,

‎চবিতে ‘অঙ্গন’-এর তিন যুগপূর্তি উৎসব

আজকের কুমিল্লা ডট কম :
October 11, 2026
news-image

চবি প্রতিনিধি:
‎
‎দুপুরের রোদ কিছুটা নিস্তেজ হয়ে এসেছে। গাঢ় নীল পাঞ্জাবি আর মেরুন শাড়িতে সজ্জিত একদল নারী-পুরুষ জড়ো হচ্ছেন উৎসবে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পাহাড়ঘেরা সবুজ ক্যাম্পাসের বুদ্ধিজীবী চত্বরে সাংস্কৃতিক সংগঠন ‘অঙ্গন’-এর তিন যুগপূর্তি উৎসবকে ঘিরে তৈরি হয় আনন্দঘন পরিবেশ।
‎
‎রোববার (১১ অক্টোবর) চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী চত্বরে সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠিত হয় ‘অঙ্গন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়’-এর ‘তিন যুগপূর্তি উৎসব-২০২৬’।
‎
‎দুপুর ২টায় উদ্বোধনী প্রস্তুতি ও আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হয় আয়োজন। এরপর বেলা আড়াইটায় অনুষ্ঠিত হয় আলোচনা পর্ব। বিকেল সাড়ে ৩টায় অঙ্গনের সংগীত, নৃত্য ও আবৃত্তি বিভাগের শিল্পীদের অংশগ্রহণে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। বিকেল ৫টায় সংগঠনটির নাটক বিভাগের প্রযোজনায় অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দীনের নাটক ‘শয়তানের কারখানা’ মঞ্চস্থ হয়। সবশেষে সন্ধ্যা ৬টায় অঙ্গনের জ্যেষ্ঠ সদস্যদের অংশগ্রহণে বিশেষ সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়।
‎
‎অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল্-ফোরকান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য (একাডেমিক) অধ্যাপক ড. মোহাম্মদ আল-আমীন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. সফিকুল ইসলাম, ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সালেহ্ জহুর এবং অঙ্গনের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক ভাস্কর রঞ্জন সাহা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অঙ্গনের সভাপতি ও বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. রাহমান নাসির উদ্দীন।


‎
‎আয়োজক অঙ্গনের সাধারণ সম্পাদক মাহবুব আলম বলেন, ১৯৯০ সালের ১৪ ফেব্রুয়ারি সংস্কৃতিমনা একদল উদ্যমী তরুণ-তরুণীর হাত ধরে অঙ্গনের যাত্রা শুরু হয়। সেই থেকে নানা পথ পেরিয়ে সংগঠনটি ৩৭ বছরে পদার্পণ করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংস্কৃতিক অঙ্গনে অঙ্গন একটি উজ্জ্বল নাম। শুরু থেকেই তাঁরা বাংলা ও বাঙালি সংস্কৃতির চর্চা করে আসছেন।
‎
‎তিনি বলেন, ‘সুস্থ সংস্কৃতি হোক মানবিক সমাজ গঠনের হাতিয়ার—এটাই আমাদের প্রত্যয়। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংস্কৃতিমনা করে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এরই ধারাবাহিকতায় আমরা ৩৭টি বছর পেরিয়ে এসেছি। এই কমিটির সাধারণ সম্পাদক হিসেবে তিন যুগপূর্তি উৎসব আয়োজন করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত।’
‎
‎অঙ্গনের বর্তমান কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সৌগত চৌধুরী বলেন, প্রাক্তন ও নবীন সদস্যদের পাশাপাশি ক্যাম্পাস শাখার সদস্যদের সম্মিলিত প্রচেষ্টায় একটি সুন্দর আয়োজন করতে পেরে তাঁরা আনন্দিত। দীর্ঘদিনের পরিশ্রমের সফল বাস্তবায়ন হয়েছে উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, অনুষ্ঠানটি সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।
‎
‎শিক্ষার্থীদের অংশগ্রহণ ও বিচিত্র সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।