রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

তারকা সন্তান বলে সমালোচনায় একটুও লজ্জা পাই না: অনন্যা

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ২৯, ২০২৪
news-image

ডেস্ক রিপোর্ট:

বিনোদন জগতের তারকা সন্তানদের নিয়ে সাধারণত এক ধরনের ধারণা থাকে যে, তারা অতিরিক্ত সুবিধা পেয়ে থাকেন। এই ধারণা নেটিজেনদের মাঝে বেশ জনপ্রিয়। এবং এই সুবিধা পাওয়ার কথা স্পষ্টভাবে জানিয়েছেন বলিউডের বর্ষীয়ান অভিনেতা চাঙ্কি পান্ডের কন্যা অনন্যা পান্ডে। তবে তিনি জানিয়েছেন, তারকা সন্তান হওয়া নিয়ে তার কোনো আক্ষেপ নেই। সর্বশেষ তাকে দেখা গেছে ‘কল মি বে’ ওয়েব সিরিজ ও ‘কন্ট্রোল’ ছবিতে।

আনন্দবাজারের সূত্রে জানা যায়, একসময় একের পর এক সমালোচনা আসতে থাকে অভিনেত্রী অনন্যা পান্ডের দিকে। অভিযোগ ছিল, তার নামের সঙ্গে ‘তারকা সন্তান’ এর তকমা জড়ানো, যার কারণে তিনি নাকি অতিরিক্ত সুযোগ-সুবিধা পান। এবার এই বিষয়টি নিয়ে নিজের মন্তব্য জানিয়েছেন অনন্যা।

তারকা সন্তান হওয়া নিয়ে কোনো ধরনের আক্ষেপ নেই উল্লেখ করে অনন্যা বলেন, তারকা সন্তান হওয়ার কারণে অনেক ধরনের মন্তব্য শুনতে হয়। কিছু মানুষ তাকে লজ্জিত করতে চায়, কিন্তু তার বাবা নিয়ে তিনি লজ্জিত হন না। তিনি আরও বলেন, “আমার বাবা চিকিৎসক পরিবারের সন্তান ছিলেন। তারপর অভিনয়কে পেশা হিসেবে বেছে নিয়েছিলেন এবং কঠোর পরিশ্রম করে নিজের জায়গা তৈরি করেছিলেন।”

এছাড়া, তিনি আরও বলেন, “‘তারকা সন্তান’ শব্দটি অনেকের কাছে খারাপ মনে হতে পারে, কিন্তু আমি তা মনে করি না। মানুষ যা ভাববে, তাই ভাববে। আমাদের এই ইন্ডাস্ট্রি অনেক কিছু দিয়েছে, এবং দর্শকও আমাদের অনেক ভালোবাসা দিয়েছেন। তারকা সন্তান হয়েও অনেকে ভালো কাজ করছেন, আবার বাইরের জগত থেকেও অনেক অভিনেতা ভালো কাজ করছেন।”

অনন্যা আরো বলেন, “আমি দেখতাম, আমার বাবা বাড়িতে বসে থাকতেন। হয়তো দু-একবার ছবির সেটে গিয়েছিলাম। কিন্তু এমন নয় যে বাবা কাজ নিয়ে খুব ব্যস্ত থাকতেন। আমাদের বাড়ির বাইরে মানুষ বাবাকে দেখতে ভিড় জমাত না।”