Tag Archives: হাজীগঞ্জ

হাজীগঞ্জে দু গ্রুপের সংঘর্ষের

হাজীগঞ্জে দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

হাজীগঞ্জে দু গ্রুপের সংঘর্ষের ঘটনায় আহত মাদ্রাসা ছাত্রের মৃত্যু

চাঁদপুর প্রতিনিধিঃ

চাঁদপুরের হাজীগঞ্জে শুক্রবার রাতে পূর্বে ঘটিত একটি মেয়েলি ঘটনাকে কেন্দ্র করে পৌরসভাধীন টোরাগড় ও মকিমাবাদ এলাকার সর্দার বাড়ীর লোকজনের সাথে ধাওয়া পাল্টা-ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত মাদরাসা ছাত্র সাইমুম (১৪) চিকিৎসাধীন অবস্থায় শনিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার সময় ঢাকা সুপার ম্যাক্স হাসপাতালে মৃত্যুবরণ করেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে সাইমুমের খালা সাথী বেগম।

নিহত সাইমুমের গ্রামের বাড়ী হাজীগঞ্জের দিগচাইল গ্রামে। তার বাবা নেই। মায়ের দ্বিতীয় বিয়ে হয়েছে। মার সাথে সে হাজীগঞ্জ পৌরসভাধীন ৩নং ওয়ার্ড খাটরাবিলওয়াই কোকাকোলা ঘাট এলাকায় বাসা ভাড়া থাকে এবং স্থানীয় একটি হেফজ খানায় হাফেজি পড়েন। সাইমুমের মা বিউটি আক্তার ছেলের সাথে ঢাকা সুপার ম্যাক্স হাসপাতালে অবস্থান করছেন।

সাইমুমের বাবা ইউনুছ মুঠো ফোনে কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমার বাড়ী চাঁদপুর সদর উপজেলার মহামায়া বাজার এলাকায়। আমি ছেলেটিকে আমার ছেলে মনে করেই লেখাপড়া করাচ্ছিলাম। তার বাবা মারা যাওয়ার পর তার মা বিউটিকে আমি বিবাহ করি। তারা আমার বুকের ধনকে কেড়ে নিয়েছে। আমি তাদের ফাঁসি চাই। হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মহিউদ্দিন ফারুক বলেন, সাইমুমের মৃত্যুর বিষয়টি আমি শুনেছি। বিষয়টি আমরা দেখছি।

উল্লেখ্য, চাঁদপুরের হাজীগঞ্জে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দল গ্রামবাসির বৃহস্পতি ও শুক্রবার রাতে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় প্রায় অর্ধশতাধীক ব্যক্তিকে কুপিয়ে গুরুতর আহত করে দূর্বৃত্তরা। তারা হাজীগঞ্জ, চাঁদপুর, কুমিল্লা মেডিকেল কলেজ ও ঢাকার বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় হাজীগঞ্জ বাজারের কয়েকটি মার্কেটও ভাংচুর করা হয়। পরবর্তীতে সেনাবাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

শনিবারও হাজীগঞ্জ বাজার থমথমে অবস্থা বিরাজ করছিলো। শনিবার সকাল থেকে হাজীগঞ্জ মকিমাবাদ ও টোরাগড় এলাকায় যৌথবাহিনী অভিযানে নেমে ২জনকে আটক করেছে। এদিকে হাজীগঞ্জ বাজারের ব্যবসায়ীদের নিয়ে রুদ্ধদার বৈঠক করেছেন প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা।

চাঁদপুরে বন্যার পরিস্থিতি

চাঁদপুরের দুই উপজেলায় বন্যার তীব্রতা বৃদ্ধি

ডেস্ক রিপোর্ট:

টানা চার দিন ধরে থেমে থেমে চাঁদপুরে বৃষ্টিপাতের ফলে জলাবদ্ধতা বৃদ্ধি পাচ্ছে। নোয়াখালী, কুমিল্লা ও লক্ষ্মীপুর থেকে নেমে আসা বন্যার পানিও এর সাথে যুক্ত হয়েছে। জেলার শাহরাস্তি ও হাজীগঞ্জ উপজেলায় বন্যার পানি ক্রমেই বাড়ছে, তবে ফরিদগঞ্জে সেচ প্রকল্পের বেড়িবাঁধ থাকার কারণে জলাবদ্ধতা কিছুটা কমেছে। তবে বৃষ্টিপাত অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়তে পারে। তিনটি উপজেলায় প্রায় ১০ হাজার মানুষ আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে।

শাহরাস্তি উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসির আরাফাত জানিয়েছেন, শাহরাস্তির ছয়টি ইউনিয়নের শতাধিক গ্রাম পানিতে ডুবে আছে।

হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তাপস শীল বলেন, হাজীগঞ্জের চারটি ইউনিয়নের অর্ধশত গ্রাম বন্যায় প্লাবিত হয়েছে। নিয়মিত তদারকির মাধ্যমে ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের মাঝে শুকনো খাবার ও চাল বিতরণ করা হচ্ছে। ডাকাতিয়া নদী দিয়ে পানি নামছে এবং শিগগিরই বন্যা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসবে বলে আশা করা হচ্ছে।

হাজীগঞ্জ উপজেলার বাসিন্দা জুয়েল রানা জানান, গত কয়েকদিন ধরে গন্ধর্ব্যপুর উত্তর ও দক্ষিণ ইউনিয়নে তারা ত্রাণ সহায়তা দিয়ে আসছেন।

ফরিদগঞ্জ উপজেলার বাসিন্দা আনিছুর রহমান সুজন বলেন, পানি কিছুটা কমেছে তবে রাস্তাঘাট ও ঘরবাড়ি ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। বৃষ্টি না কমলে দুর্ভোগ আরও বাড়বে।

এদিকে কচুয়া উপজেলার বাসিন্দা মঞ্জুর আহমেদ সেলিম জানিয়েছেন, তাদের ১১ নম্বর গোহাট ইউনিয়ন ও ১২ নম্বর আশ্রাফপুর ইউনিয়নে বন্যার পানি ঢুকতে শুরু করেছে।

জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা হেদায়েতুল্লাহ জানান, চাঁদপুরের ৬৪টি ইউনিয়নের বাসিন্দারা পানিবন্দি অবস্থায় দুর্ভোগ পোহাচ্ছেন। প্রশাসন থেকে ২১৪ মেট্রিক টন চাল ও নগদ সাড়ে ৭ লাখ টাকা বিতরণ করা হয়েছে।

হাজীগঞ্জে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

মাসুদ হোসেন:

চাঁদপুরের হাজীগঞ্জ পৌর এলাকায় পৃথক ঘটনায় পুকুরের পানিতে ডুবে রাইসা আক্তার (২) ও মো. ইয়ামিন (২) নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (৩০ জানুয়ারি) বেলা আড়াইটা থেকে ৩টার মধ্যে মকিমাবাদ ও কংগাইশ এলাকায় পৃথক এই ঘটনা ঘটে। উভয় শিশুকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

মৃত শিশুদের মধ্যে রাইসা হাজীগঞ্জ পৌর এলাকার মকিমাবাদ বেপারী বাড়ীর মোঃ আব্দুর রহিমের মেয়ে এবং ইয়ামিন কংগাইশ এলাকার মোঃ লিটন মিয়ার ছেলে।

রাইসার স্বজনরা জানায়, তার বাবা প্রবাসে থাকায় মায়ের সাথে নানার বাড়ীতে থাকতো। দুপুরে বাড়ীর সবার অগোচরে পশ্চিম পাশের ডোবার পানিতে ডুবে যায়। পরে তাকে পানিতে ভেসে থাকতে দেখে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

তার বাবার বাড়ী উপজেলার কালচোঁ ইউনিয়নের সাকছিপাড়া গ্রামে।

অপরদিকে ইয়ামিনের স্বজনরা জানায়, দুপুরে নিখোঁজ হয় ইয়ামিন। বাড়ীর পুকুরের পানিতে তার মৃতদেহ ভেসে উঠে। তাকেও উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে।

হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা গোলাম মাওলা নঈম জানান, দুই শিশুকে হাসপাতালে নিয়ে আসার পূর্বেই মৃত্যু হয়। দুই শিশু পানিতে ডুবে মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন হাজীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুর রশিদ।

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে গাছের চারা কর্তন ও বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ

হাজীগঞ্জে সম্পত্তিগত বিরোধে গাছের চারা কর্তন ও বৃদ্ধা নারীকে মারধরের অভিযোগ

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার রাজারগাঁও ইউনিয়নের মেনাপুরে ইউসুফ বকাউল সহ আরো ৪-৫ জন ব্যক্তির বিরুদ্ধে একই বাড়ির মোহাম্মদ আলী বকাউলের লাগানো গাছ কর্তন ও প্রাণনাশের হুমকির ঘটনায় একজন আহত হওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন ভুক্তভোগী মোহাম্মদ আলী বকাউল।

ঘটনার বিবরণে জানা যায়, ইউনিয়নের মেনাপুর গ্রামের বকাউল বাড়ির মোহাম্মদ আলীর সম্পত্তিতে তার ছেলে নেছার আহমেদ কয়েক বছর আগে কিছু ফলজ গাছ লাগান। কিন্তু পরবর্তীতে পার্শ্ববর্তী অংশীদার একই বাড়ির বাসিন্দা মৃত জুনাব আলীর অংশ দাবী করে বাঁধা দেন তার ছেলেরা। এক পর্যায়ে গত শনিবার (১৪ অক্টোবর) সকালে মোহাম্মদ আলীর ছেলে নেছার আহমেদের লাগানো জীবন্ত গাছগুলো কেটে সাবার করে দেন মৃত জুনাব আলীর ছেলে ইউসুফ বকাউল, কামাল বকাউল, আব্দুস সাত্তার বকাউলের ছেলে আলম বকাউল, কামাল বকাউলের ছেলে রাহুল বকাউল ও রাতুল বকাউল। এ নিয়ে সামাজিক মহলে নিন্দা প্রকাশ করেন অনেকেই। তারা বলেন, মানুষ মানুষের সাথে সম্পত্তি নিয়ে ঝামেলা থাকতেই পারে। কিন্তু জীবন্ত গাছগুলো কি অন্যায় করেছে। গাছগুলো কেটে ফেলা মোটেও ঠিক হয়নি।

ঘটনার দিন বিকেলে সরেজমিনে গিয়ে দেখা যায়, মোহাম্মদ আলী বকাউল এক পা হারিয়ে বৃদ্ধ জীবন নিয়ে চলাচল করতে কস্ট হচ্ছে খুবই। তার ছেলে নেছার আহমেদও ব্যবসার সুবাদে রাজারগাঁও বাজারেই থাকা হয় দিনের বেশিরভাগ সময়। মৃত জুনাব আলীর ছেলেরা সংখ্যাঘনিষ্ট হওয়ায় তাদের সাথে কুলিয়ে উঠতে পারেন না এই ভুক্তভোগী পরিবারটি। তার প্রমাণ হিসেবে সংবাদকর্মীরা যখন ঘটনাস্থলে যায়, তখন সাংবাদিকদের সামনেই বেশী বাড়াবাড়ি করলে মৃত জুনাব আলীর ছেলেরা ক্ষিপ্ত হয়ে ঐ অসহায় পরিবারটিকে দেখে নেয়ার হুমকি প্রদান করেন।

ভুক্তভোগী মোহাম্মদ আলী বকাউলের ছেলে নেছার আহমেদ বলেন, আমাদের সম্পত্তিতে আমরা কিছু গাছ লাগাই। পরে তারা আমাদেরকে গাছগুলো উঠিয়ে নিতে বললে আমরা এলাকার কয়েকজনকে জানালে এবছর তারা পানি কমলে জায়গা মাপ দিয়ে যে পাবে তাকে সীমানা নির্ধারণ করে দেয়ার সিদ্ধান্তে মেনে নেয়ার পর শনিবার জুনাব আলীর ছেলেরা গাছগুলো কেটে ফেলে। আমার মা বাঁধা দিতে গেলে তাকে মারধর করেন এবং তিনি বর্তমানে চাঁদপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন।
এদিকে মৃত জুনাব আলীর এক ছেলে বলেন, সম্পত্তি নির্ধারণ না করে নেছার আহমেদ আমাদের সম্পত্তিতে গাছ লাগিয়েছে। তাদেরকে কয়েকবার বলেছি তারা কোন কর্ণপাত করেন নি। তাই আমরা গাছগুলো কেটে ফেলেছি। তবে গাছগুলো কাটা আমাদের মোটেও ঠিক হয়নি।

এ বিষয়ে রাজারগাঁও ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ আলমগীর কাজী এ প্রতিবেদককে বলেন, ঘটনারদিন আমি ঢাকায় ছিলাম। ভুক্তভোগীরা আমাকে ফোনে বিষয়টি জানিয়েছে।

চাঁদপুরের হাজীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

চাঁদপুরের হাজীগঞ্জে ২ প্রতিষ্ঠানকে ১৩ হাজার টাকা জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে এবং চাঁদপুর জেলা প্রশাসক এর সার্বিক নির্দেশনা মোতাবেক জেলার হাজীগঞ্জ বাজারে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

রবিবার (৮ অক্টোবর) ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে হাজীগঞ্জ বাজারে অস্বাস্থ্যকর পরিবেশ খাবার সংরক্ষণ ও তৈরির অপরাধে শেরাটন হোটেলকে ৮ হাজার টাকা ও মেয়াদোত্তীর্ণ ঔষধ পাওয়ায় সরকার মেডিকেলকে ৫ হাজার টাকা সহ সর্বমোট ১৩ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নূর হোসেন।

হাজীগঞ্জ থানা পুলিশের সার্বিক নিরাপত্তায় অভিযানকালে হাজীগঞ্জ বাজারের মুদি দোকানসহ বিভিন্ন দোকানের ব্যবসায়ীদেরকে সতর্ক করে দেওয়া হয়। এ অভিযান পরিচালনাকালে নূর হোসেন বলেন, ভবিষ্যতে যেন এরূপ অনৈতিক ও অযৌক্তিক কার্য থেকে বিরত থাকে তার জন্য আইনগত হুশিয়ারি করা হয়। সেই সাথে যেসব প্রতিষ্ঠান আইন মেনে ব্যবসা করছে মূল্য তালিকা প্রদর্শন করছে তাদেরকে ধন্যবাদ জানানো হয়েছে এবং আইন মেনে ব্যবসা পরিচালনা অব্যাহত রাখার জন্য উৎসাহিত করা হয়েছে। অনিয়ম রোধে এবং দ্রব্যমূল্যের অযৌক্তিক উর্ধ্বগতি ঠেকাতে ভোক্তা অধিদপ্তর চাঁদপুর এর অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে মিলল দুই নারী-শিশুর লাশ

চাঁদপুরের হাজীগঞ্জে পানিতে মিলল দুই নারী-শিশুর লাশ

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জে মহিদুল ইসলাম (৯) নামের এক শিশু ও মাকসুদা বেগম (২৬) নামের এক নারীর লাশ উদ্ধার করেছে মৃতের স্বজনরা। সোমবার উপজেলার গন্ধর্ব্যপুর দক্ষিণ ইউনিয়নে কাশিমপুর গ্রামের ঠাকুর বাড়ির পুকুর থেকে আর হাজীগঞ্জ সদর ইউনিয়নের মৈশাইদ গ্রামের গাজীবাড়ি সংলগ্ন খালের পানি থেকে মাকসুদার মরদেহ উদ্ধার করা হয়। তারা দুজনই পানিতে ডুবে মারা গেছেন।

মৃত মাকসুদা হাটিলা পূর্ব ইউনিয়নের লাওকরা গ্রামের খন্দকার বাড়ির মো. মামুন হোসেনের স্ত্রী। তার এক মেয়ে ও এক ছেলেসন্তান রয়েছে।

জানা যায়, সোমবার দুপুরে বাড়ির উঠানে সাইকেল নিয়ে খেলাধুলা করছিল শিশু মাহিদুল ইসলাম। খেলাধুলার এক পর্যায়ে শিশুটি পরিবারের সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। এরপর বেশ কিছু সময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে খুঁজতে বের হন। পুকুরে ভাসমান অবস্থায় তার মৃতদেহ দেখতে পান তারা।

এদিকে রবিবার মাকসুদা বেগম চাচাতো বোনের বিয়েতে অংশ নিতে লাওকরা গ্রাম থেকে মৈশাইদ গ্রামে আসেন। বিয়ের দিন সোমবার সকালে চাচাতো বোনের বাড়িতে সাঁকো পার হয়ে যাওয়ার সময় পা পিছলে খালে পড়ে যান। দীর্ঘ সময় পার হওয়ার পর বাসায় ফিরে না আসায় তাকে সবাই খুঁজতে বের হন।

পরে খোঁজাখুঁজির এক পর্যায়ে তার মৈশাইদ গ্রামের গাজীবাড়ি সংলগ্ন খালে মাকসুদা বেগমের পরা ওড়না ভাসতে দেখা যায়। পরে তার মৃতদেহ মেলে খালে। আত্মীয়রা খাল থেকে তার মৃতদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে আসেন। তারা জানান, মাকসুদা মৃগী রোগে আক্রান্ত ছিলেন।

এ বিষয়ে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আব্দুর রশিদ জানায়, আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।

 

চাঁদপুরের হাজীগঞ্জে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় ১০ জন গ্রেপ্তার

চাঁদপুরের হাজীগঞ্জে স্বামী-স্ত্রী হত্যার ঘটনায় ১০ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলায় স্বামী-স্ত্রীকে হত্যার ঘটনায় ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় নিহত দম্পত্তির মেয়ে রিনা রানী থানায় অজ্ঞাতনামাদের আসামি করে অভিযোগ দিলে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

রোববার বিকেলে চাঁদপুর পুলিশ সুপারের কার্যালয়ের সভাকক্ষে এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে মো. সোহাগ হোসেন ওরফে সোহাগ মুন্সি (২৯) ও গোলাম আজম ওরফে মিজান হোসেন (৬৯) নামে দুই ব্যক্তি হত্যার জড়িত থাকার কথা স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। গ্রেপ্তারকৃত বাকিরা হলেন, মাসুদ রানা (২৫), শ্যামল চন্দ্র শীল (২০), মো. আলমাস (৩৫), মো. নেছার আহম্মেদ (৩০), মো. রাকিব হোসেন (২৩), মো. রাশেদ ওরফে (২৬) মাসুদ কামাল (৪৫) ও শাহ আলম ওরফে বাবুল (৪২)।

অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায় জানায়, গত ৮ সেপ্টেম্বর নারায়নগঞ্জের দুলাল সাহার বাড়ি থেকে উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণের মরদেহ উদ্ধার করে পুলিশ। সেদিন আসামিরা চুরির উদ্দেশ্যে দুলাল সাহার বাড়িতে গেলে বৃদ্ধ দম্পতি তাদেরকে চিনে ফেলেন। তাই বৃদ্ধ দম্পতিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়। এই হত্যাকাণ্ডের ঘটনায় বাসার ভেতরে ৬ জন ও বাসার বাইরে ৪/৫ জন ছিল। তারা ঘরের ভেতরে থাকা ১টি সাদা বস্তায়, ৩টি পিতলের প্লেট, ২টি পিতলের চামচ, ২টি পিতলের গ্লাস, ২টি পিতলের বাটি ও পূজা করার ২টি পিতলের বাটি নিয়ে যায়। হত্যার প্রকৃত রহস্য উদ্‌ঘাটনে গ্রেপ্তারকৃতদের রিমান্ড আবেদন করা হবে।

উল্লেখ্য, গত ৮ সেপ্টেম্বর চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার পূর্ব বড়কুল ইউনিয়নের বড়কুল উত্তর গ্রামে উত্তম বর্মন (৬০) ও তার স্ত্রী কাজলী রানীকে (৪৫) হাত-পা বেঁধে হত্যা করে দুর্বৃত্তরা। পরে এ ঘটনায় নিহতদের মেয়ে রিনা রানীর অভিযোগের ভিত্তিতে হাজীগঞ্জ থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়। মামলার সূত্র ধরে পুলিশ আসামিদের গ্রেপ্তার করে।

হাজীগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

হাজীগঞ্জে বাসা থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

ডেস্ক রিপোর্ট:

চাঁদপুরের হাজীগঞ্জের স্বামী-স্ত্রীর হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে হাজীগঞ্জ উপজেলার ৬নং বড়কুল (পূর্ব) ইউনিয়নের উত্তর বড়কুল গ্রামে এ হত্যার ঘটনা ঘটে।

নিহতরা হলো- হরমন বর্মণের ছেলে বৃদ্ধ উত্তম বর্মণ (৬৫) ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ (৫৫)। হত্যার বিষয়টি নিশ্চিত করেছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মজিবুর রহমান।

ইউপি চেয়ারম্যান মো. মজিবুর রহমান জানায়, উত্তম বর্মণ ও তার স্ত্রী কাজলী রাণী বর্মণ কালা সিতার বাড়ি দেখাশোনা করতেন। বাড়ির মালিক দুলাল শাহা স্বপরিবারে নারায়নগঞ্জে বসবাস করেন। সেই সুবাদে বৃদ্ধ দম্পতি দুলালের বাসায় থাকতেন। শুক্রবার সকালে ফুল তুলতে গিয়ে স্থানীয় এক ব্যক্তি ওই ঘরের জানালা ভাঙা দেখতে পান। পরে তিনি ঘরের ভেতর তাদের স্বামী-স্ত্রীকে হাত-পা বাঁধা অবস্থায় দেখে পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

হাজীগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আব্দুর রশিদ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে দুর্বৃত্তরা স্বামী-স্ত্রীকে হত্যা করেছে। তারা মূলত ভাড়া বাড়িতে থাকতেন। তাদের হাত পা-বেঁধে বালিশ চাপায় শ্বাসরোধ করে হত্যা করা হয়। তাদের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন ।

চাঁদপুর হাজীগঞ্জে গলায় জীবন্ত কৈ মাছ আটকে যুবকের মৃত্যু

 

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

চাঁদপুরের হাজীগঞ্জ পৌরসভাধীন এনায়েতপুর গ্রামের ব্রজেন্দ্র ডাক্তার বাড়ির বীরেন্দ্র দাসের ছেলে শিমুল দাস (৩৫) এর গলায় জীবন্ত কৈ মাছ আটকে মৃত্যুবরণ করেন।

এলাকাবাসী সূত্রে জানা যায়, শুক্রবার (১৯ মার্চ) সন্ধ্যার দিকে নিতান্ত শখের বসে হাত দিয়ে কৈ মাছ ধরতে নিজ বাড়ির পুকুরে নামেন শিমুল। বেশ কয়েকটি কৈ মাছ পাওয়ার পর হাতে আরেকটি কৈ মাছ থাকা অবস্থায় সে বুঝতে পারে তার পায়ের নিচে আরেকটি কৈ মাছ আছে। সে সময় শিমুল হাতে থাকা কৈ মাছটি মুখের মধ্যে রেখে ঠোট দিয়ে জাপটে ধরে পায়ের নিচের মাছটি ধরতে গেলে মুখে থাকা মাছটি নাড়া দিয়ে মুখের ভিতর চলে গিয়ে গলায় আটকে যায়।

সঙ্গে সঙ্গে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে শিমুলকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠাতে বলেন। এম্বুল্যান্স যোগে কুমিল্লা নেয়ার পথিমধ্যে সে মারা যান। হাজীগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোয়েব আহম্মদ চিশতী জানান, গলায় মাছটি আটকে থাকা যুবককে কুমিল্লা রেফার করি। পরে শুনেছি যুবকটি মারা গেছে।

পারিবারিক সূত্রে জানা যায়, শিমুল দাস দোপল্লা বাজারে নরসুন্দরের কাজ করতেন। সে বিবাহিত জীবনে দুই সন্তানের জনক।