শনিবার, ১৩ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

আজকের কুমিল্লা ডট কম :
মার্চ ১০, ২০২৫
news-image

ডেস্ক রিপোর্ট:

স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের দায়িত্ব পালনে আরও সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন। আজ ভোরে রাজধানীর চারটি থানা পরিদর্শনকালে তিনি এ নির্দেশনা দেন।

সোমবার ভোরে আকস্মিকভাবে তেজগাঁও, ধানমন্ডি, শাহবাগ ও নিউমার্কেট থানা পরিদর্শন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এ সময় তিনি থানার অভ্যর্থনা কক্ষ, হাজতখানাসহ বিভিন্ন আনুষঙ্গিক স্থাপনা ঘুরে দেখেন। তিনি ডিউটি অফিসারসহ কর্তব্যরত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

পথে তিনি রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে স্থাপিত কয়েকটি তল্লাশি চৌকি বা চেকপোস্ট পরিদর্শন করেন এবং দায়িত্বরত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন। এছাড়া, তিনি যৌথ বাহিনীর কয়েকটি টহল দলের কার্যক্রম মনিটরিং করেন।

এ সময় উপস্থিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, রমজান মাসে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার বদ্ধপরিকর। এ লক্ষ্যে রাজধানীর গুরুত্বপূর্ণ পয়েন্টে প্রায় শতাধিক তল্লাশি চৌকি বা চেকপোস্ট স্থাপন করা হয়েছে এবং অপরাধপ্রবণ এলাকায় টহলের সংখ্যা বাড়ানো হয়েছে। এসব চেকপোস্ট ও টহল দলের রাত্রিকালীন কার্যক্রম মনিটরিং করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের নিয়মিত দায়িত্ব দেওয়া হয়েছে।

লেফটেন্যান্ট জেনারেল (অব.) মো. জাহাঙ্গীর আলম চৌধুরী আরও বলেন, যারা সংঘবদ্ধভাবে মব পরিস্থিতি সৃষ্টি করছে, চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজি, ধর্ষণ, নারী ও শিশু নির্যাতনসহ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাচ্ছে, তাদেরকে আইনের আওতায় এনে বিচার প্রক্রিয়ার মাধ্যমে কঠোর শাস্তি নিশ্চিত করা হবে। কাউকে কোনো ছাড় দেওয়া হবে না।

তিনি এ সময় বিভিন্ন অপরাধ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কার্যক্রম রোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও কঠোর হওয়ার নির্দেশ দেন।

স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, রমজান মাসে থানাগুলো সঠিকভাবে কাজ করছে কি না, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা সতর্ক ও সজাগ রয়েছে কি না এবং তারা তাদের দায়িত্ব সঠিকভাবে পালন করছে কি না তা দেখতেই তিনি এ পরিদর্শনে এসেছেন।

আর পড়তে পারেন