বরুড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কঠোর সিদ্ধান্ত, মাদক ও চুরি প্রতিরোধে জোর
ছবি: প্রতিকী
এমডি. আজিজুর রহমান, বরুড়া:
কুমিল্লার বরুড়ায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও চুরি প্রতিরোধ, অবৈধ পার্কিং বন্ধ এবং বিভিন্ন অপরাধ নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বরুড়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই ২০২৬ মাসের সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি আসাদুজ্জামান রনি।
সভায় উপস্থাপিত তথ্য অনুযায়ী, জুন মাসে বরুড়া উপজেলায় মোট ২১টি মামলা হয়েছে। এর মধ্যে নারী ও শিশু নির্যাতন সংক্রান্ত ৪টি, চুরির ৭টি, অন্যান্য ৪টি এবং মাদকদ্রব্য সংক্রান্ত ৬টি মামলা রয়েছে। সভায় অপরাধ প্রবণতা আরও কমিয়ে আনার লক্ষ্যে সংশ্লিষ্ট সকলকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।
সভায় বক্তারা বলেন, বরুড়া উপজেলা সদরসহ বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবন প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত রাখতে হবে। মাদক ব্যবসায়ী ও সেবনকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়।
এ সময় গ্রাম আদালতে দায়েরকৃত মামলা দ্রুত নিষ্পত্ত, বাজারের যানজট নিরসন, দোকানের সামনে অবৈধভাবে মোটরসাইকেল ও অটোরিকশা পার্কিং বন্ধ এবং যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।
সভায় বিভিন্ন ইউনিয়নে চুরি ও মাদকদ্রব্যের সমস্যা নিয়ে আলোচনা করা হয়। বিশেষ করে ইউনিয়ন পর্যায়ে মাদক ব্যবসায়ী ও অপরাধীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ এবং পুলিশি টহল জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়।
এছাড়া বরুড়া বাজারের বিভিন্ন স্থানে অবৈধ পার্কিংয়ের কারণে যানজট সৃষ্টি হওয়ায় তা নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত হয়। বাজার এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে আনতে সংশ্লিষ্ট ব্যবসায়ী ও যানবাহন চালকদের সহযোগিতা কামনা করা হয়।
সভায় শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখা, শিক্ষক-শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন প্রতিষ্ঠানের শূন্য পদ পূরণে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভায় সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানসহ কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।
সভায় বরুড়াকে মাদকমুক্ত, অপরাধমুক্ত ও শান্তিপূর্ণ উপজেলা হিসেবে গড়ে তুলতে সকলের সম্মিলিত সহযোগিতা কামনা করা হয়।