সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা
সহকারী শিক্ষকদের দশম গ্রেড বাস্তবসম্মত নয়: গণশিক্ষা উপদেষ্টা
সহকারী শিক্ষকদের জন্য দশম গ্রেড প্রস্তাব বাস্তবসম্মত নয় বলে মন্তব্য করেছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডা. বিধান রঞ্জন রায় পোদ্দার। তবে তিনি বলেছেন, এই প্রস্তাবকে পুরোপুরি অযৌক্তিক বলা যায় না।
রোববার (১৭ নভেম্বর) সিলেট বিভাগীয় কমিশনারের কার্যালয়ে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সিলেটের অতিরিক্ত বিভাগীয় কমিশনার দেবজিৎ সিংহ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. সাখাওয়াত হোসেন, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবু নুর মোহাম্মদ শামসুজ্জামান, ডিআইজি মো. মুশফেকুর রহমান এবং পুলিশ কমিশনার মো. রেজাউল করিম।
উপদেষ্টা বলেন, দেশের প্রশাসনিক কাঠামো যথেষ্ট দক্ষ এবং নির্ভরযোগ্য। গত জুলাই-আগস্টে কঠিন পরিস্থিতিতেও প্রশাসন কার্যক্রমে কোনো ছন্দপতন হয়নি। তিনি প্রশাসনের প্রতি জনগণের নিরাপত্তা নিশ্চিত করার এবং ট্যাক্সদাতাদের প্রতি দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।
প্রাথমিক শিক্ষার গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, প্রাথমিক শিক্ষা সঠিকভাবে পরিচালিত না হলে গোড়াতেই গলদ থেকে যায়। প্রাথমিক শিক্ষার উন্নয়নে এলজিইডি ও প্রশাসনের সহযোগিতার উপর জোর দেন তিনি।
তিনি আরও জানান, একটি গবেষণায় দেখা গেছে ময়মনসিংহ অঞ্চলের তুলনায় সিলেট অঞ্চলের প্রাথমিক শিক্ষা পিছিয়ে আছে। দেশের বিপুল জনশক্তিকে সম্পদে পরিণত করতে যথাযথ উদ্যোগ প্রয়োজন।
সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি জানান, জানুয়ারিতে প্রাথমিক স্তরের পাঠ্যবই বিতরণের জন্য প্রস্তুতি চলছে। ইতোমধ্যে বই ছাপানোর ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে।
সহকারী শিক্ষকদের দশম গ্রেড প্রসঙ্গে তিনি বলেন, বর্তমানে তারা ১৩তম গ্রেডে আছেন। তবে দশম গ্রেড পাওয়ার জন্য আরও সময় লাগবে। কারণ, প্রধান শিক্ষকরাও এখনো দশম গ্রেড পাননি। সহকারী প্রধান শিক্ষকের ৯,৫৭২টি নতুন পদ সৃষ্টির প্রস্তাবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সম্মতি মিলেছে। এতে সহকারী শিক্ষকদের শতভাগ পদোন্নতির সুযোগ থাকবে।
পরে উপদেষ্টা সিলেটের গ্র্যান্ড হোটেলে “ওয়ার্কশপ অন ডিজাইনিং ফর দ্য নেক্সট সেক্টর প্রোগ্রাম (পিইডিপি-৫)” অনুষ্ঠানে বক্তব্য দেন এবং সিলেট পিটিআই পরিদর্শন করেন।