সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে পতিত জমি ও বাড়ির উঠোনে আদা ও সবজি চাষের উপকরণ বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১৩, ২০২৬
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলার পতিত জমি ও বাড়ির আঙ্গিনা বা বিল্ডিংয়ের ছাদ চাষাবাদের আওতায় আনতে বস্তায় আদা ও সবজি চাষের উপকরণ বিতরণ করা হয়েছে।

বাংলাদেশ টেকসই পুনরুদ্ধার, জরুরি প্রস্তুতি এবং প্রতিক্রিয়া প্রকল্পের আওতায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের বাস্তবায়নে সোমবার দুপুর ১টায় কৃষকের মাঝে এ উপকরণ বিতরণ করা হয়।

দাউদকান্দিতে পতিত জমি ও বাড়ির উঠোনে আদা ও সবজি চাষের উপকরণ বিতরণ

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় কৃষি ব্যবস্থা পুনরুদ্ধার কম্পোনেন্ট (বি স্ট্রং) আওতায় বস্তায় আদা এবং মালচিং পদ্ধতিতে সবজি চাষে ৬০ জন কৃষকের মাঝে কৃষি উপকরণ বিতরণ করা হয়। প্রতি জন কৃষককে জৈব সার, পরিমানমত রাসায়নিক সার, আদা চাষের বস্তা, বপনের উন্নত জাতে আদা, মালচিং পেপার, এবং চাষের দিকনির্দেশনা মূলক লিফলেট ও সাইনবোর্ড দেয়া হয়েছে।

এছাড়া ২০২৫-২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমের প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ৮টি ইউনিয়নের কৃষকদের মাঝে উফশী আউশ ধানের বীজ ও সার বিতরণ করা হয়।

ইউনিয়নগুলো হলো মোহাম্মদপুর, বিটেশ্বর, মারুকা, মালিগাঁও, জিংলাতলী, পাঁচগাছিয়া, ইলিয়টগঞ্জ দক্ষিণ ও গোয়ালমারি। এর মধ্যে মোহাম্মদপুর ইউনিয়নে ৩৫০ জন এবং বিটেশ্বর ও মারুকা ইউনিয়নে ২৫০ জন করে কৃষক এ সহায়তা পান। অন্যান্য ইউনিয়নেও নির্ধারিত সংখ্যক কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত কৃষি অফিসার মো:আরেফিন হাসান, উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা মোহাম্মদ খোরশেদ আলম ও সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা অজিত কুমার চৌধুরী প্রমুখ।

উপজেলা কৃষি কর্মকর্তা নিগার সুলতানা বলেন, অনাবাদি পতিত জমি ও বসতবাড়ির আঙ্গিনায় কৃষি ব্যবস্থা পুনরুদ্ধার কম্পোনেন্ট (বি স্ট্রং) আওতায় বস্তায় আদা চাষ এবং মালচিং পদ্ধতিতে সবজি চাষে ৬০ জন কৃষকের মাঝে উপকরণ বিতরণ করেছি।

তিনি আরো বলেন, জনসংখ্যা বৃদ্ধির ফলে কৃষি জমি দিন দিন কমে যাচ্ছে। কৃষিজ উৎপাদন ঘাটতি মোকাবেলায় বাড়ির আঙিনা অনাবাদি জমি চাষের আওতায় আনতে সরকারের এ উদ্যোগের মাধ্যমে কৃষকরা উপকৃত হবেন।

আর আদা চাষের বিষয়ে তিনি বলেন, বাড়ির আঙিনার ছায়াযুক্ত স্থানে কিছু আদার বস্তুা রেখে একদম কম যত্নে একটি ছোট পরিবারের বছরের আদার চাহিদা মেটানো সম্ভব। গত অর্থবছরে দাউদকান্দির বিভিন্ন ইউনিয়নে সাড়ে পাচ হাজার বস্তায় আদা চাষ হয়েছে। বস্তা প্রতি ফলন এক দেড় কেজি। ফলন ভালো পাওয়া এবার অনেকেই আগ্রহের কথা জানিয়েছেন।