,

কুমিল্লা সদর দক্ষিণে মহাসড়কের পাশে তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ

আজকের কুমিল্লা ডট কম :
September 8, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার সুয়াগাজী বাজারে সড়ক ও জনপথ (সওজ) বিভাগের জায়গায় গড়ে ওঠা তিন শতাধিক অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়েছে।

মঙ্গলবার সকাল ১০টা থেকে মহাসড়কের পাশে সুয়াগাজী বাজার এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

কুমিল্লা সড়ক ও জনপথ বিভাগ ও জেলা প্রশাসনের যৌথ উদ্যোগে পরিচালিত অভিযানে দোকান, ব্যবসাপ্রতিষ্ঠানসহ বিভিন্ন ধরনের স্থাপনা উচ্ছেদ করা হয়।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে এসব স্থাপনা দখলে ছিল। সুয়াগাজী বাজার এলাকায় সওজের জায়গা দখল করে গড়ে ওঠা পাঁচ শতাধিক অবৈধ স্থাপনা চিহ্নিত করা হয়েছে। এর মধ্যে অভিযানের প্রথম দিনে প্রায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়। পর্যায়ক্রমে আগামী কয়েক দিনে চিহ্নিত অন্য স্থাপনাগুলোও উচ্ছেদ করা হবে।

সওজ কুমিল্লার উপবিভাগীয় প্রকৌশলী মোহাম্মদ আদনান ইবনে হাসান সমকালকে বলেন, সওজের জায়গা অবৈধভাবে দখল করে স্থাপনা নির্মাণকারীদের আগেই নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশ দেওয়ার পরও অনেকে স্থাপনা সরিয়ে নেননি। এ কারণে নিয়মিত উচ্ছেদ অভিযানের অংশ হিসেবে কার্যক্রম শুরু করা হয়েছে।

তিনি বলেন, প্রথম দিনে প্রায় তিন শতাধিক স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। পর্যায়ক্রমে চিহ্নিত সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। উদ্ধার করা সরকারি জায়গা যাতে আবার দখল না হয়, সে বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সুজন চন্দ্র রায় জানান, সড়ক বিভাগের দখল করা জায়গা উদ্ধারে জেলা প্রশাসন ও সড়ক বিভাগ যৌথভাবে এ অভিযান পরিচালনা করছে। সরকারি জায়গা দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে।