শনিবার, ১৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

মাদককারবারিদের ধাওয়া দিলেন কুমিল্লার এমপি

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ১৮, ২০২৬
news-image

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার সীমান্তবর্তী একটি গ্রামে দলবদ্ধ হয়ে মাদকসেবী ও মাদক কারবারিদের জমায়েত হওয়ার গোপন খবরে তাদের ধাওয়া দেন কুমিল্লা-৫ (বুড়িচং-ব্রাহ্মণপাড়া) আসনের সংসদ সদস্য হাজী জসীম উদ্দিন।

শুক্রবার (১৭ জুলাই) দুপুরে ব্রাহ্মণপাড়া উপজেলার ভারত সীমান্তবর্তী আশাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, ভারত সীমান্তের কাছে আশাবাড়ি এলাকায় সড়কের ওপর প্রকাশ্যে মাদক বেচাকেনা চলে। স্থানীয় লোকজন বাধা দিলে তাতে মাদককারবারিরা তাদের ওপর চড়াও হন। এতে ভয়ে আর মুখ খোলেন না কেউ। ওই এলাকায় প্রকাশ্যে মাদকের কারবার যেন একটি চিরাচরিত ঘটনা হয়ে গেছে। শুক্রবার দুপুরে স্থানীয়দের মাধ্যমে গোপনে মাদক কারবারিদের জমায়েত হওয়ার খবর পান সংসদ সদস্য জসীম উদ্দিন। পরে তিনি তার ব্যক্তিগত মোটরসাইকেলে তার সঙ্গে এক সহকারীকে নিয়ে আশাবাড়ি এলাকায় ছুটে যান লুঙ্গি পরেই।

এ সময় আশাবাড়ি সড়কের ওপর ৭-৮টি মোটরসাইকেলে করে বিভিন্ন এলাকা থেকে আসা মাদক কারবারিদের জমায়েত দেখতে পান সংসদ সদস্য। পরে তাদের ধাওয়া দিলে হুমড়ি খেয়ে পালিয়ে যান তারা। ধাওয়া খেয়ে পালাতে গিয়ে একটি মোটরসাইকেল ফেলে রেখে যান মাদক কারবারিরা। পরে পুলিশকে ফোন করেন সংসদ সদস্য জসীম উদ্দিন।

পুলিশ ঘটনাস্থলে এলে সেই মোটরসাইকেলটি হস্তান্তর করেন তিনি। পুলিশ মোটরসাইকেল নিয়ে আসে থানায়। একইসময়ে আশাবাড়ি সড়কে সন্দেহজনক ঘোরাফেরা করায় নবীনগর উপজেলা থেকে আসা দুই যুবককে থামিয়ে জিজ্ঞাসাবাদ করেন সংসদ সদস্য। এ দুই যুবকের সঙ্গে থাকা মোটরসাইকেল এবং দুই যুববকেও পুলিশকে বুঝিয়েও দেন তিনি। পরে পুলিশ জিজ্ঞাসাবাদ করে ওই দুই যুবককে ছেড়ে দেয়।

অভিযানের পুরো ভিডিও সংসদ সদস্য জসীম উদ্দিন নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে পোস্ট করেন। মুহুর্তেই ভিডিওটি ভাইরাল হয়।

এ বিষয়ে সংসদ সদস্য জসীম উদ্দিন জানান, আমার নির্বাচনি প্রতিশ্রুতি ছিল বুড়িচং-ব্রাহ্মণপাড়াকে মাদকমুক্ত করা। তারই অংশ হিসেবে আমি এলাকায় রাতবিরাতেও মাদকবিরোধী অভিযান চালিয়েছি। আমার এলাকায় হয় মাদক কারবারিরা থাকবে, নতুবা আমি থাকবো। মাদকের বিরুদ্ধে আমার জিহাদ চলবে।