সদর দক্ষিণের রতনপুরে ফুটওভার ব্রীজ না থাকায় ঝুঁকি নিয়ে চলাচল করছে শিক্ষার্থীসহ সাধারণ মানুষ
সালাহউদ্দিন সোহেলঃ
কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার রতনপুর এলাকায় কুমিল্লা- নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে ঝুঁকি নিয়েই রাস্তা পারাপার হচ্ছেন স্কুল কলেজের শিক্ষার্থী পর্যটক ও সাধারণ মানুষ।
রাজধানীসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতিদিন আনুমানিক তিন লাখের বেশি বাস, ট্রাক, সিএনজি মোটরযান রিকশা ও অটোরিকশা চলাচল করে। ফলে সবসময় ব্যস্ত থাকে সড়কটি। বিপুল সংখ্যক যানবাহনের চাপে রাস্তা পার হতে বেগ পেতে হয় পদচারীদের।এতে প্রায় সময় ঘটে দুর্ঘটনা।
বিশেষ করে ২০১৮ সাল থেকে কুমিল্লা (টমছমব্রীজ) থেকে নোয়াখালী (বেগমগঞ্জ) পর্যন্ত ৫৯ কিলোমিটারের আঞ্চলিক মহাসড়কটি চার লেনে উন্নীত করার কাজ শুরু করেন সড়ক বিভাগ। কাজ শেষ হওয়ার পর সড়কের বিভিন্ন স্হানে ফুটওভার ব্রিজ নির্মাণ হলেও এখন পর্যন্ত ফুটওভার ব্রিজ নির্মাণ হয়নি এ ব্যাস্ততম সড়কটির গা ঘেষে অবস্হিত রতনপুর বাজারে।
কুমিল্লা লাকসাম হাইওয়ের সূত্রমতে, ২০২১ সালের পর থেকে এ পর্যন্ত বাজারের আশ পাশে রাস্তা পারাপারের সময় দূর্ঘটনায় নিহত হয়েছেন প্রায় শতাধিক মানুষ। এছাড়াও দূর্ঘটায়
আহত হয়ে পঙ্গুত্ব বরন করেছেন ২ শতাধিক মানুষ।

ভৌগলিক অবস্থানের দিক থেকে রতনপুর বাজারটি ঐতিহ্যবাহী লালমাই পাহাড়ের পাশে অবস্থিত হওয়ায় এ অংশের পাহাড়ে অবস্হিত ঐতিহ্যে ও নতুন করে গড়ে ওঠা কুমিল্লার প্রথম মজুমদার চা বাগান সহ প্রাকৃতিক নিদর্শন দেখতে হাজারো পর্যটক ঝুঁকি নিয়েই পারাপার হচ্ছেন এ ব্যাস্ততম সড়কটি।
এছাড়াও বাজারের আশ পাশে রয়েছে রতনপুর সিনিয়র আলিম মাদ্রাসা, বারপাড়া আমেনা বেগম বালিকা উচ্চবিদ্যালয়,রতনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়,বাহারুল আলম মাদ্রাসা,রতনপুর আইডিয়েল স্কুল ও কিন্ডার গার্ডেনসহ আরো অনেক শিক্ষা প্রতিষ্ঠান।
এসব শিক্ষা প্রতিষ্ঠানে জ্ঞান অর্জনের জন্য আসেন আশ পাশের প্রায় ৬ থেকে ৭ গ্রামের শিক্ষার্থীরা।
এসব এলাকার হাজারো মানুষ অত্যন্ত ঝুঁকি নিয়েই সড়কের ডিভাইডারের মাঝের সামান্য ফাঁকা অংশ দিয়েই পারাপার হচ্ছেন কুমিল্লা নোয়াখালী আঞ্চলিক মহাসড়টি।আর এ সড়কটি পারাপারের সময় অনেক সময় দূর্ঘটনায় অকালেই ঝরে যায় কোমল মতি এসব শিক্ষার্থী, পর্যটক ও সাধারণ মানুষ।
দুর্ঘটনা রোধে বিভিন্ন সময় দাবিও উঠেছিল ফুটওভার ব্রিজ বা পদচারী সেতু নির্মাণের। জনপ্রতিনিধি ও সড়ক বিভাগের দায়িত্বশীল কর্মকর্তারা একাধিকবার প্রতিশ্রুতি দিলেও এখনো নির্মাণ হয়নি কাঙ্খিত ফুটওভার ব্রিজ বা পথচারী সেতু।
এমন প্রেক্ষাপটে এ অঞ্চলের হাজারো মানুষ চেয়ে আছে এ এলাকার সন্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কৃষি, খাদ্য ও মৎস্য মন্ত্রনালয়ের মন্ত্রী হাজী আমিনুর রশিদ ইয়াছিন ও কুমিল্লা ০৬ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মনিরুল হক চৌধুরীর দিকে।
এলাকাবাসীর প্রত্যাশা সড়ক বিভাগের কাছে তাদের হস্তক্ষেপ বা একটি সুপারিশেই নির্মাণ হবে বহুল প্রত্যাশিত এ ফুটওভার ব্রীজ বা পথচারী সেতুটি।