,

কুমিল্লায় তালাকপ্রাপ্ত গৃহবধূকে ধর্ষণের অভিযোগ

আজকের কুমিল্লা ডট কম :
April 12, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে তালাকপ্রাপ্ত এক সন্তানের জননীকে ধর্ষণের অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার রাতে ওই গ্রামের উত্তর পাড়ায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় শুক্রবার ধর্ষিতার পিতা বাদী হয়ে নাঙ্গলকোট থানায় দু’জনকে আসামি করে মামলা দায়ের করেন।

অভিযুক্ত ধর্ষক নুরুজ্জামান রাজু উপজেলার আদ্রা উত্তর ইউপির মেরকট গ্রামের আব্দুল লতিফের ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, নুরুজ্জামান বৃহস্পতিবার রাতে ধর্ষিতার ঘরে প্রবেশ করে ধর্ষণ করে। এসময় ধর্ষিতার চিৎকার শুনে তার ভগ্নিপতি ও স্থানীয় লোকজন এগিয়ে আসলে নুরুজ্জামান পাশ্ববর্তী পুকুরে ঝাঁপ দিয়ে পালানোর চেষ্টা করে। এলাকাবাসী তাকে আটক করে, পরে ওই গ্রামের জীবন কৃষ্ণের মাছের খামারে আটক করে তালা বন্ধ করে রাখে।

ওই ব্যক্তি ঘরের জানালা ভেঙে পালিয়ে যায়। এ ঘটনার পর থেকে নুরুজ্জামানের পরিবারের সদস্যরাও ঘরের তালা বন্ধ করে পালিয়ে যায়।
এ বিষয়ে আদ্রা উত্তর ইউপির সদস্য জহিরুল ইসলাম গাজী বলেন, রাতে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। এলাকাবাসীর সহযোগিতায় লম্পট নুরুজ্জামানকে আটক করে জীবন কৃষ্ণ বাবুর মাছের খামারের একটি ঘরে তালাবন্ধ করে রাখা হয়। পরে ধর্ষিতার পরিবারকে খবর পাঠাতে গেলে ওই সুযোগে নুরুজ্জামান জানালা ভেঙে পালিয়ে যায়।

এ বিষয়ে ধর্ষিতার পিতা বলেন, প্রশাসনের নিকট এ ঘটনার সঠিক তদন্ত করে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানাই।

এ ব্যাপারে নাঙ্গলকোট থানার ওসি মো. নজরুল ইসলাম বলেন, এ ঘটনার অভিযোগ পেয়ে মামলা দায়ের করা হয়েছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।