মঙ্গলবার, ২রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

পরিবারের জিম্মায় শাওন ও সাবাকে ছেড়ে দিলো ডিবি

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৭, ২০২৫
news-image

পরিবারের জিম্মায় শাওন ও সাবাকে ছেড়ে দিলো ডিবি

ডেস্ক রিপোর্ট:

অভিনেত্রী ও গায়িকা মেহের আফরোজ শাওন এবং অভিনেত্রী সোহানা সাবাকে ব্যাপক জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাদের ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। পরে তাদের নিজ নিজ পরিবারের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

শুক্রবার (৬ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)-এর মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, জিজ্ঞাসাবাদ শেষে দুজনকেই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত ১৫ জানুয়ারি কলকাতার হোটেল পার্কে একটি সভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে সরাসরি এবং ভার্চুয়ালি অংশগ্রহণকারীদের মধ্যে শাওনের নাম উঠে আসে। এরপর তাকে গোয়েন্দা নজরদারিতে রাখা হয়। বৃহস্পতিবার সন্ধ্যায় রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্রের অভিযোগে তাকে আটক করা হয়। রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে তাকে মিন্টো রোডের ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়।

এর আগে একই দিন সন্ধ্যায় শাওনের জামালপুরের নরুন্দি রেলওয়ে সংলগ্ন বাড়িতে স্থানীয় ছাত্র-জনতা অগ্নিসংযোগ করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে তাকে আটক করা হয়।

অন্যদিকে, বৃহস্পতিবার রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডি এলাকা থেকে অভিনেত্রী সোহানা সাবাকেও আটক করে ডিবি কার্যালয়ে নিয়ে যাওয়া হয়। ডিবি সূত্রে জানা গেছে, সোহানা সাবার বিরুদ্ধেও দেশবিরোধী ষড়যন্ত্রের অভিযোগ রয়েছে। তিনি আওয়ামী লীগপন্থি শিল্পীদের হোয়াটসঅ্যাপ গ্রুপ ‘আলো আসবেই’-এর সক্রিয় সদস্য ছিলেন।

উভয় অভিনেত্রীকে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পরিবারের কাছে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। তবে এই ঘটনার ব্যাপারে আরও তদন্ত চলছে বলে জানা গেছে।