Tag Archives: লকডাউন

কুমিল্লায় আজও করোনায় মৃত্যু ৭ জনের, মৃত্যু বেড়ে ৫০৭

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় জেলাজুড়ে দিন দিন বাড়ছে করোনা ভাইরাসে মৃত্যু ও আক্রান্তের সংখ্যা। আজও করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের। এ পর্যন্ত করোনায় মোট মৃত্যু হয়েছে ৫০৭ জনের।

বুধবার (৭ জুলাই) করোনায় মৃতদের মধ্যে- কুমিল্লা শহরের ৩ জন, বুড়িচংয়ের ২ জন ও মুরাদনগরের ২ জন।

এছাড়াও গত ২৪ ঘন্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছে ৩৯৩ জন। এই নিয়ে করোনা রোগীর সংখ্যা বেড়ে দাঁড়াল ১৫ হাজার ৯৫৫ জনে।

নতুন আক্রান্তদের মধ্যে- সিটি করপোরেশনে ১৮০ জন, আদর্শ সদরে ২৮ জন, সদর দক্ষিণে ৯ জন, বুড়িচংয়ে ৩১ জন, ব্রাহ্মণপাড়ায় ৪ জন, চান্দিনায় ১৯ জন, চৌদ্দগ্রামে ২৮ জন, দেবিদ্বারে ৭ জন, দাউদকান্দিতে ২ জন, লাকসামে ২৭ জন, লালমাইয়ে ৫ জন, নাঙ্গলকোটে ৫ জন, বরুড়ায় ১২ জন, মনোহরগঞ্জে ৯ জন, মুরাদনগরে ১৮ জন, মেঘনায় ২ জন, তিতাসে ৫ জন ও হোমনায় ১ জন।

এছাড়াও একদিনে সুস্থ্য হয়ে উঠেছেন ৭৫ জন। এ পর্যন্ত মোট সুস্থ্য হয়েছে ১২ হাজার ১১২ জন।

আজ সুস্থ্যদের মধ্যে- শহরের ২৫ জন, আদর্শ সদরের ৯ জন, বুড়িচংয়ের ১৭ জন, ব্রাহ্মণপাড়ার ২ জন, লালমাইয়ে ৮ জন, নাঙ্গলকোটের ১ জন ও মনোহরগঞ্জে ১৩ জন।

স্বাস্থ্য বিধি উপেক্ষা করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যাত্রী পরিবহন

 

শরীফুল ইসলাম, চান্দিনাঃ

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা অংশে স্বাস্থ্য বিধি উপেক্ষা করে যাত্রী পরিবহন করা হচ্ছে। সোমবার থেকে করোনা ভাইরাসের সংক্রামণ রোধে সকল প্রকার গণপরিবহন বন্ধ ঘোষণার পরও মহাসড়কের এই অংশে থেমে নেই যাত্রী পরিবহন।

সরেজমিনে মঙ্গলবার (২৯ জুন) চান্দিনা বাস স্টেশন ঘুরে দেখা যায়, অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার, মারুতি, সিএনজি অটোরিকশা, পিকআপ এমনকি মোটরসাইকেল দিয়েও অবাধে যাতায়াত করছে যাত্রীরা। স্বাস্থ্য বিধি মানার ক্ষেত্রে চালকরা একেবারেই উদাসীন। মাইক্রোবাস, মারুতিসহ অন্যান্য পরিবহণে একই সিটে ৪-৫ জন করে যাত্রী নিয়ে চলাচল করতে দেখা গেছে। মহাসড়কের চান্দিনা অংশে শুধু বাস ছাড়া সকল যানবাহনই চলাচল করছে।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিমসার, চান্দিনা ও মাধাইয়া স্টেশন এলাকা ঘুড়ে দেখা গেছে, ‘লকডাউনে’ বাস চলাচল বন্ধ থাকায় অবৈধ যানবাহনগুলো যাত্রী পরিবহনে নেমে পড়েছে মহাসড়কে। প্রাইভেট অ্যাম্বুলেন্স, মাইক্রোবাস, প্রাইভেটকার দিয়ে ২-৩ গুণ অতিরিক্ত ভাড়ায় ঢাকার উদ্দেশ্যে যাত্রী নিতে দেখা গেছে। জেলার ভিতরের যাত্রীদের বহনে সিএনজি অটোরিকশা, ফিটনেসবিহীন মারুতি-মাইক্রোবাস, পিকআপ চলাচল করছে। মহাসড়কের চান্দিনা স্টেশন এলাকায় ঢাকায় যাত্রী বহন করতে সারি সারি প্রাইভেট পরিবহন দাঁড়িয়ে রয়েছে।

মাইক্রোবাস চালক ফরিদ উদ্দিন বলেন, ‘কি করবো? প্রাইভেট ভাড়া নাই, তাই গাড়ি নিয়ে রাস্তায় নেমেছি। যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পথে পুলিশ আটক করবে না? এমন প্রশ্নে তিনি জানান- ‘ব্যবস্থা কইরাই যামু’। যাত্রী আব্দুর রব বলেন, ‘ঢাকায় আমার কাজ আছে, তাই ৪’শ টাকা ভাড়া দিয়েই মাইক্রোবাসে উঠেছি। ১১ জন যাত্রী আছে, পুলিশ ধরলে আমরা এক পরিবারের সদস্য বলতে বলেছে চালক।’

বাসের বিকল্প হিসেবে অন্যান্য পরিবহনে এভাবে যাত্রী পরিবহন চলতে থাকলে করোনা ভাইরাসের ডেল্টা ভেরিয়েন্টসহ সংক্রামণ রোধে ‘লকডাউন’ অনেকটাই অকার্যকর হয়ে পড়বে বলে মনে করছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা।

কুমিল্লা মেডিক্যাল কলেজের সাবেক পরিচালক ডা. মুজিব রাহমান বলেন, ‘মানুষকে ঘরে রাখতে সকল প্রকার গণপরিবহন বন্ধ করেছে সরকার। কিন্তু বাসের বিকল্প সকল পরিবহন চলতে থাকলে সেই ‘লকডাউন’ কোনো কাজেই আসবে না। বর্তমান ঢেউয়ের সংক্রামণ মারাত্মক আকার ধারণ করছে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়নে প্রশাসনকে আরো কঠোর হতে হবে।’

হাইওয়ে ময়নামতি ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান বলেন, ‘চান্দিনার কাঠেরপুল এলাকায় আমরা চেক পোস্ট করে অভিযান চালাচ্ছি। বিদেশগামী যাত্রী ও রোগী ব্যতিত সকল প্রাইভেট পরিবহন বন্ধ করে দিচ্ছি। আমাদের অভিযান অব্যাহত আছে।

আজ থেকে চাঁদপুর হতে সকল রুটে লঞ্চ চলাচল বন্ধ

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

মঙ্গলবার (২২ জুন) থেকে চাঁদপুর হতে সকল রুটে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রাখার ঘোষণা দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। করোনা সংক্রমণ রোধে ঢাকার পার্শ্ববর্তী সাতটি জেলা লকডাউনের পর এ সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ।

চাঁদপুর বিআইডব্লিউটিএ বন্দর কর্মকর্তা মোঃ কায়সারুল ইসলাম বলেন, প্রথমে চাঁদপুর-নারায়ণগঞ্জ রুটে লঞ্চ চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত হয়। পরে চাঁদপুর-ঢাকা রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশনা আসে। চাঁদপুর-ঢাকা রুটে ১৭টি ও নারায়ণগঞ্জ রুটে ১৪টি লঞ্চ চলাচল করে। এ নৌরুটে যেসব লঞ্চ চলাচল করতো তা সম্পূর্ণ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।

সরকারি নির্দেশনা অনুযায়ী মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ, গাজীপুর, মাদারীপুর, রাজবাড়ি, গোপালগঞ্জ জেলায় মঙ্গলবার (২২ জুন) সকাল ৬টা থেকে ৩০ জুন রাত ১২টা পর্যন্ত সাধারণ মানুষের চলাচল সম্পূর্ণ বন্ধ থাকবে। গণপরিবহন চলাচল করবে না। বাজার-শপিংমল বন্ধ থাকবে। সরকারি-বেসরকারি অফিসও বন্ধ থাকবে (জরুরি সরকারি অফিস ছাড়া)। সরকারের এ নির্দেশনার আলোকেই এসব জেলায় যাত্রীবাহী নৌযান চলাচল বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

পুরো মাস জুড়েই লকডাউনের পরিকল্পনা: বন্ধ থাকতে পারে দোকানপাট-যানবাহন

 

ডেস্ক রিপোর্ট:

পুরো মাসজুড়ে লকডাউনের পরিকল্পনা করছে সরকার। আগামী ১৬ মে শেষ হচ্ছে বর্তমান লকডাউনের মেয়াদ। ইতিমধ্যে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে যে, নতুন করে লকডাউনের মেয়াদ বৃদ্ধি করা হবে। প্রাথমিকভাবে ৭ দিন লকডাউনের মেয়াদ বৃদ্ধির কথা বলা হচ্ছে। কিন্তু সরকারের নীতিনির্ধারক মহল পুরো মাস জুড়েই কঠোর বিধিনিষেধ আরোপের চিন্তাভাবনা করছে বলে জানা গেছে। আগামীকাল এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করার সম্ভাবনা রয়েছে। আজ ঈদের পরদিন সরকারের উচ্চ পর্যায়ের একাধিক কর্মকর্তা সামনের দিনগুলোতে কিভাবে জনগণের চলাফেরা সীমিত করা যায় সেটি নিয়ে কাজ করছেন বলে জানা গেছে। এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সঙ্গেও সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তারা কথা বলেছেন বলে একাধিক দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে যে, সরকার প্রথম যে চ্যালেঞ্জটি মোকাবেলা করতে চাচ্ছে তা হলো, যে সমস্ত মানুষ ঈদে ঢাকার বাইরে গেছেন তাদের ঢাকায় ফেরা বন্ধ করা এবং এটি যদি বন্ধ না করা যায়, তাহলে পরে বাংলাদেশে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করতে পারে। আর এ কারণে গণপরিবহন বন্ধসহ যেনো ৬৫ লাখ মানুষ আবার ঢাকায় ফিরতে না পারে সে জন্য কি ব্যবস্থা নেয়া যায় সেটির বিষয় ভাবনা চিন্তা করা হচ্ছে।

দ্বিতীয়ত, ভারতীয় ভেরিয়েন্ট ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে বাংলাদেশে যেন করোনার তৃতীয় ঢেউ না আসে, সেজন্য যে বিধিনিষেধ গুলো আছে সেই বিধিনিষেধ গুলো আরো কঠোরভাবে আরোপ করার বিষয়টি ভাবা হচ্ছে। এখানে কিছু অনুকূল পরিস্থিতি আছে বলে সরকারের দায়িত্বশীল সূত্রগুলো নিশ্চিত করছে। তারা মনে করছে যে, ঈদের সময় দোকান খুলে রাখার একটা চাপ ছিলো। বিশেষ করে ঈদ কেনাকাটা দোকান ব্যবসায়ীদের আয়ের একটি বড় উৎস। যেহেতু ঈদ চলে গেছে কাজেই এক সপ্তাহ বা দুই সপ্তাহ যদি দোকানপাট বন্ধ রাখা যায় তাহলে এটির কোনো প্রতিবাদ হবে না।

বিশেষজ্ঞরা মনে করছেন যে, এখন যদি দোকানপাট বন্ধ করে দেওয়া যায়, তাহলে সংক্রমণ কমে যাবে। ঈদের কারণে নানা বাস্তবতা ও অভ্যন্তরীণ গণপরিবহন চালু করা হয়েছিলো। বিশেষ করে মানুষজন শপিংমলে যেতে পারে এবং বিভিন্ন আয় উপার্জনের কাজ করতে পারে সেজন্য। এখন কিছুদিনের জন্য গণপরিবহন বন্ধ করাটা খুব একটা কষ্টকর হবে না বলে সরকার বিবেচনা করছে। এরকমভাবে আরো কিছু বিধিনিষেধ আরোপ করে আগামী দুই সপ্তাহ সরকার এক ধরনের কঠোর অবস্থা গ্রহণের পরিকল্পনা নিচ্ছে বলে জানা গেছে।

তৃতীয়ত, অফিস-আদালতগুলো সীমিত করা। সরকার মনে করছে যে, অফিস-আদালত খোলা রাখার কারণে মানুষের যাতায়াত বেড়েছিলো। সেজন্য এখন যদি অফিস আদালতগুলো একেবারে দুই সপ্তাহের জন্য পুরোপুরি বন্ধ করে দেওয়া যায়, সেক্ষেত্রে পরিস্থিতির উন্নতি হবে

চতুর্থত, পুলিশকে ম্যাজিস্ট্রেসি ক্ষমতা দেওয়ার চিন্তাভাবনা করছে সরকার। একজন মানুষ বিনা কারণে বের হচ্ছে, নানা অজুহাতে বের হচ্ছে, তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণের এখতিয়ার আইন প্রয়োগকারী সংস্থার নেই। সেই জন্যই এখন মনে করা হচ্ছে যে, আগামী এক সপ্তাহ বা দুই সপ্তাহ যদি পুলিশকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া যায়, তারা যদি বিনা কারণে ঘোরাফেরা করা মানুষগুলোকে শাস্তির আওতায় আনতে পারে তাহলে হয়তো সরকারি যে বিধিনিষেধ তা বাস্তবায়ন সহজ হবে।

পঞ্চমত, স্বাস্থ্যবিধিতে কড়াকড়ি আরোপ: বিভিন্ন প্রয়োজনে যারা বের হবেন, তারা যেনো স্বাস্থ্যবিধি মেনে চলেন। বিশেষ করে মাস্ক পড়া এবং হ্ত ধোয়া ইত্যাদি ব্যবস্থাপনাগুলো কঠোরভাবে অনুসৃত হয় সেটির ব্যাপারে মনোযোগী হতে চায় সরকার।

তবে দুই সপ্তাহের লকডাউনে কিছু চ্যালেঞ্জ রয়েছে বলে সরকার মনে করছে। বিশেষ করে যে মানুষগুলো ঢাকার বাইরে গেছে তারা আবার ঢাকায় ফিরবে এবং এটি ঠেকানো একটা বড় ধরনের চ্যালেঞ্জ হবে। ঈদের আগে দেখা গেছে যে, গণপরিবহন বন্ধ রেখেও মানুষের ঘরে ফেরা ঠেকানো যায়নি। এখন তাদের ঢাকায় ফেরা ঠেকানো যাবে কিনা এ নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কিছু কিছু বিশেষজ্ঞ মনে করছেন যে, বাংলাদেশের বাস্তবতায় কঠোর বিধিনিষেধের চেয়ে স্বাস্থ্যবিধিকে গুরুত্ব দেওয়া, বিশেষ করে মাস্ক ব্যবহারের ওপর গুরুত্ব দেওয়াটাই অত্যন্ত জরুরী। আর সে কারণেই আগামী পরশু থেকে যে লকডাউনের বিধিনিষেধ হবে, সেই বিধিনিষেধ যদি শেষ পর্যন্ত কার্যকর না হয় তাহলে স্বাস্থ্যবিধি মানার ওপরে গুরুত্ব দিয়েই সরকারের কাজ করা উচিত বলে কেউ কেউ মনে করছেন।

 

এসএসসির ফরম পূরণ স্থগিত, লকডাউন শেষে সময় বৃদ্ধির সিদ্ধান্ত

 

ডেস্ক রিপোর্টঃ

লকডাউনের কারণে সারাদেশে এসএসসির ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। তবে বিলম্ব ফি ছাড়া নতুন করে ফরম পূরণের সময় বাড়ানো হবে বলে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড থেকে জানা গেছে।

গত ১ এপ্রিল থেকে এসএসসির ফরম পূরণ শুরু হয়। ৭ এপ্রিল পর্যন্ত ফরম পূরণ চলার কথা ছিল। কিন্তু করোনা সংক্রমণ বেড়ে যাওয়ায় সোমবার (৫ এপ্রিল) থেকে সারাদেশে লকডাউন শুরু হয়। এ কারণে এসএসসির ফরম পূরণও স্থগিত রাখা হয়।

এ বিষয়ে জানতে চাইলে সোমবার (০৫ এপ্রিল) আন্তঃশিক্ষা সমন্বয়ক বোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ বলেন, ‘লকডাউনের কারণে এসএসসির চলমান ফরম পূরণ স্থগিত রাখা হয়েছে। বর্তমানে মহামারি একটি জাতীয় সমস্যা, তাই লকডাউন শেষে ফরম পূরণের সময় বাড়ানো হবে। বিলম্ব ফি ছাড়া পরীক্ষার্থীরা ফরম পূরণ করতে পারবেন।’

কতদিন সময় বাড়ানো হতে পারে এমন প্রশ্নে তিনি বলেন, ‘ইতোমধ্যে অধিকাংশ শিক্ষার্থী নিজেদের ফরম পূরণের কাজ শেষ করেছে। এখনো যারা বাকি রয়েছে তাদের সুবিধার্থে লকডাউন শেষে নতুন করে বিলম্ব ফি ছাড়া ৪ থেকে ৫ দিন সময় বাড়ানো হবে। যেহেতু এসএসসি পরীক্ষার সময় এখনো নির্ধারণ হয়নি, সেহেতু প্রয়োজনে এ সময় আরও বাড়ানো হতে পারে।’

সংশ্লিষ্ট সূত্র মতে, ৭ এপ্রিল পর্যন্ত বিলম্ব ফি ছাড়া ফরম পূরণ করতে পারবেন শিক্ষার্থীরা। বিলম্ব ফি ছাড়া অনলাইনে ফি জমা দেয়ার সময় ৮ এপ্রিল শেষ হবে।

বিলম্ব ফিসহ ১০ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত অনলাইনে ফরম পূরণ করতে বিজ্ঞপ্তি প্রকাশ করবে দেশের সব শিক্ষা বোর্ডগুলো।

জার্মানিতে দ্বিতীয় দফার লকডাউন: বিপাকে প্রবাসী বাংলাদেশিরা

 

ডেস্ক রিপোর্টঃ

জার্মানিতে দ্বিতীয় দফার লকডাউনের সময়সীমা আরো বাড়ানোয় বিপাকে পড়েছেন সে দেশে বসবাসরত প্রবাসী ব্যবসায়ীরা। তবে সবচেয়ে বেশি ক্ষতির মুখোমুখি রেস্তোরাঁ ব্যবসায় বিনিয়োগকারীরা।

করোনা মহামারিতে টালমাটাল পুরো জার্মানি। সেই সঙ্গে ইউরোপের ২৭টি দেশের সঙ্গে একযোগে টিকা প্রদান কার্যক্রম শুরু করলেও মৃত আর আক্রান্তের লাগাম টানতে না পারা যেন অদৃষ্টেরই লিখন। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটিতে বসবাসরত প্রবাসী রেস্টুরেন্ট ব্যবসায়ীদের। গত ১০ জানুয়ারি পর্যন্ত প্রশাসনের দেওয়া লকডাউনের সময় আরো কয়েক সপ্তাহ বেড়ে যাওয়ায় ব্যবসায়ীদের লোকসানের শঙ্কা আরো তীব্র হয়েছে।

দেশটিতে বসবাসরত অন্য ব্যবসায়ীদের মতো এ ব্যবসায়ীরাও দুঃখভরা কণ্ঠে আরো বলেন, করোনার ভয়াবহতা চলতে থাকলে এই খাতে কর্মসংস্থান হওয়া প্রবাসীরা যেমন বিপাকে পড়বেন তেমনি দেশে রেমিটেন্স পাঠানোর প্রক্রিয়াতে নামতে পারে অনাকাঙ্ক্ষিত ভয়াবহ ধস।

এদিকে দেশটিতে করোনায় পাল্লা দিয়ে বাড়ছে নানা খাতে কর্মহীনদের সংখ্যা। এতে বাড়ছে প্রবাসী বাংলাদেশিদের দুশ্চিন্তাও। সামনের দিনগুলোতে লকডাউন তুলে দিলেও এমন সংকট থেকে উত্তরণে বেশ কয়েক বছর লেগে যাবে বলছেন অর্থনীতিবিদরা।

এবার নিজের সম্পত্তি বন্ধক রেখে দরিদ্র বঞ্চিত মানুষের পাশে সোনু

বিনোদন ডেস্কঃ

ভারতের লকডাউনে শ্রমিক ও দরিদ্র মানুষদের জন‍্য ‘সুপারম‍্যান’এর অবতারে হাজির হয়েছিলেন দক্ষিণী তারকা সোনু সূদ। বলিউডের পরিচিত এই অভিনেতার যেন সম্পূর্ণ নতুন এক রুপের সঙ্গে পরিচয় ঘটেছে লকডাউনের সময়। অক্লান্ত পরিশ্রমে যারাই সাহায‍্য চেয়েছেন তাদের জন‍্য ছুটে যান সোনু।

লকডাউন শেষ হয়ে গেলেও কাজ শেষ হয়নি সোনুর। এখনও প্রতিনিয়ত সাহায‍্যের প্রার্থনায় সাড়া দিয়ে হাত বাড়িয়ে দিচ্ছেন তিনি। পড়ুয়াদের পড়াশোনার সুযোগ সুবিধা, অসহায় রোগীর সাহায‍্য সব কাজেই এগিয়ে আসছেন সোনু। মানুষ ধন‍্য ধন‍্য করছেন অভিনেতাকে।

ফের একবার নিজের মহত্ব দিয়ে মানুষের মন জয় করে নিলেন সোনু। প্রমাণ করে দিলেন, তিনি সত‍্যিই ‘গরিবের মসিহা’। এবার দরিদ্র বঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর জন‍্য নিজের সম্পত্তি পর্যন্ত বন্ধক রেখে দিলেন সোনু। ১০ কোটি রুপি ঋণ নিয়ে নিজের ৮টি সম্পত্তি বন্ধক রাখলেন এই তারকা।