শুক্রবার, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দাউদকান্দিতে হত্যা মামলায় বৈষম্যবিরোধী আন্দোলনের মুখপাত্র গ্রেপ্তার, প্রতিবাদে সংবাদ সম্মেলন

আজকের কুমিল্লা ডট কম :
এপ্রিল ১০, ২০২৬
news-image

 

জাকির হোসেন হাজারী, দাউদকান্দিঃ

কুমিল্লার দাউদকান্দিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি হত্যা মামলায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাউদকান্দি উপজেলা শাখার মুখ্যপাত্র জুলাইযোদ্ধা মো. সাকিব হাসান ও তার বড় ভাই মো. নবীর হোসেনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) দিবাগত রাত আনুমানিক ২টার দিকে উপজেলার গৌরীপুর এলাকায় নিজ বাসা থেকে তাদের আটক করা হয়।

শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১২টার দিকে তাদের কুমিল্লা আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃত মো. সাকিব সরকার রাব্বী (২৪) ও মো নবীর হোসেন (৪৩) তিতাস উপজেলার জিয়ারকান্দি গ্রামের জহির হোসেন মেম্বারের ছেলে।

এদিকে এ ঘটনায় প্রতিবাদ জানিয়ে আজ শুক্রবার বিকাল চারটায় দাউদকান্দি শহীদ রিফাত বাবু পার্কে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা সংবাদ সম্মেলন করেন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন দাউদকান্দি উপজেলা আহ্বায়ক আতিকুল ইসলাম শান্ত, পৌরসভা আহ্বায়ক সাইফুল ইসলাম, মুখ্য সংগঠক মো. ফয়সাল সিকদার, পৌরসভার মুখ্য সংগঠক মো. সাগর, সহ-সমন্বয়ক মো. ইমন মিয়া, যুগ্ম আহ্বায়ক মো. সাইজুদ্দিন এবং মো. আব্দুর রহিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, চব্বিশের ৫ আগস্ট দাউদকান্দি উপজেলার গৌরীপুর পশ্চিম বাজারে সংঘটিত এক হত্যাকাণ্ডের ঘটনায় দায়ের করা মামলায় সাকিব হাসানকে গ্রেপ্তার করা হয়েছে। তবে তারা দাবি করেন, সাকিব ওই মামলার এজাহারভুক্ত আসামি নন এবং ঘটনার সঙ্গে তার কোনো সংশ্লিষ্টতা নেই। এছাড়া তার বড় ভাই নবীর হোসেন ঘটনার সময় বিদেশে অবস্থান করছিলেন বলেও উল্লেখ করেন তারা।

বক্তারা আরও অভিযোগ করেন, নিরপরাধ ব্যক্তিদের হয়রানি করা হচ্ছে এবং প্রকৃত অপরাধীদের আড়াল করা হচ্ছে। তারা অবিলম্বে সাকিব হাসান ও নবীর হোসেনের নিঃশর্ত মুক্তির দাবি জানান এবং ঘটনার সুষ্ঠু তদন্তের আহ্বান জানান।

বক্তারা আরও বলেন, সাকিব সরকার সম্মুখসারীর একজন জুলাই যোদ্ধা। আর সুলতান হত্যার ঘটনাটি বৈষম্য বিরোধী আন্দোলনের সাথে সম্পৃক্ত না । এটি স্থানীয় প্রভাব বিস্তারকে কেন্দ্র করে ঘটেছে বলে আমরা জেনেছি। মুলতঃ এই হত্যাকান্ডের সাথে যারা জড়িত তাদের সাথে বাদি নিহত সুলতানের স্ত্রীর সাথে মোটা অংকের অর্থের বিনিময়ে রফাদফা হয়েছে বলেও আমরা জেনেছি। এই মামলার বাদিকে নিয়ে কিছু অভিযোগ আছে।

জুলাইযোদ্ধা গেজেট নিয়ে তারা বলেন, নিহত সুলতান বৈষম্য বিরোধী আন্দোলনের কোন শহীদ না। তবে কে বা কারা কিভাবে তাকে জুলাই যোদ্ধা হিসেবে গেজেটভুক্ত করেছে জানিনা। ওই গেজেটের বিরুদ্ধে আমরা অচীরেই আমরা রীট করবো। আর বৈষম্য বিরোধী মামলায় দাউদকান্দিতে অনেককেই অহেতুক জড়ানো হয়েছে, তাদেরকে অহেতুক হয়রানি না করার আহবান জানান বৈষম্য বিরোধী আন্দোলনের নেতৃবৃন্দ।

সংবাদ সম্মেলনে বক্তারা এই গ্রেপ্তারের তীব্র নিন্দা এবং অনতিবিলম্বে সাকিব সরকার ও তার ভাই নবীর হোসেনের মুক্তির দাবী জানান। সেইসাথে নেপথ্যে কারা কলকাঠি নাড়ছে তাদের মুখোশ উন্মোচন করার দাবী জানাচ্ছি। না হয় ঢাকা-চট্রগ্রাম মহাসড়ক অবরোধসহ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবো।

জানাযায় , বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ আগস্ট কুমিল্লার দাউদকান্দির গৌরীপুর বাজারে সুলতান মিয়া নামে এক ব্যক্তি নিহত হন। ঘটনার দীর্ঘ ১১ মাস পর বছর ২ নিহতের স্ত্রী রেহেনা বেগম বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখ করে দাউদকান্দি মডেল থানায় হত্যা মামলা করেন।

দাউদকান্দি মডেল থানার ওসি এম এ আব্দুল হালিম জানান, সুলতান হত্যা মামলায় সাকিব, নবীর হোসেন ও আঃ কাদের জিলানী নামে তিনজনকে প্রেপ্তার করেছি। তাদের আজ শুক্রবার কোর্টে প্রেরণ করা হয়েছে।