,

দাউদকান্দি টোলপ্লাজা থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
August 19, 2020
news-image

 

স্টাফ রিপোর্টার:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার দাউদকান্দি উপজেলার গোমতি টোল প্লাজার সামনে থেকে ২০ হাজার পিস ইয়াবাসহ ৩ জনকে আটক করেছে কুমিল্লা ডিবি পুলিশ।

বুধবার (১৯ আগষ্ট) সকাল ১০ টায় জেলা পুলিশ সুপার সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার মোঃ সৈয়দ নুরুল ইসলাম বিপিএম (বার), পিপিএম ।

আটকৃতরা হলেন নোয়াখালী জেলার চাটখিল থানার আবুল কালামের ছেলে মোঃ ইমাম হোসেন ওরফে আজগর, তার স্ত্রী মোসাঃ সনিয়া, ইমাম হোসেনের সহযোগী লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার শ্রীরামপুরের মৃত নেসার আহম্মেদের ছেলে মোঃ মাহবুব আলম (২৮)।

সংবাদ সম্মেলনে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক ইখতিয়ার উদ্দিনের নেতৃত্বে একটি টিম দাউদকান্দি টোল প্লাজায় অবস্থান নেয়। টোল প্লাজায় অবস্থানকালে চট্টগ্রাম থেকে ছেড়ে আসা একটি সাদা রংয়ের (চ-১৩-৭৯৬১) নোয়া মাইক্রোবাসকে থামিয়ে তল্লাসী চালানো হয়। মাইক্রো বাসের ভেতর বিশেষ কৌশলে রাখা একটি কার্টুনে ১৫ হাজার, অপর একটি শপিং ব্যাগে স্কচ টেপ মোড়ানো আরো ৫ হাজার মিলিয়ে মোট ২০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। ইয়াবার উদ্ধারের পাশাপাশি ৩ জনকে আটক করা হয়।

সংবাদ সম্মেলনে জানানো হয়, মাদক ব্যবসায়ী ইমাম হোসেন ইয়াবা পাচারের জন্য তার স্ত্রী, সন্তান ও শাশুড়িকে ব্যবহার করে যেন পরিবার পরিজনের কারনে পুলিশের সন্দেহ না হয়। তবে স্পষ্ট তথ্য থাকার কারনে পুলিশ মাইক্রোবাসে থেকে ইয়াবাগুলো উদ্ধার করতে সক্ষম হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ আজিম-উল- আহসান, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) তানভীর সালেহীন ইমনসহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা।