,

আটক ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠাবে ভারত

আজকের কুমিল্লা ডট কম :
December 12, 2024
news-image

আটক ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠাবে ভারত

ডেস্ক রিপোর্ট:

ভারতীয় জলসীমায় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় কোস্ট গার্ডের হাতে আটক ৭৮ বাংলাদেশি জেলেকে ফেরত পাঠানো হবে বলে জানিয়েছে ভারতের উড়িশা রাজ্যের পুলিশ। ভারতীয় বার্তাসংস্থা এএনআই এই খবর দিয়েছে।

১২ ডিসেম্বর, বৃহস্পতিবার, এএনআই-এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ভারতীয় কোস্ট গার্ডের হাতে ৭৮ জন বাংলাদেশি জেলে আটক হওয়ার দুই দিন পর উড়িশা পুলিশ নিশ্চিত করেছে যে আটককৃতদের নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

রাজ্যটির পারাদ্বীপের ডেপুটি সুপারিনটেনডেন্ট অব পুলিশ, সন্তোষ কুমার জেনা এএনআইকে বলেছেন, আটকের পর জেলেদের বিষয়টি যাচাইয়ের জন্য উপকূলরক্ষীরা তাদের পুলিশের কাছে হস্তান্তর করেছে।

তিনি জানান, গত পরশু ৭৮ বাংলাদেশি জেলেকে আটক করা হয়েছিল এবং পরে তাদের পারাদ্বীপ থানায় নিয়ে আসা হয়। তাদের যাচাইবাছাইয়ের জন্য আমাদের কাছে হস্তান্তর করা হয়েছে এবং তা সম্পন্ন হয়েছে। এখন তাদের বাংলাদেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া চলছে।

এর আগে, ১০ ডিসেম্বর, ভারতীয় কোস্ট গার্ড তাদের জলসীমায় মাছ ধরার অভিযোগে ৭৮ জন জেলেসহ দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে।

ভারতীয় কোস্ট গার্ড এক বিবৃতিতে জানায়, সমুদ্র নিরাপত্তা রক্ষার লক্ষ্যে পরিচালিত এই অভিযানে ভারতীয় উপকূল রক্ষী বাহিনী ভারতীয় জলসীমায় মাছ ধরার অভিযোগে ৭৮ জন বাংলাদেশি জেলেসহ দুটি ফিশিং ট্রলার আটক করে।

বিবৃতিতে আরও বলা হয়, ভারতীয় কোস্ট গার্ডের জাহাজ আইএমবিএল টহলরত অবস্থায় ভারতীয় সমুদ্র অঞ্চলের মধ্যে সন্দেহজনক কার্যকলাপ শনাক্ত করে। পরে কোস্ট গার্ডের ওই জাহাজটি মাছ ধরার অননুমোদিত কার্যকলাপে নিয়োজিত দুটি বাংলাদেশি ফিশিং ট্রলার আটক করে।

ভারতীয় কোস্ট গার্ডের অভিযোগ, আন্তর্জাতিক সমুদ্র আইন এবং ১৯৮১ সালের মেরিটাইম জোন অব ইন্ডিয়া অ্যাক্ট লঙ্ঘন করে ট্রলার দুটি ভারতীয় জলসীমায় চলাচল করছিল।