কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নেশার টাকা না পেয়ে যুবকের আত্মহত্যা
ব্রাহ্মণপাড়া প্রতিনিধিঃ
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় নেশার টাকা জোগাড় করতে না পেরে কেরি মারার বিষাক্ত ওষুধ খেয়ে এক যুবক আত্মহত্যা করেছে বলে জানা গেছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত যুবকের নাম মোঃ রাফি প্রকাশ জয় (২২)। সে উপজেলার ধান্যদৌল গ্রামের জাকির হোসেনের ছেলে।
পরিবারিক ও পুলিশ সূত্রে জানা যায়, মাদকসংক্রান্ত মামলায় ছয় মাস কারাভোগের পর গত ১৭ সেপ্টেম্বর (বৃহস্পতিবার) জেল থেকে মুক্তি পান রাফি। মুক্তির পর আর্থিক সংকটের কারণে তিনি নেশার টাকা জোগাড় করতে পারছিলেন না। এরই জের ধরে শুক্রবার বিকেলে তিনি কেরি মারার বিষাক্ত ওষুধ সেবন করেন। পরিবারের সদস্যরা বিষয়টি জানতে পেরে রাত ৮টার দিকে তাকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।
খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানার এসআই রুপম কুমার সঙ্গীয় ফোর্সসহ নিহতের বাড়িতে উপস্থিত হয়ে লাশের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেন। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
এ বিষয়ে ব্রাহ্মণপাড়া থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে।