,

পবিত্র লাইলাতুল বরাত ২১ এপ্রিল

আজকের কুমিল্লা ডট কম :
April 14, 2019
news-image

 

ডেস্ক রিপোর্টঃ

দেশের কোথাও শনিবার সন্ধ্যায় শাবান মাসের চাঁদ দেখা যায়নি। এজন্য আজ রোববার রজব মাসের ৩০ দিন পূর্ণ হচ্ছে। আগামীকাল সোমবার থেকে শাবান মাস গণনা শুরু। সেই হিসাবে আগামী ২১ এপ্রিল রোববার দিবাগত রাতে পবিত্র লাইলাতুল বরাত পালিত হবে।

বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে শনিবার সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপতিত্ব করেন ধর্মবিষয়ক প্রতিমন্ত্রী শেখ মো. আবদুল্লাহ।

শাবান মাসের ১৫তম রাতে (১৪ শাবান দিবাগত রাত) লাইলাতুল বরাত বা শবেবরাত পালিত হয়। সেই হিসাবে ২১ এপ্রিল দিবাগত রাতই লাইলাতুল বরাতের রাত। পরদিন বাংলাদেশে নির্বাহী আদেশে সরকারি ছুটি। শাবান মাস শেষেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের আনন্দ বার্তা নিয়ে শুরু হয় সিয়াম সাধনার মাস রমজান।

সভায় ধর্ম প্রতিমন্ত্রী জানান, সব জেলা প্রশাসন, ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়, বিভাগীয় ও জেলা কার্যালয়, বাংলাদেশ আবহাওয়া অধিদফতর, মহাকাশ গবেষণা ও দূর অনুধাবন কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী শনিবার বাংলাদেশের আকাশে ১৪৪০ হিজরির শাবান মাসের চাঁদ দেখা যায়নি।

‘ভাগ্য রজনী’ হিসেবে পরিচিত লাইলাতুল বরাতের পুণ্যময় রাতটি বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুসলমানরা নফল নামাজ, কোরআন তেলাওয়াতসহ ইবাদত বন্দেগির মাধ্যমে কাটিয়ে থাকেন।