রোজা রেখে ইফতার পার্টি দিলেন অভিনেতা থালাপতি বিজয়
দক্ষিণ ভারতীয় সিনেমার সুপারস্টার থালাপতি বিজয় এখন সিনেমা জগত ছেড়ে পুরোপুরি রাজনীতিতে মনোনিবেশ করেছেন। শিগগিরই তিনি চলচ্চিত্র জগত থেকে বিদায় নিচ্ছেন। পর্দার জগতে অসংখ্য জনপ্রিয় সিনেমা উপহার দেওয়ার পর এবার তিনি বাস্তব জীবনে মানুষের পাশে দাঁড়াতে চান। এই লক্ষ্যেই তিনি একটি রাজনৈতিক দল গঠন করেছেন।
গত শুক্রবার (৭ মার্চ) চেন্নাইয়ে বিজয়ের রাজনৈতিক দলের পক্ষ থেকে রমজান উপলক্ষে একটি বিশাল ইফতার পার্টির আয়োজন করা হয়। এই অনুষ্ঠানে তিনি ইসলামী পোশাকে হাজির হন। সাদা পোশাকের সঙ্গে তিনি টুপিও পরেছিলেন। অনুষ্ঠানে মোনাজাতেও অংশ নেন তিনি।
তাঁর আমন্ত্রণে রাজনীতি ও চলচ্চিত্র জগতের অনেকেই এই ইফতার পার্টিতে অংশ নেন। এছাড়াও চেন্নাইয়ের ১৫টি মসজিদের ইমামরাও উপস্থিত ছিলেন। তিন হাজার মানুষের এই আয়োজনে বিজয় মাথায় টুপি ও সাদা শার্ট পরে হাজির হন।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, বিজয় শুধু ইফতারই করেননি, সেদিন তিনি রোজাও রেখেছিলেন। ইফতারের আগের মোনাজাতেও তিনি অংশ নিয়েছিলেন।
এই ইফতার পার্টির একটি ভিডিও এএনআই তাদের অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে শেয়ার করেছে। এই ভিডিওটি ভক্তদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে। অনেকে তাঁর এই সাম্প্রদায়িক সম্প্রীতির প্রশংসা করেছেন, আবার অনেকে তাঁকে ট্রলও করেছেন।
২০২৬ সালে অনুষ্ঠিতব্য তামিলনাড়ু বিধানসভা নির্বাচনে বিজয়ের নতুন দল ‘তামিলাগা ভেত্রি কাজাগাম’ (টিভিকে) অংশ নিতে পারে। এই নির্বাচনে বিজয় এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে।











