,

কুমিল্লায় ব্রাজিল-আর্জেন্টিনা খেলা উপলক্ষে বিদেশি মদ কিনে ফেরার পথে ৩ যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 11, 2021
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় আর্জেন্টিনা ও ব্রাজিলের মধ্যে ফাইনাল খেলা উপলক্ষে বিদেশি মদ কিনে বাসায় ফেরার পথে ৩ যুবককে আটক করেছে পুলিশ।

শনিবার (১০ জুলাই) সন্ধ্যা ৭টার দিকে সদর উপজেলার শালধর বটগাছতলা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ১৪ বোতল বিদেশি মদ জব্দ করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লা নগরীর শুভপুর গ্রীণ রোড এলাকার আবু কালামের ছেলে মো. আশিক (৩০), সদর উপজেলার পাঁচথুবি এলাকার কেরানি বাড়ির বাড়াটিয়া মো. শাহ আলমের ছেলে মো. রবিউল ইসলাম (২২) এবং কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার চৌয়ারা রামমানির দিঘীপাড় এলাকার ভাড়াটিয়া রমজান আলীর ছেলে মো. আজিজ প্রকাশ আজাদ (২৭)।

কুমিল্লা কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, ছত্রখীল পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) শরীফুর রহমান গোপন সংবাদের ভিত্তিতে আদর্শ সদর উপজেলার শালধর বটগাছতলায় অভিযান চালিয়ে তাদের আটক করে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা জানায়, ব্রাজিল-আর্জেন্টিনার ফাইনাল খেলা উপলক্ষে এ মাদকদ্রব্য ক্রয় করেছিল। এ ঘটনায় তাদের বিরুদ্ধে রবিবার (১১ জুলাই) সকালে কুমিল্লা কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। দুপুরে আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।