সীমান্তে বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্য ১৫ ঘণ্টা পর ফেরত
নিজস্ব প্রতিবেদক:
কুমিল্লার ব্রাহ্মণপাড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের হাতে আটক দুই পুলিশ সদস্যকে প্রায় ১৫ ঘণ্টা পর ফেরত দেওয়া হয়েছে।
শুক্রবার (১৬ অক্টোবর) দুপুর আনুমানিক সাড়ে ১২টা থেকে ব্রাহ্মণপাড়া উপজেলার নারায়ণপুর সীমান্তের প্রধান পিলার ২০৫৭ এলাকায় দুই দেশের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। পরে
দুপুর ১টা ৫০ মিনিটে ভারতীয় প্রশাসন বাংলাদেশের প্রতিনিধিদলের কাছে তাঁদের হস্তান্তর করে।
ফেরত পাওয়া দুই পুলিশ সদস্য হলেন ব্রাহ্মণপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) ইমরান হোসেন ও কনস্টেবল রোহিত দেওয়ান। তাঁদের হস্তান্তরের সময় বাংলাদেশের পক্ষে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এ বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাত সাড়ে ১০টার দিকে শশীদল ইউনিয়নের আশাবাড়ি এলাকায় ২০৫৯ নম্বর সীমান্ত পিলারসংলগ্ন স্থানে মাদক উদ্ধারে অভিযান চালায় পুলিশের একটি দল। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে এক মাদক কারবারি পালানোর চেষ্টা করেন। তাঁকে ধাওয়া করতে গিয়ে কনস্টেবল রোহিত দেওয়ান অসাবধানতাবশত সীমান্ত অতিক্রম করে ভারতের ভূখণ্ডে প্রবেশ করেন।
পরে ভারতীয় স্থানীয় বাসিন্দারা তাঁকে আটক করে বিএসএফের কাছে হস্তান্তর করেন। এদিকে রোহিত দেওয়ানকে ফিরিয়ে আনতে সেখানে গেলে এএসআই ইমরান হোসেনও আটক হন।