বলে ১৪)।

তবে শান্ত ওয়ানডে ক্যারিয়ারের ষষ্ঠ হাফসেঞ্চুরি তুলে নিতে ভুল করেননি। দেখেশুনে খেলে ৮০ বলে ফিফটি পূরণ করেন বাঁহাতি এই ব্যাটার। শেষ পর্যন্ত তিনি অপরাজিত থাকেন ৮৩ বলে ৩ চার আর ১ ছক্কায় ৫৯ রানে।

নাভিন উল হককে টানা দুই বাউন্ডারি হাঁকিয়ে জয়ও আসে শান্তর ব্যাট থেকে। ২ রানে অপরাজিত থাকেন মুশফিকুর রহিম।

১৫৭ রানের মামুলি লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই বিপদে পড়েছিল বাংলাদেশ। ২৭ রানেই দুই উইকেট হারিয়ে বসেছিল টাইগাররা।

তবে এর মধ্যে দুর্ভাগ্যের শিকার হলেন ওপেনার তানজিদ হাসান তামিম। একটি রান নেয়ার চেষ্টা করতে গিয়ে নজিবুল্লাহ জাদরানের সরাসরি থ্রোয়ে রানআউট হয়ে যান তানজিদ তামিম। ১৩ বলে ৫ রান নিয়ে ব্যাট করছিলেন তিনি তখন। দলীয় রান ছিল ১৯।

লিটন দাসের ওপর প্রত্যাশা ছিল অনেক। কিন্তু তিনিও ব্যর্থ হলেন। ইনিংসের সপ্তম ওভারের ৪র্থ বলে ফজল হক ফারুকির বলে বোল্ড হয়ে গেলেন। কভার অঞ্চল দিয়ে মারার জন্য শট খেললেন। কিন্তু বল ভেতরের কানায় লেগে গিয়ে হিট করলো স্ট্যাম্পে। বোল্ড হয়ে গেলেন তিনি। দলীয় রান এ সময় ২৭।

এরপর জুটি বাঁধেন নাজমুল হোসেন শান্ত এবং মেহেদি হাসান মিরাজ। মিরাজ অবশ্য ফিফটি করার পথে ১৬ রানে একবার জীবন পেয়েছিলেন। পয়েন্টে তার ক্যাচ ছেড়েছিলেন মোহাম্মদ নবি। এজন্যই বোধ হয় বলে, সৌভাগ্য সবসময় সাহসীদের পক্ষেই থাকে।

দোহাতে বাংলাদেশ-কাতারের মধ্যে সংস্কৃতি বিষয়ক সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর

দোহাতে বাংলাদেশ-কাতারের মধ্যে সংস্কৃতি বিষয়ক সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর

 

ইউসুফ পাটোয়ারী লিংকন, কাতার থেকেঃ

২৬ সেপ্টেম্বর, ২০২৩ কাতারের দোহাতে বাংলাদেশ ও কাতারের মধ্যে সংস্কৃতি বিষয়ে সহযোগিতা সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয়। বাংলাদেশের পক্ষে ইসলামিক বিশ্বের ১২তম সম্মেলনে অংশগ্রহণের জন্য বর্তমানে দোহা সফররত সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী জনাব কে এম খালেদ, এম.পি এবং কাতারের পক্ষে দেশটির সংস্কৃতি বিষয়ক মন্ত্রী শেখ আবদুল রহমান বিন হামাদ বিন জসিম বিন হামাদ আল থানি চুক্তিতে স্বাক্ষর করেন।

দোহাতে বাংলাদেশ-কাতারের মধ্যে সংস্কৃতি বিষয়ক সহযোগিতা সম্পর্কিত চুক্তি স্বাক্ষর

 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাতারে দুইটি সফরের অব্যবহিত পরেই এই চুক্তি স্বাক্ষরের ফলে ভাতৃপ্রতিম দুই দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ে সম্পর্ক আরও জোরদার হবে বলে আশা করা যাচ্ছে। ফলে বন্ধুত্বপূর্ণ দুইটি দেশের মধ্যে সংস্কৃতি বিষয়ক প্রতিনিধি দলের নিয়মিত সফর বিনিময়, সংস্কৃতি সংক্রান্ত বিভিন্ন অনুষ্ঠান ও মেলা আয়োজনের মাধ্যমে দুই দেশের মধ্যে সংস্কৃতি বন্ধন আরো অটুট হবে। এছাড়াও এই চুক্তি বাংলাদেশের সমৃদ্ধ ঐতিহ্য, ইতিহাস ও সংস্কৃতি কাতারে স্থানীয় জনগণ ও বাংলাদেশ কমিউনিটির নতুন প্রজন্মের মাঝে তুলে ধরার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। বাংলাদেশ ও কাতার উভয় দেশের মন্ত্রীগণ চুক্তি স্বাক্ষরের বিষয়ে সন্তোষ প্রকাশ করেন এবং বাংলাদেশ ও কাতারের মধ্যে দ্বিপক্ষীক সম্পর্কের ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য দিন হিসেবে উল্লেখ করেন। আগামী বছর বাংলাদেশ ও কাতারের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে এই চুক্তির অধীনে সাংস্কৃতিক সহযোগিতা সংক্রান্ত বেশ কিছু অনুষ্ঠানের আয়োজন করা যেতে পারে বলে উভয় মন্ত্রী মতামত প্রদান করেন।

চুক্তি স্বাক্ষরের পর উভয় দেশের মন্ত্রীগণ এক দ্বিপক্ষীক সৌজন্য বৈঠকে মিলিত হন এবং সাংস্কৃতিক সহযোগিতা বিষয়ে আলোচনা করেন। এ সময়ে কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত জনাব মোঃ নজরুল ইসলাম, কাতারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের উর্ধ্বতন কর্মকর্তাগণ এবং দূতাবাসের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্রোঞ্জ জয়

পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ নারী ক্রিকেট দলের ব্রোঞ্জ জয়

ডেস্ক রিপোর্ট:

হাংঝু এশিয়ান গেমসে বাংলাদেশকে প্রথম পদকের মুখ দেখালেন নিগার সুলতানা জ্যোতিরা। সোমবার জেজিয়াং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ব্রোঞ্জ নিষ্পত্তির ম্যাচে বাংলাদেশ নারী ক্রিকেট দল ৫ উইকেটে পাকিস্তানকে হারিয়ে হাংঝুতে দেশের পক্ষে প্রথম পদক জেতেন।

খেলা শেষে মাঠে উপস্থিত হয়ে জ্যোতিদের অভিনন্দনে ভাসান বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের (বিওএ) মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, শেফ দ্য মিশন একে সরকার, সাবেক তারকা ফুটবলার আবদুল গাফফার ও বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান কোহিনুর।

এর আগে টস জিতে পাকিস্তানকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় বাংলাদেশ। পুরো ২০ ওভার ব্যাটিং করে ৯ উইকেট হারিয়ে ৬৪ রানে থামে তাদের ইনিংস। আলিয়া রিয়াজ সর্বোচ্চ ১৭ এবং অধিনায়ক নিদা দার দ্বিতীয় সর্বোচ্চ ১৪ রান করেন। সাদাফ শামাসের ১৩ রানও পাকিস্তানকে এই স্কোর করতে সহায়তা করে।

বোলিংয়ে স্বর্ণ আক্তার চার ওভারে ১৬ রান দিয়ে তিনটি এবং সানজিদা আক্তার মেঘলা চার ওভারে ১১ রানের খরচায় ২ উইকেট তুলে নেন। ৬৫ রানে জয়ের লক্ষ্যে খেলতে নেমে শামীমা সুলতানা ও সাথী রানী বাংলাদেশকে ভালোই এগিয়ে নিচ্ছিলেন।

কিন্তু ২৭ রানে এই জুটিকে ভাঙেন সাদিয়া ইকবাল। শাওয়াল জুলফিকারের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান তিনি। দলীয় স্কোরে আর মাত্র পাঁচ রান যোগ করতেই নাসরা সান্ধুর শিকারে পরিণত হয়ে মাঠ ছাড়তে হয় লাল-সবুজের টপ অর্ডারের আরেক ব্যাটার সাথী রানীকে।

মাত্র দুই রানে সেই সান্ধুর শিকারে পরিণত হন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি। মাত্র ৩৪ রানেই নেই বাংলাদেশের ৩ উইকেট। কিছুটা ব্যাকফুটে চলে যান লাল-সবুজের মেয়েরা। সান্ধুর তৃতীয় শিকারে পরিণত হন ৫ রান করা সোবহানা মোস্তারী। তখন স্কোর বোর্ডে ৪৩ রান।

জয়ের দিকেই এগোচ্ছে বাংলাদেশ। পরের অধ্যায়টা অবশ্য ব্রোঞ্জ জয়েরই। পঞ্চম উইকেট জুটিতে স্বর্ণা আক্তার ও রিতু মনি ১৪ রান যোগ করে দলকে এগিয়ে দেন। নিদা দারের দ্বিতীয় শিকারে পরিণত হন রিতু মনি। তবে সোমা আক্তার ও সুলতানা খাতুন উইকেটে থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

২০১০ গুয়াংজু এশিয়াডে পুরুষ ক্রিকেট দল স্বর্ণ ও মেয়েরা রুপা, ২০১৪ ইনচন এশিয়াডে মেয়েরা রুপা ও পুরুষ দল ব্রোঞ্জ জিতেছিল। এশিয়ান গেমসে এটা বাংলাদেশ ক্রিকেট দলের পঞ্চম পদক জয়, যা কাবাডির পর দ্বিতীয় সর্বোচ্চ পদক লাল-সবুজের দেশটির।

বাংলাদেশের বিপক্ষে ২৫৪ রানে অলআউট নিউজিল্যান্ড

বাংলাদেশের বিপক্ষে ২৫৪ রানে অলআউট নিউজিল্যান্ড

 

স্পোর্টস ডেস্কঃ

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশ এবং নিউজিল্যান্ড। শনিবার মিরপুরের শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বাংলাদেশকে ফিল্ডিংয়ে পাঠান অধিনায়ক লকি ফার্গুসন।৩ উইকেট হারানোর পর শুরুর চাপ সামাল দেন হেনরি নিকোলস এবং টম ব্লান্ডেল। তবে শেষ দিকে খালিদ আহমেদ এবং মাহদী হাসানের দুর্দান্ত বোলিং তোপে দিশেহারা নিউজিল্যান্ড।

টস জিতে ব্যাট করতে নেমে ভালোর আভাস দেন নিউজিল্যান্ড। দলীয় ১৫ রানে প্রথম উইকেট হারায় দলটি। রানের আগেই সাজঘরে ফিরে যান উইল ইয়াং। এরপর নামে চ্যাড বোয়েস। তবে দ্রুত উইকেট পড়লেও আক্রমণাত্মক ব্যাট চালাচ্ছিলেন আরেক ওপেনার ফিন অ্যালেন। দলীয় ২৬ রানে ১৫ বলে ১২ রান করে মুস্তাফিজুর রহমানের বলে আউট হন অ্যালেন।

এরপর ব্যাটিংয়ে হেনরি নিকোলসকে নিয়ে চাপ সামাল দিতে ব্যর্থ চ্যাড বোয়েস। দলীয় ৩৬ রানে ১৯ বলে ১৪ রান করে খালিদ আহমেদের বলে আউট হন। এরপর হেনরি নিকোলস সঙ্গে নিয়ে পরিস্তিতি সামাল দেওয়ার চেষ্টা করেন ক্রিজে আসা টম ব্লান্ডেল। দুজন মিলে ৯৫ রানের জুটি গড়েন। ব্যাটিংয়ে নিজের অর্ধশত পূর্ণ করেন টম ব্লান্ডেল। দলীয় ১৩১ রানে ৬১ বলে ৪৯ রান করা নিকোলাসকে আউট করে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন খালিদ আহমেদ।

এরপর রাচিন রবীন্দ্র দলীয় ১৫৭ রানে ১৪ বলে ১০ রানে আউট হন। তারপর ব্যাটিংয়ে কোল ম্যাকনকি। দলীয় ১৬৬ রানে ৬৬ বলে ৬৮ রান করে আউট হন টম ব্লান্ডেল। এরপর ইশ সোধিকে নিয়ে ২১ রানের জুটি করেন কোল ম্যাকনকি। দলীয় ১৮৭ রানে ৩৩ বলে ২০ রান করে নাসুমের বলে আউট হন টম ব্লান্ডেল।

এরপর কাইল জেমিসনকে নিয়ে আক্রমণাত্মক ব্যাটিং করতে থাকে ইশ সোধি। তবে ২১৮ রানে ২৮ বলে ২০ রান করে আউট হন কাইল জেমিসন। এরপর লকি ফার্গুসন। ৪৫ তম ওভারে ইশ সোধিকে ম্যান কাডের ফাঁদে ফেলেন হাসান মাহমুদ। দলীয় ২৪০ রানে ১২ বলে ১৩ রান করে আউট হন লকি ফার্গুসন। শেষ ব্যাটিং হিসাবে নামেন ট্রেন্ট বোল্ট। দলীয় ২৫৪ রানে ৪ বল বাকি থাকতে ৩৯ বলে ৩৪ রান আউট হন ইশ সোধি। বাংলাদেশের পক্ষে খালিদ আহমেদ এবং মাহদী হাসান ৩টি করে উইকেট নেন।

আগামী ৭ অক্টোবর বাংলা‌দে‌শে আগাম পর্যবেক্ষক দল পাঠা‌চ্ছে যুক্তরাষ্ট্র

আগামী ৭ অক্টোবর বাংলা‌দে‌শে আগাম পর্যবেক্ষক দল পাঠা‌চ্ছে যুক্তরাষ্ট্র

ডেস্ক রিপোর্ট:

নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমানের তথ্য অনুযায়ী, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ আগামী জানুয়ারির প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে। এই নির্বাচন ঘিরে আগামী ৭ অক্টোবর এক সপ্তা‌হের জন্য বাংলা‌দেশ সফ‌রে আস‌ছে যুক্তরাষ্ট্রের একটি আগাম পর্যবেক্ষক দল।

বৃহস্প‌তিবার ঢাকার মা‌র্কিন দূতাবা‌সে সাংবা‌দি‌কদের স‌ঙ্গে আলাপকা‌লে এ তথ্য জানান দূতাবাসের মুখপাত্র ব্রায়ান শিলার।

দূতাবাসের মুখপাত্র জানান, মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থায়নে পরিচালিত ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই) এবং ন্যাশনাল ডেমোক্র্যাটিক ইনস্টিটিউট (এনডিআই) আন্তর্জাতিক পর্যবেক্ষকদের জন্য এনডিআই-এর নীতিমালার ঘোষণা অনুযায়ী স্বাধীনভাবে এবং নিরপেক্ষভাবে একটি যৌথ প্রাক্-নির্বাচন মূল্যায়ন মিশন (পিইএএম) পরিচালনা করবে।

তিনি ব‌লেন, প্রতিনিধি দলটি আগামী ৭ থেকে ১৩ অক্টোবর পর্যন্ত বাংলাদেশ সফর করবে। প্রতি‌নি‌ধি দ‌লে ৬ জন সদস্য এবং তা‌দের সহায়তার জন্য কিছু কর্মকর্তা থাক‌বেন।

প্রতিনিধি দলটি বাংলাদেশ নির্বাচন কমিশন, সরকারি সংস্থা, রাজনৈতিক দল, নাগরিক সমাজ, নারী সমাজ, সুশীল সমাজ, বি‌ভিন্ন সংস্থা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণমাধ্যমের কর্তাব্যক্তি এবং ঢাকার বি‌দে‌শি মিশ‌নের কূটনী‌তিক‌দের স‌ঙ্গে কথা বল‌বে বলেও জানান ব্রায়ান শিলার।

মা‌র্কিন দূতাবা‌সের মুখপাত্র জানান, সফর শেষে প্রতিনিধি দল বিবৃ‌তি দে‌বে- যাতে ইতিবাচক প্রবণতা এবং সেই স‌ঙ্গে উদ্বেগের বিষয়গু‌লো তুলে ধরা হ‌বে। পাশাপা‌শি তারা কিছু সুপা‌রিশ তু‌লে ধর‌বেন।

তিনি বলেন, পরবর্তী‌ সময়ে তারা (প্রতিনিধি দল) আন্তর্জাতিক স্টেকহোল্ডার, ওয়াশিংটন ডিসিতে নীতিনির্ধারক এবং বাংলাদেশের নির্বাচনি অখণ্ডতা সমর্থনকারী নির্বাচনি এলাকাগুলোর সঙ্গে ধারাবাহিক ব্রিফিং এবং পরামর্শের আয়োজন করবে। য‌দিও প্রাক্-নির্বাচন মূল্যায়ন মিশনের প্রাথ‌মিক ভূ‌মিকা হ‌লো নির্বাচনের প্রস্তুতি এবং নির্বাচনি প্রেক্ষাপটে স্বাধীন ও নিরপেক্ষ তথ্য প্রদান করা।

এ ছাড়া বাংলাদেশের জাতীয় নির্বাচ‌নের দিন সীমিত আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষক মিশন পাঠা‌বে কিনা- তাও নির্ধারণ করা হ‌বে বলে জানান ব্রায়ান শিলার।

বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে দুঃসংবাদ পেল

বাংলাদেশ ও পাকিস্তান একসঙ্গে দুঃসংবাদ পেল

ডেস্ক রিপোর্ট:

পাকিস্তান-শ্রীলংকা দ্বৈরথ এশিয়া কাপের অঘোষিত সেমিফাইনালে বৃহস্পতিবার বৃষ্টিবিঘ্নিত ম্যাচে উত্তাপ ছড়িয়েছে।

ম্যাচের একেবারে শেষ বলে গিয়ে পাকিস্তানের বিপক্ষে ২ উইকেটের জয় নিশ্চিত করেছেন স্বাগতিক লংকানরা।

আর তাতে টানা দ্বিতীয় আসরে ফাইনালে খেলার স্বপ্নভঙ্গ হয়েছে বাবর আজমদের। সেই সঙ্গে ওয়ানডে র্যাংকিংয়েও শীর্ষ থেকে এক ধাক্কায় তিনে নেমে গেছেন বাবর আজমরা।

এশিয়া কাপের আগে যেন উড়ছিল পাকিস্তান। বাইশ গজে ব্যাট-বলে রাজত্ব করে ওয়ানডে র্যাংকিংয়ের শীর্ষস্থান দখলে নিয়েছিল বাবর আজম অ্যান্ড কোং।

তবে পাকিস্তানের সঙ্গে শীর্ষত্বের লড়াইটা চলছিল অস্ট্রেলিয়ার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে চলতি সিরিজেই পাকিস্তানকে ধরে ফেলেছিল অজি বাহিনী। এবার বাবরদের টপকে গেলেন প্যাট কামিন্সরা।

ভারত বিশ্বকাপের আগে ওডিআই র্যাংকিংয়ের সেরা তিনে বারবার বদল আসছে। গতকাল ১৪ সেপ্টেম্বর আইসিসির সর্বশেষ হালনাগাদ র্যাংকিং অনুযায়ী, ওডিআই র্যাংকিংয়ে শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে অস্ট্রেলিয়া। ২৬ ম্যাচে তাদের ঝুলিতে ১১৮ রেটিং পয়েন্ট।

অন্যদিকে এখন পর্যন্ত চলতি এশিয়া কাপে একমাত্র অপরাজিত দল ভারত ৩৯ ম্যাচে ১১৬ রেটিং নিয়ে তালিকার তিন থেকে একধাপ এগিয়ে দুইয়ে উঠে এসেছে। আর সুপার ফোরে টানা দুই হারের প্রভাব পড়েছে বাবর আজমদের র্যাংকিংয়ে।

সুপার ফোরে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামার আগে ১১৮ রেটিং নিয়ে অস্ট্রেলিয়ার সঙ্গে যৌথভাবে শীর্ষে ছিল পাকিস্তান।

লঙ্কানদের বিপক্ষে হারের পর তিন পয়েন্ট খোয়া গেছে বাবরদের। ১১৫ রেটিং নিয়ে তালিকায় তিনে নেমে গেছে তারা।

অন্যদিকে আরেকটা ব্যর্থ এশিয়া কাপ মিশনে এখন পর্যন্ত চার ম্যাচে মাত্র এক জয় পেয়েছে বাংলাদেশ। দীর্ঘদিন ধরে র্যাংকিংয়ে সাত নম্বর পজিশনে গেড়ে বসা সাকিবরা অধারাবাহিক পারফরম্যান্সে একধাপ নিচে নেমে এখন আটে অবস্থান করছে। ৩২ ম্যাচে বাংলাদেশের রেটিং পয়েন্ট ৯২।

বাংলাদেশকে টপকে এখন সাতে উঠে এসেছে টানা দ্বিতীয় আসরে এশিয়া কাপের ফাইনাল নিশ্চিত করা শ্রীলংকা। ৩৭ ম্যাচে তাদের রেটিং পয়েন্ট ৯৩।

বাংলাদেশ ২০তম জিডিপির দেশ হিসেবে আবির্ভূত হবে: প্রধানমন্ত্রী

বাংলাদেশ ২০তম জিডিপির দেশ হিসেবে আবির্ভূত হবে: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

বাংলাদেশের অর্থনীতি এখন বিশ্বের বর্ধনশীল পাঁচটি অর্থনীতির একটি। জিডিপিতে আমরা বিশ্বের ৩৫তম এবং ২০৩৭ সালের মধ্যে বাংলাদেশ ২০তম জিডিপির দেশ হিসেবে আবির্ভূত হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সকালে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান গ্রিন ইনভেস্টমেন্ট অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।

শেখ হাসিনা বলেন, বিএনপি-জামায়াতের পাঁচ বছর এবং সামরিক সরকারের পরবর্তী বছরগুলোতে বাংলাদেশের অর্থনীতি সম্পূর্ণ মন্দার কবলে পড়েছিল।

প্রধানমন্ত্রী বলেন, আওয়ামী লীগ ‘৯৬ সালে সরকার গঠন করে। সুচিন্তিত এবং পরিকল্পনা নিয়ে বাংলাদেশকে আমরা এগিয়ে নিয়ে যেতে থাকি। বাংলাদেশ ঘুরে দাঁড়াতে শুরু করে। কিন্তু ২০০১ সালে বিএনপি-জামায়াত ক্ষমতায় আসার পর সব উন্নয়নের কাজ থমকে যায়।

সরকারপ্রধান বলেন, ২০০৯ সালের নির্বাচনে বিজয়ী হওয়ার পর আমরা দেশকে সুপরিকল্পিতভাবে এগিয়ে নিয়ে যাই। আমরা স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে দেশ গঠনের কাজে মনোনিবেশ করি। গণতান্ত্রিক পরিবেশ, রাজনৈতিক স্থিতিশীলতা, সরকারের ধারাবাহিকতা এবং পরিকল্পিত উন্নয়ন কর্মসূচি দ্রুত বাংলাদেশের সামাজিক উন্নয়নে ভূমিকা রেখেছে।

পাকিস্তানের কাছে ৭ উইকেটে হারলো বাংলাদেশ

 

স্পোর্টস ডেস্কঃ

এশিয়া কাপের সুপার ফোরের প্রথম ম্যাচে পাকিস্তানের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ। বুধবার (৬ সেপ্টেম্বর) লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেন অধিনায়ক সাকিব আল হাসান। ব্যাট করতে নেমে ব্যাটিং বিপর্যয়ে পড়ে বাংলাদেশ। মাত্র ৪৭ রানে ৪ উইকেট হারায়।

তবে সাকিব ও মুশফিকুর রহিমের ফিফটিতে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। তবে শেষ দিকের ব্যাটারদের ব্যর্থতায় শেষ পর্যন্ত ৩৮ ওভার ৪ বলে ১৯৩ রানে অলআউট হয় লাল-সবুজের প্রতিনিধিরা।

মুশফিক ৮৭ বলে ৬৪ ও সাকিব ৫৭ বলে ৫৩ রান করেন। পাকিস্তানের পক্ষে হারিস রউফ ৪টি ও নাসিম শাহ নেন ৩টি উইকেট।

১৯৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সাবধানী শুরু করেন দুই পাক ওপেনার ইমামুল হক ও ফকর জামান। ইনিংসের চতুর্থ ওভারে শরিফুলের বলে স্লিপে ক্যাচ দেন ফকর। তবে তা তালুবন্দি করতে ব্যর্থ হন নাইম শেখ।

৫ ওভার পর একটি ফ্লাডলাইট বন্ধ হয়ে যায়। সেই কারণে খেলা বন্ধ হয়ে যায়। তবে প্রায় ২০ মিনিটে পরেই আবার শুরু হয় খেলা। এরপর কিছুটা আগ্রাসী ব্যাটিং করে দুই পাক ওপেনার।

তবে ইনিংসের দশম ওভারে প্রথম সাফল্যের দেখা পায় বাংলাদেশ। দলীয় ৩৫ রানে ৩১ বলে ২০ রান করে সাজঘরে ফিরে যান ফকর। তার বিদায়ের পর ক্রিজে আসেন পাক অধিনায়ক বাবর আজম।

ইমামুলকে সঙ্গে নিয়ে রানের চাকা সচল রাখেন বাবর। তবে দলীয় ৭৪ রানে ২২ বলে ১৭ রান করে তাসকিনের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান তিনি।

বাবরের বিদায়ের পর ক্রিজে আসেন মোহাম্মদ রিজওয়ান। ইমামুল ও রিজওয়ান মিলে পাকিস্তানের জয়ের ভীত গড়ে দেন। তবে দলীয় ১৫৯ রানে ৮৪ বলে ৭৮ রানে আউট হন ইমামুল।

এরপর ক্রিজে আসা আঘা সালমানকে সঙ্গে নিয়ে দলের জয় নিশ্চিত করে মাঠ ছাড়েন রিজওয়ান।