দেবিদ্বারে কর্মবিরতিতে প্রাথমিক সহকারী শিক্ষকদের, পরীক্ষা নিচ্ছেন প্রধান শিক্ষকরা
তিন দফা দাবি আদায়ের দাবিতে সারা দেশের ন্যায় কুমিল্লার দেবিদ্বার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতি অব্যাহত রেখেছেন। সোমবার (১ ডিসেম্বর) থেকে বার্ষিক পরীক্ষা শুরু হলেও সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় প্রধান শিক্ষকরা বিকল্পভাবে পরীক্ষা পরিচালনা করছেন। গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে সহকারী শিক্ষকরা কর্মবিরতি শুরু করেন।
উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানা যায়, দেবিদ্বার উপজেলায় ১৮৫টি প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন শ্রেনীতে মোট ৩২ হাজার শিক্ষার্থী পরীক্ষায় অংশ গ্রহন করেছেন। এদিকে সহকারী শিক্ষকরা কর্মবিরতিতে থাকায় কোমলমতি শিক্ষার্থীরা পরীক্ষা দিতে এসে বিভিন্ন রকমের অসুবিধার সন্মুখিন হচ্ছে বলে অভিবাবকদের দাবি।
মোঃ হেলাল উদ্দিন নামের এক শিক্ষার্থীর অভিবাবক বলেন, কোমলমতি শিক্ষার্থীদের জিম্মি করে সহকারী শিক্ষকদের এই আন্দোলন খুবই অমানবিক। মানুষ গড়ার কারিগরদের নিকট থেকে এ ধরনের আচরন কাম্য নয়।
সরকারী শিক্ষক হাবিবুর রহমান, আশিকুর রহমান সরকার, মোঃ ছফিউল্লাহ জানান, দাবি বাস্তবায়ন না হওয়ায় আন্দোলন চালিয়ে যেতে বাধ্য হয়েছেন তারা। কোমলমতি শিক্ষার্থীদের অসুবিধা হলেও তারা ‘নিরুপায়’ বলেই দাবি করেন।











