মেঘনায় এনসিপির ৫৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন
মেঘনা প্রতিনিধি:
কুমিল্লার মেঘনা উপজেলায় জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ৫৯ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। কমিটিতে মো. কিরন অর রশীদকে আহ্বায়ক এবং মো. নাদিমুজ্জামান (ছোটন)-কে সদস্য সচিব করা হয়।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কুমিল্লা উত্তর জেলা এনসিপির আহ্বায়ক মো. গোলাম কিবরিয়া সরকার ও সদস্যসচিব মো. রবিউল মনির চৌধুরী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।
অনুমোদিত কমিটিতে ১০ জন যুগ্ম আহ্বায়ক রয়েছেন। স্বপন মাহমুদ আলভীকে সিনিয়র যুগ্ম সদস্যসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে। এ ছাড়া ১০ জন যুগ্ম সদস্যসচিব, মো. নাজমুল হক সাংগঠনিক সম্পাদক এবং চারজন সহসাংগঠনিক সম্পাদক হিসেবে স্থান পেয়েছেন। জুলাই গণঅভ্যুত্থান ও মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক পদে প্রথম স্থানে রয়েছেন মো. বিল্লাল হোসেন এবং দ্বিতীয় স্থানে মো. সাকিব হোসেন। কমিটির বাকি ২৭ জনকে সদস্য হিসেবে রাখা হয়েছে।
কমিটি নিয়ে সিনিয়র যুগ্ম সদস্যসচিব স্বপন মাহমুদ আলভী বলেন, ‘মেঘনায় এনসিপির সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং সাধারণ মানুষের অধিকার ও প্রত্যাশা নিয়ে কাজ করাই আমাদের লক্ষ্য। নতুন কমিটির সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। তরুণদের সম্পৃক্ত করে জনমুখী রাজনৈতিক পরিবেশ গড়ে তোলা এবং মানুষের পাশে দাঁড়িয়ে দলকে আরও সুসংগঠিত করার চেষ্টা থাকবে।’