পদুয়ার বাজার বিশ্বরোডে সামান্য বৃষ্টিতেই জলাবদ্ধতা, দুর্ভোগে জনসাধারণ
কুমিল্লা নগরীর ২২ নম্বর ওয়ার্ডের পদুয়ার বাজার বিশ্বরোড এলাকায় সামান্য বৃষ্টিতেই সৃষ্টি হয় চরম জলাবদ্ধতা। শনিবার দুপুরে হঠাৎ বৃষ্টিপাতের পরপরই রাস্তায় পানি জমে যায়, ফলে সাধারণ মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তির শিকার হন।
স্থানীয় ব্যবসায়ী মোঃ রুবেল দৈনিক আজকের কুমিল্লাকে জানান, “এখানে শত শত ব্যবসাপ্রতিষ্ঠান রয়েছে। সামান্য বৃষ্টি হলেই পানি জমে যায়, এতে ব্যবসা-বাণিজ্যে মারাত্মক সমস্যা হয়। দীর্ঘদিন ধরে আমরা এই দুর্ভোগ সহ্য করছি। সিটি কর্পোরেশনের উচিত দ্রুত কার্যকর ব্যবস্থা নেওয়া।”
এ বিষয়ে কুমিল্লা সিটি কর্পোরেশনের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আবদুল হান্নান বলেন, “আমরা বিষয়টি জানি। পানি নিষ্কাশনের জন্য দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।”
স্থানীয়রা আশা করছেন, সিটি কর্পোরেশন দ্রুত কার্যকর ব্যবস্থা গ্রহণ করবে যাতে সামান্য বৃষ্টিতেই আর জনভোগান্তির সৃষ্টি না হয়।