শনিবার, ৬ই ডিসেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ

রাস্তায় নামানো হচ্ছে বিল্ডিংয়ের সিমেন্ট, যানজটে দুর্ভোগ

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ১, ২০২৫
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীর ঠাকুরপাড়া রোডে রাস্তা বন্ধ করে ফ্রেন্ডস শাপলা সীমা প্যালেসের একটি বিল্ডিংয়ের সামনে নামানো হচ্ছে সিমেন্ট। যার ফলে যানজটে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।

রফিকুল ইসলাম নামের এক পথচারী বলেন, এই রোডে প্রায়ই এমন দেখা যায়। হয় রাস্তায় ওরা ইট, বালু, রড রাখেন নাহয় রাস্তা বন্ধ করে মালামাল নামানো হয়। সাধারণ মানুষের ভোগান্তি দেখার টাইম তো তাদের নেই।

আখি আক্তার নামের আরেক পথচারী বলেন, প্রতিদিন এই রাস্তায় জ্যামে পড়ে আমাদের মূল্যবান সময় নষ্ট হয়। এতো বড় ট্রাক রাস্তায় রেখে মাল নামাচ্ছে এখানে অর্ধেক রাস্তা ব্লক হয়ে গেছে। কর্তৃপক্ষ এই বিষয়গুলোতে নজর দেওয়া উচিত।

খোঁজ নিয়ে জানা যায়, এই বিল্ডিং প্রকল্পটির চেয়ারম্যান হিসেবে দায়িত্বে আছেন কুমিল্লা সিটি করপোরেশনের ৮ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর অ্যাডভোকেট একরাম হোসেন বাবু।

তার কাছে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ভাই রাস্তায় গাড়ি রেখে মালামাল না নামালে কোথায় রেখে নামাবো? মালামাল কি আমি বিল্ডিংয়ের ভিতরে ঢুকিয়ে নামাবো? কুমিল্লা শহরে আরও বড় বড় সাংবাদিক আছে ওরা তো এসব নিয়ে কিছু বলে না। আপনিই কেন বলতেছেন? শহর অনেক জায়গায় এভাবে মালামাল নামানো হয় ওইসব কেন দেখেন না? মালামাল নামানোর কোনো সময়সীমা তো সিটি করপোরেশন বেঁধে দেয়নি।
একজন সাবেক জনপ্রতিনিধি হয়ে কেন জনগণের কথা ভাবছেন না জানতে চাইলে তিনি বলেন, এখানে সাধারণ মানুষের কি সমস্যা হওয়ার তো কোন কারণ দেখি না আমি। তবুও আমি আমার ম্যানেজারের সাথে কথা বলে কেন তারা এই সময় মালামাল নামাচ্ছে জানতে চাচ্ছি।

দায়িত্বরত ম্যানেজার কবির হোসেন বলেন, যানজট একটু আগে ছিল এখন তো নেই। আমিতো এখানেই দাঁড়িয়ে আছি। মালামাল এখন আসলে আমরা কখন নামাবো?

এসব বিষয়ে জানতে চাইলে সিটি করপোরেশনের প্রশাসক মোঃ শাহ আলমের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি বলেন, আমি এখন বাড়িতে আছি। আমার এখানে ভালো নেটওয়ার্ক নেই। আপনার কথা আমি বুঝতে পারছি না।

আর পড়তে পারেন