কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পুলিশের পৃথক অভিযানে গ্রেপ্তার ১০
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার পলাতক আসামি, জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মাদক সেবনের অপরাধে মোট ১০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন এলাকায় এসব অভিযান পরিচালনা করে। পরে গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্র জানায়, থানার এসআই মোহাম্মদ মাহতাব হোসাইনের নেতৃত্বে পরিচালিত অভিযানে ব্রাহ্মণপাড়া থানার এফআইআর নং-২৪, দণ্ডবিধির ১৪৩/৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৫০৬/১১৪ ধারার মামলার পলাতক আসামি মোঃ শফিউল প্রকাশ সফিউলকে (২০) গ্রেপ্তার করা হয়। তিনি উপজেলার রামনগর এলাকার জজু মেম্বারের বাড়ির মোঃ মনির হোসেনের ছেলে।
অপর এক অভিযানে বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩) ধারার মামলার তদন্তে প্রাপ্ত আসামি ফয়সাল আহম্মেদ ফাহিমকে (২২) গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া সদর ইউনিয়নের নাইঘর-নোয়াপাড়া এলাকার মোঃ জালাল হোসেনের ছেলে।
এছাড়া এএসআই মোঃ নাছির উদ্দিনের নেতৃত্বে অভিযান চালিয়ে জিআর পরোয়ানাভুক্ত আসামি মোসাঃ জরিনা খাতুনকে (৫৫) গ্রেপ্তার করা হয়। তিনি ব্রাহ্মণপাড়া উপজেলার বড়ধুশিয়া এলাকার মৃত. আকমত আলীর স্ত্রী।
অন্যদিকে এসআই মোহাম্মদ জালাল উদ্দিন, এএসআই ইমরান হোসেন, এএসআই মোঃ সাইফুল আলম সিদ্দিকী ও এএসআই মোঃ নুর আল-আহসানের নেতৃত্বে পৃথক অভিযানে মাদক সেবনের অপরাধে ৭ জনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, ধান্যদৌল এলাকার মোঃ সুজন (৩৫), বরুড়ার চেংগাহাটা এলাকার মোঃ জাহাঙ্গীর হোসেন (৪০), দক্ষিণ বালুয়া এলাকার মোঃ শাহ জাহান (৫২), নশরতপুর এলাকার মোঃ ফয়সাল কবির (৪২), হায়দ্রাবাজ এলাকার মোঃ মহসিন খান প্রকাশ রাজু (২৯), ব্রাহ্মণপাড়ার সিদলাই এলাকার মোঃ সারোয়ার (৪২) এবং কল্পবাস এলাকার মোঃ জয়নাল আবেদীন (৩৫)।
পুলিশ জানায়, মাদক সেবনের অপরাধে আটক ৭ জনকে সামারি ট্রায়ালের জন্য বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। এছাড়া গ্রেপ্তার অপর ৩ আসামিকেও আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদকমুক্ত সমাজ গঠন এবং বিভিন্ন মামলার আসামিদের গ্রেপ্তার নিশ্চিত করতে পুলিশের এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।