কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে ৯৬ কেজি গাঁজা জব্দ
ডেস্ক রিপোর্ট:
কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় অভিযান চালিয়ে ৯৬ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার (১১ জুলাই) ভোরে জেলার সীমান্তবর্তী ‘রাজেশপুর ফরেস্ট’ এলাকা থেকে এ গাঁজা জব্দ করা হয়।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) সূত্র জানান, চোরাচালান ও আন্তঃসীমান্ত অপরাধ দমনে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের অধীনস্থ মথুরাপুর বিওপির (বর্ডার আউটপোস্ট) একটি টহল দল মাদকবিরোধী অভিযান পরিচালনা করে।
অভিযান চলাকালে সীমান্তের প্রায় ১৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে রাজেশপুর ফরেস্ট বাগান এলাকায় থেকে ৯৬ কেজি ভারতীয় গাঁজা উদ্ধার করা হয়।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি। জব্দ করা গাঁজা পরবর্তীতে বিধি মোতাবেক ধ্বংস করা হবে বলে বিজিবি জানিয়েছে।
কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) আরও জানিয়েছে, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে তাদের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং আন্তঃসীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।