মঙ্গলবার, ১৭ই মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ

বায়ান্নর চেতনায় আগামীর বাংলাদেশ গড়ার আহ্বান: যথাযোগ্য মর্যাদায় সিসিএন বিশ্ববিদ্যালয়ে একুশ উদযাপন

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ২২, ২০২৬
news-image

এমদাদুল হক সোহাগ:

বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসায় অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করেছে কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভাষা শহীদদের ত্যাগের মহিমায় উদ্ভাসিত হয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দিনব্যাপী নানা কর্মসূচি পালন করে।

দিবসের প্রথম প্রহরেই কুমিল্লা নগরীর টাউনহল মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান অধ্যাপক ড. মো: তারিকুল ইসলাম চৌধুরী। এসময় তার সাথে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের পরিচালক প্রশাসন (অবৈতনিক) ইফতেখারুল ইসলাম চৌধুরী ও জনসংযোগ কর্মকর্তা মোঃ এমদাদুল হক সোহাগ। এ সময় ভাষা শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন তারা।

এদিকে সকালে কোটবাড়িস্থ ‘চৌধুরী এস্টেট’ এলাকায় অবস্থিত বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ও সুবিশাল ক্যাম্পাসে শোকাবহ পরিবেশে বের করা হয় প্রভাতফেরি। ‘আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি’ গাইতে গাইতে শোভাযাত্রায় অংশ নেন শিক্ষক ও শিক্ষার্থীরা। শোভাযাত্রা শেষে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মোঃ তারিকুল ইসলাম চৌধুরী তার বক্তব্যে বলেন, “একুশ আমাদের অহংকার। ভাষা আন্দোলনের চেতনাকে ধারণ করেই আমাদের আগামীর আধুনিক ও স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে হবে।” তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের দেশপ্রেম ও সেবার মানসিকতা নিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধান, প্রশাসনিক কর্মকর্তা ও সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

আর পড়তে পারেন