,

ব্রাহ্মণবাড়িয়ায় স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ায় স্বামীর আত্মহত্যা

আজকের কুমিল্লা ডট কম :
April 22, 2022
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

স্ত্রী অন্যের সঙ্গে পালিয়ে যাওয়ায় নেশাগ্রস্ত হয়ে একাধিকবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা চালায় প্রদীপ দাস নামে এক যুবক। অবশেষে বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলওয়ে পশ্চিম কলোনি এলাকার আমগাছ থেকে তার ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত প্রদীপ দাস ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার কুলিবাগান এলাকায় বসবাস করে ভাসমান সুইপারের কাজ করতেন।

স্থানীয়দের বরাত দিয়ে আখাউড়া থানার ওসি (তদন্ত) সঞ্জয় কুমার সরকার বলেন, ওই যুবক ভাসমান (পরিচ্ছন্নতাকর্মী) সুইপার ছিলেন। তার স্ত্রী অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যাওয়ার পর থেকে সে মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ে।

ইতোমধ্যে একাধিকবার ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করলে স্থানীয়রা তাকে রক্ষা করেন। বৃহস্পতিবার তার ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।