,

চৌদ্দগ্রামে কবরস্থানে রেখে যাওয়া বৃদ্ধ মহিলাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করলো পুলিশ

আজকের কুমিল্লা ডট কম :
August 22, 2019
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চৌদ্দগ্রামের ধোড়করা-চাঁনকার দীঘি সড়কের পাশে পাঠানপাড়ার একটি কবরস্থানে চারদিন আগে অজ্ঞাতনামা এক বৃদ্ধ মহিলাকে (৬৮) রেখে যায় তার স্বজনরা। সড়ক থেকে মহিলাকে স্পষ্টভাবে দেখা না যাওয়ায় প্রথমদিকে ঘটনাটি জানাজানি হয়নি। বৃহস্পতিবার বিকেলে সাংবাদিকদের মাধ্যমে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ্ আল মাহফুজের নির্দেশে মহিলাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে পুলিশের একটি টিম। মানবতার কাজ করায় উৎসুক জনতা পুলিশকে ধন্যবাদ জানান।

স্থানীয়রা জানায়, কে বা কাহারা চারদিন আগে খুরশিদা বেগম নামের বৃদ্ধ মহিলাটিকে কবরস্থানে রেখে যায়। এসময় তার পাশেই চার প্যাকেট খাবার, চারটি পানির বোতল, একটি মশার কয়েল ছিল। মহিলাটি কথা বলতে পারে। কিন্তু নিজের নাম, গ্রাম বা অন্য পরিচয় কারও কাছে বলে না। বিশেষ করে ছেলেদের নাম জিজ্ঞেস করলে ক্ষিপ্ত হয়ে উঠে এবং বলে- ক্যান্টনমেন্ট (কুমিল্লা) এলাকার মেহেরাজের জামাই রায়হান ও বিজয়পুরের সবুজের বাপে জানে। আর কিছুই বলতে চান না তিনি।

গত চারদিন আশ-পাশের মহিলারা খাবার নিয়ে আসলে তিনি নেন এবং সময় মতো খান। এক পর্যায়ে বৃহস্পতিবার বিকেলে খবর পেয়ে চৌদ্দগ্রাম থানার ওসি আবদুল্লাহ্ মাহফুজের নির্দেশে  বৃদ্ধ মহিলাকে উদ্ধার শেষে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এ ব্যাপারে কনকাপৈত পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই কামাল হোসেন জানান, ‘খবর পেয়ে বৃদ্ধ মহিলাকে উদ্ধার শেষে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে’।