,

আনোয়ার চৌধুরীর ওপর হামলা: মুফতি হান্নানসহ তিনজনের মৃত্যুদণ্ড বহাল

আজকের কুমিল্লা ডট কম :
February 11, 2016

anuঢাকা: চারদলীয় জোট সরকারের আমলে সিলেটে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর হামলা মামলার আপিলে নিম্ন আদালতের রায় বহাল রেখেছেন সুপ্রিমকোর্টের আপিল বিভাগ।

নিম্ন আদালতের রায়ের বিরুদ্ধে করা আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ রায় বহাল রাখেন।

উল্লেখ্য, বিএনপির নেতৃত্বাধিন চারদলীয় জোট সরকারের সময় ২০০৪ সালের ২১ মে সিলেটের হযরত শাহজালাল (রা.) এর মাজারে তৎকালীন ব্রিটিশ হাই কমিশনার আনোয়ার চৌধুরীর ওপর গ্রেনেড হামলা করা হয়। হামলায় আনোয়ার চৌধুরী, সিলেট জেলা প্রশাসকসহ প্রায় অর্ধ শতাধিক ব্যক্তি আহত হন। এ ঘটনায় পুলিশের দুই কর্মকর্তাসহ তিনজন নিহত হয়।

ঘটনার দিন অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করে কোতোয়ালি থানা পুলিশ। মামলার তদন্ত শেষে ২০০৭ সালের ৩১ জুলাই মুফতি হান্নানসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। এরপর সম্পূরক অভিযোগপত্র দিয়ে মাঈন উদ্দিন ওরফে আবু জান্দালের নামও অন্তর্ভুক্ত করে আবার অভিযোগ গঠন করা হয়।

বিচার শেষে ২০০৮ সালের ২৩ ডিসেম্বর বিচারিক আদালত মুফতি হান্নান, শরীফ শাহেদুল আলম ওরফে বিপুল ও দেলোয়ার হোসেন ওরফে রিপনকে ফাঁসির সাজা দেন।

মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান ওরফে মফিজ এবং মুফতি মঈন উদ্দিন ওরফে আবু জান্দালকে যাবজ্জীবন কারাদণ্ডাদেশ দেয়া হয়।

নিয়ম অনুসারে মৃত্যুদণ্ড নিশ্চিত করতে প্রয়োজনীয় নথি নিম্ন আদালত থেকে উচ্চ আদালতে হাইকোর্টে আসে। পাশাপাশি ২০০৯ সালে এ মামলার সাজাপ্রাপ্ত আসামিরা আপিলও করেন। দীর্ঘ ৭ বছর পর গত ৬ জানুয়ারি এ মামলায় হাইকোর্টে শুনানি শুরু হয়।