দুর্গাপূজা ঘিরে কুমিল্লায় নিরাপত্তা জোরদারের নির্দেশ পুলিশ সুপারের
নিজস্ব প্রতিবেদক:
শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে দায়িত্বরত পুলিশ সদস্যদের গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন কুমিল্লার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান পিপিএম।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুর্গাপূজা উপলক্ষে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত পুলিশ সদস্যদের উদ্দেশ্যে এক বিশেষ ব্রিফিংয়ে তিনি এসব নির্দেশনা দেন।
ব্রিফিংয়ে পুলিশ সুপার বলেন, দুর্গাপূজা বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসব শান্তিপূর্ণ, নির্বিঘ্ন ও আনন্দমুখর পরিবেশে উদ্যাপন নিশ্চিত করতে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় সার্বিক নিরাপত্তা বজায় রাখা পুলিশের গুরুত্বপূর্ণ দায়িত্ব।
তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রতিটি পূজামণ্ডপে সতর্ক নজরদারি, সিসিটিভি ক্যামেরার কার্যকারিতা নিশ্চিতকরণ, চেকপোস্ট ও টহল কার্যক্রম সক্রিয় রাখা এবং সন্দেহজনক ব্যক্তি বা কার্যকলাপের বিষয়ে দ্রুত ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করার নির্দেশনা দেন।
এ ছাড়া পূজামণ্ডপে আগত ভক্ত ও দর্শনার্থীদের সঙ্গে বিনয়ী ও সৌজন্যপূর্ণ আচরণ, ভিড় নিয়ন্ত্রণে সতর্কতা অবলম্বন, যানবাহন চলাচল স্বাভাবিক রাখতে ট্রাফিক পুলিশের সঙ্গে সমন্বয় এবং আইনশৃঙ্খলা রক্ষায় স্থানীয় পূজা উদ্যাপন কমিটি ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে ঘনিষ্ঠ যোগাযোগ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
পুলিশ সুপার বলেন, দায়িত্ব পালনকালে সর্বোচ্চ ধৈর্য, শৃঙ্খলা, সতর্কতা ও পেশাদারিত্ব বজায় রাখতে হবে। কোনো অবস্থাতেই দায়িত্বে অবহেলা বা অমনোযোগিতা করা যাবে না। জরুরি পরিস্থিতিতে দ্রুত সিদ্ধান্ত নিয়ে কার্যকর পদক্ষেপ গ্রহণের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যে আস্থা ও নিরাপত্তাবোধ সৃষ্টি করতে হবে।
তিনি আরও বলেন, “আপনাদের নিষ্ঠা, আন্তরিকতা ও সতর্কতাই জনগণের আস্থা অর্জনের মূল চাবিকাঠি। পুলিশ ও জনগণের সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই শান্তিপূর্ণভাবে এই উৎসব উদ্যাপন সম্ভব।”
ব্রিফিংয়ের শেষে পুলিশ সুপার দায়িত্বরত পুলিশ সদস্যদের উৎসাহিত করেন এবং দুর্গাপূজার পুরো সময়জুড়ে সর্বোচ্চ আন্তরিকতা, সতর্কতা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ লুৎফর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়াসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং দুর্গাপূজার নিরাপত্তায় মোতায়েন করা পুলিশ সদস্যরা।