শুক্রবার, ১০ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

কুমিল্লায় ভুয়া যাত্রী সেজে ছিনতাই, সেনা অভিযানে প্রতারক গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
মে ১৮, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার কোটবাড়ি উত্তর চৌমুহনী এলাকায় ভুয়া যাত্রী সেজে চালকদের কাছ থেকে টাকা ও মোবাইল ছিনিয়ে নেওয়া এক প্রতারককে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার যৌথ অভিযানে গ্রেপ্তার করা হয়েছে।

গত ১৭ মে রাত ৯টা ২০ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে ৩৩ ফিল্ড ইন্টেলিজেন্স ইউনিট ও ২৩ বীর: আলেখারচর আর্মি ক্যাম্পের একটি টহল দল কোটবাড়ি উত্তর চৌমুহনী এলাকার একটি পানির পাম্প ঘরে অভিযান চালায়। অভিযানে মোঃ লিটন মিয়া (পিতা: রোচু মেম্বার) নামে এক ব্যক্তিকে আটক করা হয়।

আটক ব্যক্তি বিভিন্ন মিনি ট্রাক, মাইক্রোবাস ও অটোরিকশার পেছনে থাকা মোবাইল নম্বরে কল করে যাত্রী সেজে চালকদের নির্জন এলাকায় ডেকে নিয়ে যেত। সেখানে গিয়ে চালকদের মারধর করে মোবাইল ফোন ও নগদ অর্থ ছিনিয়ে নিত এবং বিকাশের মাধ্যমে অর্থ দাবি করত। টাকা না দিলে সে চালকদের প্রাণনাশের হুমকি দিত। টাকা পেয়ে তাদের ছেড়ে দিত।

অভিযানকালে তার কাছ থেকে একটি ছুরি, ফয়েল পেপার, খালি ফেনসিডিলের বোতল, লাইটার, মোমবাতি এবং একটি কাঁচি উদ্ধার করা হয়।

আটকের পর প্রয়োজনীয় ডকুমেন্টেশন ও চিকিৎসা পরীক্ষা সম্পন্ন করে তাকে কুমিল্লা সদর দক্ষিণ থানায় হস্তান্তর করা হয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।