,

লাকসামে সরকারি হাসপাতালে চিকিৎসা নিতে আসা গৃহিনীর শ্লীলতাহানি

আজকের কুমিল্লা ডট কম :
October 30, 2019
news-image

 

সেলিম চৌধুরী হীরাঃ

কুমিল্লা জেলার লাকসাম উপজেলায় লাকসাম সরকারি হাসপাতালে অসুস্থ শিশু সন্তানকে নিয়ে ভর্তি হওয়া এক গৃহিনীকে শ্লীলতাহানীর অভিযোগে আমজাদ হোসেন (২৮) নামে এক যুবককে আটক করে পুলিশে দেয়া হয়েছে।

আটককৃত যুবক টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলার ফিরোজ মিয়ার ছেলে।

জানা গেছে, লাকসাম পৌরসভার গন্ডামারা এলাকার ওই গৃহিনী (৩০) তার অসুস্থ শিশু সন্তানকে নিয়ে হাসপাতালের মহিলা ওয়ার্ডে ভর্তি হয়। মঙ্গলবার দিবাগত রাতে ৩ মাস বয়সী শিশু সন্তানকে নিয়ে ঘুমিয়ে পড়ে। মাঝ রাতে পাশের পুরুষ ওয়ার্ডে ভর্তি থাকা আমজাদ হোসেন নামে ওই যুবক তাকে জোরপূর্বক শ্লীলতাহানী করে। এ সময় গৃহিনীর শোর-চিৎকারে আশপাশের লোকজন ছুটে এসে তাকে আটক করে।

পরে খবর পেয়ে লাকসাম থানা পুলিশ যুবককে আটক করে থানায় নিয়ে আসে। বুধবার (৩০ অক্টোবর) তাকে কুমিল্লা আদালতে প্রেরণ করা হলে আদালত তাকে জেলহাজতে পাঠায়।

এ বিষয়ে লাকসাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিজাম উদ্দিন বলেন, ভিকটিম নিজে বাদী হয়ে শ্লীলতাহানীর অভিযোগে একটি মামলা দায়ের করেছেন। আসামিকে কুমিল্লা আদালতে চালান দেয়া হয়েছে।