বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রে শ্রোতা সম্পৃক্ততা বৃদ্ধির কৌশল নিয়ে সেমিনার
বাংলাদেশ বেতার কুমিল্লা কেন্দ্রে শ্রোতা সম্পৃক্ততা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১টায় কেন্দ্রের অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম। তিনি বেতারের প্রতি শৈশবের টান তুলে ধরে বলেন, প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে এখন প্রয়োজন শ্রোতাবান্ধব অনুষ্ঠান। তিনি নিউমিডিয়ার ব্যবহার বাড়ানোর পরামর্শ দেন।
অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রো-ভিসি প্রফেসর ড. মাসুদা কামাল এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক মো. আজিজুর রহমান। তারা সেমিনারের বিষয়কে সময়োপযোগী উল্লেখ করে শ্রোতাদের প্রয়োজন অনুযায়ী নতুন ধারার অনুষ্ঠান তৈরি করার ওপর গুরুত্ব দেন।
সেমিনারে আলোচক হিসেবে অংশ নেন আঞ্চলিক প্রকৌশলী ফারুক আহমেদ ও আঞ্চলিক বার্তা নিয়ন্ত্রক ড. তাপস চন্দ্র বোস। তারা বেতারকে আধুনিক প্রযুক্তির সঙ্গে সমন্বয় করে অনুষ্ঠান নির্মাণের প্রয়োজনীয়তা তুলে ধরেন। মুল প্রবন্ধ উপস্থাপন করেন সহকারী পরিচালক (অনুষ্ঠান) মো. ইমরান হোসেন।
সমাপনী বক্তব্যে আঞ্চলিক পরিচালক নিতাই কুমার ভট্টাচার্য বলেন, বেতার একসময় দেশের বিভিন্ন খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এখন পরিবর্তিত সময়ে শ্রোতাদের কাছে পৌঁছাতে হলে তাদের চাহিদা অনুযায়ী আধুনিক ও আকর্ষণীয় অনুষ্ঠান তৈরি করতে হবে।
বাংলাদেশ বেতারের উপস্থাপক বিশিষ্ট বাচিকশিল্পী মাহতাব সোহেলের সঞ্চালনায় অনুষ্ঠানে স্থানীয় সাংবাদিক, বাচিক শিল্পী, বিভিন্ন শ্রোতা ক্লাবের সদস্য, শিল্পী, কলা-কুশলী ও বেতারের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।











