,

বান্দরবানে প্রথম নারী জেলা প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
December 18, 2020
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

প্রথমবারের মতো নারী জেলা প্রশাসক পাচ্ছে বান্দরবান। জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন ইয়াসমিন পারভীন তিবরীজি। তিনি দীর্ঘদিন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের উপসচিব হিসাবে দায়িত্ব পালন করেছেন।

বৃহস্পতিবার (১৭ ডি‌সেম্বর) রাষ্ট্রপতির আদেশক্রমে সিনিয়র সহকারী সচিব শেখ রাসেল হাসান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়েছে।

ইয়াসমিন পারভীন তিবরীজি ২২তম বিসিএসে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে রসায়ন বিভাগে প্রথম বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। পরে অস্ট্রেলিয়ার ম্যাককুয়ারি বিশ্ববিদ্যালয় থেকে ‘গভরনেন্স অ্যান্ড পাবলিক পলিসি’ বিষয়ে মাস্টার্স ডিগ্রি অর্জন করেন। তিনি তিন কন্যা সন্তানের জননী। তার বাবা সৈয়দ শামসুদ্দীন আহমদ তিবরীজি বিসিএস (প্রশাসন) ক্যাডারের কর্মকর্তা ছিলেন। মায়ের নাম সৈয়দা হামিদা বেগম। তার স্বামী খালেদ বিন চৌধুরী একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে ইংরেজি বিভাগের চেয়ারম্যান।

ইয়াসমিন পারভীন তিবরীজির বাড়ি রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায়। তিনি ২০১২ সালে বান্দরবান সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) হিসাবেও দায়িত্ব পালন করেছি‌লেন।