,

গাজায় ইসরাইলি হামলায় নিহত আরও ৪৩ ফিলিস্তিনি

আজকের কুমিল্লা ডট কম :
June 24, 2025
news-image

ডেস্ক রিপোর্ট:

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরাইলি সেনাবাহিনীর হামলায় কমপক্ষে ৪৩ জন নিহত হয়েছেন। সোমবার (২৩ জুন) নিহতদের মধ্যে ২০ জন ত্রাণপ্রার্থী ছিলেন, যারা যুক্তরাষ্ট্র ও ইসরাইল-সমর্থিত বিতর্কিত গাজা হিউম্যানিটেরিয়ান ফাউন্ডেশন (জিএইচএফ)-পরিচালিত বিতরণ কেন্দ্রগুলোতে ত্রাণ নিতে গিয়েছিলেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা ফিলিস্তিনি মেডিকেল সূত্রের বরাতে এই তথ্য জানিয়েছে।

গাজা সিটির মেডিকেল সূত্রে জানা গেছে, সোমবার ভোর থেকে ইসরাইলি সেনাবাহিনীর অব্যাহত হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৩ জনে। এর ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে চলমান ইসরাইলের আগ্রাসনে নিহত ফিলিস্তিনির মোট সংখ্যা ৫৬ হাজার ছাড়িয়ে গেছে।

নিহতদের মধ্যে অন্তত ২০ জন ত্রাণপ্রার্থী ছিলেন, যারা জিএইচএফ-এর ত্রাণ বিতরণ কেন্দ্রে সাহায্য নিতে গিয়েছিলেন। এই সংস্থাটি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সমর্থন পায়, তবে এর কার্যক্রম নিয়ে বিতর্ক রয়েছে। জাতিসংঘ ইতিমধ্যে জিএইচএফ-কে রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহারের অভিযোগ এনে তীব্র নিন্দা জানিয়েছে।

জিএইচএফ গত ২৭ মে থেকে গাজায় ত্রাণ বিতরণ শুরু করলেও, এরপর থেকে ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর ইসরাইলি হামলায় চার শতাধিক মানুষ নিহত এবং প্রায় এক হাজার জন আহত হয়েছেন।

আল-জাজিরার গাজা সিটি থেকে সংবাদদাতা হানি মাহমুদ জানান, ইসরাইল একদিকে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়ে থাকলেও অন্যদিকে গাজা উপত্যকাজুড়ে বিমান হামলা চালিয়ে ফিলিস্তিনি নাগরিকদের হত্যা অব্যাহত রেখেছে।

তিনি আরও উল্লেখ করেন, রাফা বা নেটজারিম করিডোরের খাদ্য বিতরণ কেন্দ্রগুলোতে ক্ষুধার্ত মানুষ জড়ো হচ্ছে। ইতিমধ্যে ১৩ জন ত্রাণপ্রার্থীকে গুলি করে হত্যা করা হয়েছে। সোমবার ভোর থেকে ইসরাইলি হামলায় নিহত ৩০ ফিলিস্তিনির মধ্যে এদেরও গণনা করা হয়েছে।