চাঁদপুরে দুই লঞ্চের সংঘর্ষে নিহত ৪ জনের পরিচয়ে যা জানা গেল
ঘন কুয়াশায় চাঁদপুরের মেঘনা নদীতে যাত্রীবাহী দুটি লঞ্চের মুখোমুখি সংঘর্ষে তাৎক্ষণিক ২ জন নিহত হলেও পরবর্তীতে আহতদের হাসপাতালে নেয়া হলে সেখানে আরো ২ জনের মৃত্যু হয় এবং বেশ কয়েকজন যাত্রী আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন বলে খবর পাওয়া গেছে। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) রাত ২টার দিকে চাঁদপুরের হাইমচর উপজেলা ও হরিণা এলাকার মাঝামাঝি স্থানে এ ঘটনা ঘটে।
চাঁদপুর নৌ পুলিশের তথ্য অনুযায়ী নিহত চার জনের পরিচয় কিছুটা জানা গিয়েছে। নিহতদের মধ্যে- মোঃ আব্দুল গনি (৩৮), মোঃ সাজু (৪৫), রিনা বেগম (৩৫) ও মোঃ হানিফ। তাদের সকলের বাড়ি ভোলা জেলায়। এছাড়াও আহতদের মধ্যে— মোঃ শাহাদাত হোসেন, রিনা বেগম ও মোসা: রহিমা বেগম। প্রাথমিকভাবে নিহত ও আহতদের পরিচয় কিছুটা সনাক্ত করা হয়েছে। পরবর্তীতে পুরোপুরি নিশ্চিত হওয়া যাবে বলে ধারণা করা যাচ্ছে।
যাত্রী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ভোলার ঘোষেরহাট থেকে ছেড়ে আসা ঢাকা অভিমুখী এম.ভি জাকির সম্রাট-৩ লঞ্চটি রাত দুইটার পর চাঁদপুরের হাইমচর নৌ এলাকা অতিক্রম করছিলো। একই সময়ে ঢাকা থেকে বিএনপির সম্মেলনের যাত্রী নিয়ে যাচ্ছিলো বরিশালগামী এম.ভি অ্যাডভেঞ্চার-৯। এসময় নদীজুড়ে প্রচণ্ড ঘন কুয়াশা থাকায় দিক নির্ণয় করতে না পেরে অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি যাত্রীবাহী জাকির সম্রাট-৩ কে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে এমভি জাকির সম্রাট-৩ লঞ্চটির বেশ কিছু অংশ ক্ষতিগ্রস্ত হয়।
যাত্রীরা জানায়, কুয়াশার ভেতরেও অ্যাডভেঞ্চার-৯ লঞ্চটি বেপরোয়া গতিতে ছিলো। সংঘর্ষের পর বড় ধরনের ক্ষয়ক্ষতি হলেও লঞ্চটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। অপরদিকে দুর্ঘটনায় ব্যাপক ক্ষতিগ্রস্ত জাকির সম্রাট-৩ যখন মাঝনদীতে ডুবো-ডুবো অবস্থায় ভাসছিল, তখন ভোলা থেকে ঢাকাগামী এম.ভি কর্ণফুলী-৯ নামে অপর একটি লঞ্চ দ্রুত এগিয়ে আসে। তারা অনেক যাত্রীকে উদ্ধার করে ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। দুর্ঘটনার পর এমভি এডভেঞ্চার-৯ বরিশালের দিকে চলে যায় এবং এমভি জাকির সম্রাট-৩ ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
চাঁদপুরে বিআইডব্লিউটিএর পরিদর্শক আব্দুল মান্নান জানান, দুর্ঘটনার পর গভীর রাতে জাকির সম্রাট-৩ লঞ্চটি চাঁদপুর লঞ্চ টার্মিনালে ভেড়ানোর চেষ্টা করলে যাত্রীরা ক্ষুব্ধ হয়ে ওঠেন। একপর্যায়ে তারা লঞ্চে আগুন ধরিয়ে দেয়ার হুমকিও দেন। পরিস্থিতি বেগতিক দেখে লঞ্চের মাস্টার আহত যাত্রীদের নিয়ে ঢাকার দিকে রওনা দেন।
এদিকে, চাঁদপুর নদী বন্দরের বিআইডব্লিউটিএর উপপরিচালক মোহাম্মদ কামরুজ্জামান জানান, মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে এই দুর্ঘটনার ঘটনা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এদিকে আহতদের অনেকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় নিহতের সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।











