কুমিল্লায় গোডাউনের দেয়াল ধসে হোটেল ম্যানেজারের মৃত্যু
ডেস্ক রিপোর্টঃ
কুমিল্লার চান্দিনা ও দেবিদ্বার উপজেলার সীমান্তবর্তী বাগুর এলাকায় একটি গোডাউনের দেয়াল ধসে পড়ে এক খাবার হোটেলের ম্যানেজারের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২ এপ্রিল) সকাল ৮টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাসস্টেশন সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তি মো. আব্দুস সামাদ (৭০)। তিনি দেবীদ্বার উপজেলার গুনাইগর ইউনিয়নের শাকতলা-মাসিকাড়া গ্রামের বাসিন্দা। তিনি চান্দিনা-বাগুর বাসস্টেশনের ‘সৈনিক হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এর ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। জানা গেছে, তিনি হোটেলটির মালিক মো. মিজানুর রহমানের শ্বশুর।
স্থানীয় সূত্রে জানা যায়, হোটেলের দক্ষিণ পাশে ‘মেসার্স মনিরুল এন্টারপ্রাইজ’-এর একটি টিনের দোকানের গোডাউন ছিল। গোডাউনের দেয়ালের সঙ্গে দীর্ঘদিন ধরে টিন রাখা থাকায় অতিরিক্ত চাপ সৃষ্টি হয়। এতে দেয়ালটি দুর্বল হয়ে পড়ে এবং একসময় ধসে হোটেলের ভেতরে পড়ে যায়। এতে হোটেল ভবন ও গোডাউনের অংশ ক্ষতিগ্রস্ত হয় এবং দেয়ালের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই আব্দুস সামাদের মৃত্যু হয়।
ঘটনার সময় হোটেলে থাকা অন্যান্য কর্মচারী ও ক্রেতারা দ্রুত বেরিয়ে যেতে সক্ষম হওয়ায় বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়।
প্রত্যক্ষদর্শী মোবারক জানান, গোডাউনের দেয়ালের পাশে দীর্ঘদিন ধরে টিন রাখা ছিল, যার ফলে দেয়ালটি দুর্বল হয়ে পড়ে। হঠাৎ শব্দ করে দেয়ালটি ভেঙে পড়ে।
চান্দিনা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ইমাম হোসেন পাটোয়ারী জানান, খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালানো হয়। তিনি বলেন, “হোটেল ম্যানেজার ছাড়া আর কেউ হতাহত হয়নি। ঘটনার কারণ তদন্ত করে জানা যাবে।”