,

জলাবদ্ধতায় আটকে পড়া শিক্ষার্থীদের নৌকা টেনে পার করালেন কুসিক প্রশাসক

আজকের কুমিল্লা ডট কম :
July 13, 2026
news-image

ডেস্ক রিপোর্ট:

মাত্র তিন ঘণ্টার টানা ভারী বর্ষণে কুমিল্লা নগরীর বিভিন্ন এলাকা জলাবদ্ধতায় বিপর্যস্ত হয়ে পড়ে। এতে সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন চলমান এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীরা। পরীক্ষার সময় কেন্দ্রে পৌঁছাতে অনেক শিক্ষার্থীকে হাঁটুসমান পানি দিয়ে যেতে হয়। এমন পরিস্থিতিতে চিত্রটি নজরে আসার পর ঘটনাস্থলে ছুটে যান কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। পরে নিজেই নৌকা টেনে জলাবদ্ধ এলাকা পার করে দেন পরীক্ষার্থীদের।

আজ সোমবার (১৩ জুলাই) টানা বৃষ্টিতে কুমিল্লা নগরীর অধিকাংশ সড়ক ও নিচু এলাকা পানিতে তলিয়ে যায়। নগরীর চর্থা এলাকায় অবস্থিত কুমিল্লা সরকারি মহিলা কলেজ এইচএসসি পরীক্ষাকেন্দ্রের সামনে ও প্রাঙ্গণে হাঁটুসমান পানি জমে যায়। ফলে পরীক্ষা দিতে আসা শিক্ষার্থীদের পানি ডিঙিয়ে কেন্দ্রে প্রবেশ করতে হয়। অনেক শিক্ষার্থী ও অভিভাবককে এ সময় চরম ভোগান্তিতে পড়তে দেখা যায়।

শিক্ষার্থীদের এমন দুর্ভোগের খবর পেয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু সরেজমিনে ওই পরীক্ষা কেন্দ্রে যান। পরিস্থিতি দেখে তিনি তাৎক্ষণিকভাবে জলাবদ্ধতা নিরসনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। আশপাশের খাল ও পানি নিষ্কাশনের পথগুলো দ্রুত পরিষ্কার করতে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীদের নির্দেশ দেওয়া হয়।

তবে পরীক্ষা শেষ হওয়ার পরও পানি না কমায় শিক্ষার্থীদের নিরাপদে বের করে আনতে সেখানে প্লাস্টিকের নৌকার ব্যবস্থা করা হয়। এ সময় প্রশাসক ইউসুফ মোল্লা টিপু নিজেই নৌকার রশি ধরে টেনে শিক্ষার্থীদের জলাবদ্ধ স্থান পার করে দেন। প্রশাসকের এমন উদ্যোগে উপস্থিত শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয়দের মধ্যে স্বস্তি দেখা যায়।

এদিকে, কুমিল্লা আবহাওয়া অফিসের প্রধান কর্মকর্তা আরিফুর রহমান জানায়, গত ২৪ ঘণ্টায় কুমিল্লায় ১৩৮ দশমিক ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এর মধ্যে সোমবার ভোর থেকে সকাল ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ১০৭ মিলিমিটার বৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, দিনভর আরও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এতে নগরীর জলাবদ্ধতা ও জনদুর্ভোগ আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

জলাবদ্ধতা পরিস্থিতি নিয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, অতিরিক্ত বৃষ্টির কারণে নগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা তৈরি হয়েছে। পানি দ্রুত সরিয়ে নিতে পরিচ্ছন্নতা ও সংশ্লিষ্ট বিভাগের কর্মীদের মাঠে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি যেসব খাল ও পানি নিষ্কাশনের পথ বন্ধ রয়েছে, সেগুলো পরিষ্কারের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কুমিল্লা নগরীকে জলাবদ্ধতামুক্ত করতে সিটি কর্পোরেশন পরিকল্পিতভাবে বিভিন্ন কার্যক্রম শুরু করেছে। নগরবাসীর দীর্ঘদিনের এই সমস্যা সমাধানে আমরা গুরুত্ব দিয়ে কাজ করছি। পর্যায়ক্রমে এর দৃশ্যমান সুফল নগরবাসী দেখতে পাবেন।