,

কুমিল্লার চান্দপুর থেকে অস্ত্র ও বিপুল পরিমাণ মাদকসহ একজন আটক

আজকের কুমিল্লা ডট কম :
September 27, 2021
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা সদরের চান্দপুর এলাকা থেকে অস্ত্র ও মাদকসহ মোঃ খোরশেদ আলম সুমন (৩৯) নামের এক যুবককে আটক করেছে কুমিল্লা র‌্যাব-১১,সিপিসি-২ সদস্যরা। এ সময় একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন ও ২ রাউন্ড গুলিসহ বিপুল পরিমাণ দেশীয় অস্ত্রসহ ৩৩ বোতল বিয়ার, ৪৬ বোতল বিদেশী মদ, ৮৭ বোতল স্কাফ সিরাপ এবং ৩০ বোতল ফেন্সিডিল জব্দ করা হয়।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৭ সেপ্টেম্বর ভোর রাতে চান্দপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।

আটককৃত মোঃ খোরশেদ আলম সুমন কুমিল্লা সদরের ডুমুরিয়া চান্দপুর গ্রামের মোঃ হাসান আলীর ছেলে।

র‌্যাব জানায়, বিগত ২/৩ বছর পূর্বে সুমনের সাথে প্রতিবেশীদের জমি-জমা সংক্রান্ত বিষয় নিয়ে মারামারির ঘটনা ঘটে, যা স্থানীয়ভাবে মিমাংসা করা হয়। উক্ত ঘটনার পর থেকেই আটককৃত আসামী মোঃ খোরশেদ আলম সুমন অনুধাবন করে যে, এলাকায় আধিপত্য ও প্রভাব বিস্তার করার জন্য তার একটি সন্ত্রাসী গ্রুপ থাকা প্রয়োজন। সেই চিন্তাধারা থেকেই সে অস্ত্র-গোলাবারুদ সংগ্রহ করা শুরু করে এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র মজুদ করে। উক্ত অস্ত্র-গোলাবারুদ দিয়ে সে এলাকায় বিভিন্ন ধরনের সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছিল। এলাকায় প্রভাব বিস্তার করার জন্য সে স্থানীয় যুবকদেরকে সন্ত্রাসী কাজে সম্পৃক্ত করতে থাকে যা ধীরে ধীরে সামাজিক অবক্ষয়ের দিকে ধাবিত হয়। উক্ত সন্ত্রাসী গ্রুপের সদস্যদের অর্থের যোগান এবং সদস্যদের চাহিদা পূরণ করার জন্যই সে মাদক ব্যবসা পরিচালনা করত বলে জানায়।

এ ঘটনায় কোতয়ালী মডেল থানায় অস্ত্র ও মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন প্রেস ব্রিফিং করে অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।