,

কুমিল্লার চৌদ্দগ্রামে হত্যা মামলায় হাইকোর্টে খালেদার জামিন আবেদন

আজকের কুমিল্লা ডট কম :
January 20, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার চৌদ্দগ্রামে বাসে আগুন দিয়ে হত্যার ঘটনায় দায়ের হওয়া মামলায় হাইকোর্টে জামিন আবেদন করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।

রোববার (২০ জানুয়ারি) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এ আবেদন করা হয়। বিচারপতি মো. রেজাউল হক ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চে এ আবেদনের ওপর শুনানি হতে পারে।

খালেদার আইনজীবী কায়সার কামাল সাংবাদিকদের বলেন, এ মামলায় হাইকোর্টে বিএনপি চেয়ারপারসনের জামিন আবেদন করা হয়েছে।

বিচারিক আদালতে জামিন আবেদন শুনানির জন্য থাকা অবস্থায় হাইকোর্টে আবেদনের বিষয়ে তিনি বলেন, ওখানে বিচারাধীন থাকলেও হাইকোর্টের অন্তর্নিহিত ক্ষমতা আছে এ আবেদন শুনানি করার।

বিএনপি-জামায়াতসহ ২০ দলীয় জোটের ডাকা হরতাল-অবরোধ চলাকালে ২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি ভোরে চৌদ্দগ্রামের জগমোহনপুরে একটি নৈশকোচে পেট্রোল বোমা নিক্ষেপ করে দুর্বৃত্তরা। আইকন পরিবহনের ওই বাসটি কক্সবাজার থেকে ঢাকা যাচ্ছিলো।

ওই আগুনে পুড়ে ঘটনাস্থলে সাতজন নিহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।

এর পরদিন অর্থাৎ ৩ ফেব্রুয়ারি রাতে এ ঘটনায় চৌদ্দগ্রাম থানার উপ-পরির্দশক (এসআই) নূরুজ্জামান হাওলাদার বাদী হয়ে হত্যা ও বিস্ফোরক আইনে পৃথক দু’টি মামলা করেন।

এ মামলায় রাষ্ট্রপক্ষের সময় বাড়ানোর আবেদনের পরিপ্রেক্ষিতে ১৬ জানুয়ারি কুমিল্লার অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. আলী আকবর শুনানি পেছানোর আদেশ দেন।