মেঘনায় ১৩ নভেম্বর “ঢাকা লকডাউন”: নাশকতা ঠেকাতে সতর্ক অবস্থানে পুলিশ
আগামী ১৩ নভেম্বর অনলাইনে রাজনৈতিকভাবে নিষিদ্ধ দল আওয়ামী লীগের ডাকা “ঢাকা লকডাউন” কর্মসূচীকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কা দেখা দিয়েছে। এ পরিস্থিতিতে মেঘনা থানা পুলিশ নাশকতা ও অরাজকতা ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
জানা গেছে, সম্প্রতি দেশের বিভিন্ন স্থানে আগুন সন্ত্রাস ও ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে পরিস্থিতি অস্থিতিশীল করার চেষ্টা চলছে। এর অংশ হিসেবে কুমিল্লার মেঘনা উপজেলায়ও বাড়তি নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখন পর্যন্ত তেমন কোনো নাশকতার ঘটনা না ঘটলেও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগসহ আওয়ামী লীগের অনেক নেতাকর্মী এলাকায় অবস্থান করছেন, যা নিয়ে সচেতন মহলে উদ্বেগ বিরাজ করছে।
অন্যদিকে, বিএনপির পক্ষ থেকে ফ্যাসিবাদ ও দমননীতির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণের ঘোষণা এসেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, স্বৈরাচার আওয়ামী লীগ যদি কোন প্রকার নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করে তাহলে কঠিন রাজনৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে এবং জবাব দেওয়া হবে।
এ বিষয়ে মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল জলিল আজ আজকের কুমিল্লা-কে জানান,
“নাশকতা বা বিশৃঙ্খলার কোনো সুযোগ দেওয়া হবে না। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বাবস্থায় সতর্ক অবস্থানে রয়েছে।”
স্থানীয় সূত্রে জানা গেছে, থানার পাশাপাশি ইউনিয়ন পর্যায়েও টহল ও গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হয়েছে, যাতে কোনো অরাজক তৎপরতা মাথাচাড়া দিয়ে না ওঠে।











