মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে বিদ্যুৎ সংযোগের নামে প্রতারণায় নেমেছে একদল স্বার্থান্বেষী মহল

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৩০, ২০১৯
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগর :
প্রধানমন্ত্রীর শেখ হাসিনার উদ্যোগ ঘরে ঘরে বিদ্যুৎ তারই অংশ হিসেবে নতুন বিদ্যুৎ সংযোগ দেয়ার কাজ চালিয়ে যাচ্ছে ব্রা‏হ্মণবাড়িয়ার নবীনগর পল্লী বিদ্যুৎ জোনাল অফিস। অল্প সময়ের মধ্যে মিটার স্থাপন (বিদ্যুতের ফেরিওয়ালা) করে বিদ্যুতের সংযোগ দেয়ার কার্যক্রমের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন ইউনিয়নে পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা-কর্মচারীরা গ্রাহকের বাড়িতে বাড়িতে গিয়ে তাৎক্ষণিক মিটার স্থাপনের মাধ্যমে লাইন চালু করে দিচ্ছেন। তবে একদল স্বার্থান্বেষী মহল গ্রামের সহজ সরল মানুষকে ঠকিয়ে নতুন সংযোগ দেয়ার কথা বলে প্রতারণার মাধ্যমে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে।

বিদ্যুৎ লাইনের কথা বলে উপজেলার রতনপুর ইউনিয়নের খাগাতুয়া গ্রামের কিছু স্বার্থবাদী লোক কয়েকটি পরিবারের কাছ থেকে কয়েক লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তাদেরকে টাকা না দিলে বিদ্যুৎ সংযোগ পাওয়া যাবে না।

এ ঘটনায় ভুক্তভোগী স্বপ্না বেগম নামে এক গৃহবধু এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের লাইন ম্যান হিসেবে পরিচিত কবির মিয়া, সুলতান মিয়া, রিপন মিয়া, হানু মিয়ার নাম উল্লেখ্য করে বলেন, এই লোকগুলো বিদ্যুতের নতুন সংযোগ দেয়ার নামে আমার মতো অনেকের কাছ থেকেই টাকা নিয়েছে।

নবীনগর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার নীল মাধব বণিক জানান, এ ঘটনায় পল্লী বিদ্যুৎ অফিসের কেউ জড়িত থাকলে তাদের সর্বোচ্চ বিচার করা হবে। বাইরের কেউ জড়িত হলে সেটা পুলিশ ব্যবস্থা নিবে।

এ ঘটনায় নবীনগর থানার ওসি রণোজিত রায় মুঠোফোনে দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, এই বিষয়টি নিয়ে আপনি ইউএনও মহোদয়ের সাথে কথা বলেন।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম মুঠোফোনে দৈনিক আজকের কুমিল্লাকে বলেন, যদি এই ধরণের কোন ঘটনা ঘটে থাকে তাহলে অবশ্যই দোষী ব্যক্তিদের আইনের আওতায় আনা হবে।