,

সরকারের রাজস্ব ঘাটতি পূরণে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে: উপদেষ্টা

আজকের কুমিল্লা ডট কম :
January 13, 2025
news-image

সরকারের রাজস্ব ঘাটতি পূরণে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে: উপদেষ্টা

ডেস্ক রিপোর্ট:

খাদ্য উপদেষ্টা আলী ইমাম মজুমদার জানিয়েছেন, সরকারের রাজস্ব ঘাটতি পূরণে কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে। তিনি বলেন, “সরকারের রাজস্ব প্রয়োজন, অনেক ভর্তুকিও দিতে হয়। এই অর্থ কোথাও না কোথাও থেকে সংগ্রহ করতে হয়, তাই কিছু পণ্যের ওপর ভ্যাট বাড়ানো হয়েছে, এতে জনগণের তেমন কোনো অসুবিধা হবে না।”

সোমবার (১৩ জানুয়ারি) সকালে মাদারীপুর সার্কিট হাউসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

আলী ইমাম মজুমদার আরও জানান, অকাল বন্যায় আমন ফসলের ক্ষতি হয়েছে। তবে সরকার খাদ্য ঘাটতি পূরণে কাজ করছে। বিদেশ থেকে খাদ্য আমদানির ব্যবস্থা করা হয়েছে এবং ভবিষ্যতে যদি ভালো ফসল হয়, বিশেষ করে ইরি ধানের বাম্পার ফলন হলে, তখন আর চাল বিদেশ থেকে আমদানি করতে হবে না। তবে বর্তমানে দেশের খাদ্য সংকট মেটাতে অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম দায়িত্ব হচ্ছে খাদ্য আমদানি এবং দেশের বিভিন্ন স্থানে সঠিকভাবে খাদ্য পৌঁছানো। চালের বাজার স্থিতিশীল রাখতে আমদানি কার্যক্রম সহায়ক হবে।

তিনি জানান, “ওএমএস সুবিধা বাড়ানোর পরিকল্পনা রয়েছে। ইতোমধ্যে প্রতি উপজেলায় ২ টন করে চাল দেওয়া হয়েছে। খাদ্যবান্ধব কর্মসূচিতে আগামী দুই মাসের জন্য ৫০ লাখ উপকারভোগী মাত্র ১৫ টাকায় প্রতি কেজি চাল পাবেন এবং তারা ৩০ কেজি করে চাল পেতে পারবেন।”

খাদ্য মন্ত্রণালয়ের দুর্নীতি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “মন্ত্রণালয়ে কিছু অনিয়ম রয়েছে, বিষয়টি দুদক অনুসন্ধান করছে। এই অনুসন্ধান ভবিষ্যতেও চলতে থাকবে।”

এ সময় মাদারীপুরের জেলা প্রশাসক মোছা. ইয়াসমিন আক্তার, পুলিশ সুপার মো. সাইফুজ্জামান ও স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক মো. হাবিবুল আলমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।