,

দৈনিক আজকের কুমিল্লায় সংবাদ প্রকাশের পর সংস্কার হলো সাবেক বিডিআর সদস্য কর্তৃক কাটা রাস্তার অংশ

আজকের কুমিল্লা ডট কম :
August 2, 2018
news-image

আরিফ আজগরঃ

অবশেষে দৈনিক আজকের কুমিল্লায় সংবাদ প্রচারের পর ভরাট করা হলো সাবেক বিডিআর সদস্য কর্তৃক কাটা রাস্তাটির অংশ। আজ (বৃহস্পতিবার) কাজটি সম্পাদন করা হয়।

গত ২৯ শে জুলাই (রবিবার) দৈনিক আজকের কুমিল্লায় “ বরুড়ায় সাবেক বিডিআর সদস্যের বিরুদ্ধে সরকারি রাস্তা কেটে জনগণের ভোগান্তি বাড়ানোর অভিযোগ” শীর্ষক একটি সংবাদ প্রকাশিত হয়। যার বর্ণনায় ছিল বরুড়ার আদ্রা ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের শহীদুল্লাহ পাটোয়ারী সাবেক বিডিআর সদস্য ছিলেন, এমন প্রভাবে তার বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া রাস্তাটির মাঝখানে কেটে সেই মাটি নিজের বাড়ির সীমান্তে ফেলেন, যেন বর্ষার বৃষ্টির পানি তার বাড়িতে প্রবেশ না করতে পারে।

খবর পেয়ে দৈনিক আজকের কুমিল্লা টিম ঘটনাস্থল পরিদর্শন করে স্থানীয় ওয়ার্ড মেম্বার হুমায়ূন কবিরের কাছে জানতে চাইলে, তিনি বিষয়টি নিশ্চিত করেন। পরে ২৯ শে জুলাই রবিবার দৈনিক আজকের কুমিল্লা সংবাদটি প্রকাশ করে ।

সংবাদটি প্রকাশের পর বরুড়া উপজেলা প্রশাসনের দৃষ্টি কাড়ে এবং উপজেলা নির্বাহী অফিসার মোঃ মাজহারুল ইসলামের নির্দেশে আদ্রা ইউনিয়নের চেয়ারম্যান ফজলুল হকের মাধ্যমে আজ কেটে ফেলা রাস্তার অংশে ইটের সুরকী দিয়ে ভরাট করা হয়। স্থানীয় লোকজন বেশ প্রফুল্লতার সাথে বরুড়া উপজেলা প্রশাসন এবং দৈনিক আজকের কুমিল্লা পত্রিকাকে বিশেষভাবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।